ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাংলাদেশের সাঁতারুরা ঔজ্জ্বল্য ছড়িয়েছে সুইমিং পুলে। রোববার বাংলাদেশের ৫টি সোনার মধ্যে ৪টিই এসেছে পুরুষ বিভাগে। যেখানে ৫০ মিটার ফ্রি স্টাইল জিতে দ্রুততম সাঁতার হয়েছেন বাংলাদেশের নজরুল ইসলাম। আর মেয়েদের বিভাগে দ্রুততম জল মানবী পশ্চিমবঙ্গের মোনালিসা মন্ডল।
আগের দিন সাঁতারের ১২টি ইভেন্টের ৭টিতে সোনা জিতলেও রোববার সেই আধিপত্য বজায় রাখতে পারেনি বাংলাদেশ। ১০ ইভেন্টের সোনা ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। সব মিলিয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সাঁতারের ১৪টি ইভেন্টে ১২টি সোনা ১১টি রূপা ও ৮টি ব্রোঞ্জ জিতে শীর্ষে আছে বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গ ৯টি সোনা, ১০টি রূপা ও ১১টি ব্রোঞ্জ জিতেছে।
দিনের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৫.৩১ সেকেন্ড সময় নিয়ে নজরুল ইসলামের সোনা জয়। এই দ্রুততম মানবের লক্ষ্য এসএ গেমস, "এসএ গেমসে সোনা জেতাটাই আমাদের দেশের সাঁতারুর স্বপ্ন থাকে। কিন্তু এখানে প্রধান সমস্যা অনুশীলনের সমস্যা; উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা না গেলে আমাদের পক্ষে বেশিদূর যাওয়া সম্ভব নয়।"
আরেকটি সুখবর হচ্ছে, রুবেল রানা তৃতীয় সোনা জিতেছেন। আগের দিন দুটো সোনা জেতার পর রোববার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ১৬.৭২ সেকেন্ডে সোনা জিতেছেন এই সাঁতারু। জুয়েল আহমেদ ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৯.৪৬ সেকেন্ডে নিজের দ্বিতীয় সোনা জিতেছেন। ২০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে বাংলাদেশের জাহাঙ্গীর আলম সোনা জিতেছেন ২ মিনিট ৩১.৮০ সেকেন্ড টাইমিং করে। একই ইভেন্টে মেয়েদের বিভাগে ডলি আক্তার দ্বিতীয় সোনা জিতেছেন ৩ মিনিট ৫.৩০ সেকেন্ডে। এই হচ্ছে বাংলাদেশের ৫টি সোনার হিসাব।
পশ্চিবঙ্গ জিতেছে ৫টি। মোনালিসা মন্ডল ৫০ মিটার ফ্রি স্টাইল জিতেছেন ২৯.৪৩ সেকেন্ড সময় নিয়ে। তিনি আরো দুটো সোনা জিতেছেন ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে (১ মিনিট ১৫.৬৯ সেকেন্ডে) এবং ১০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে (১ মি. ০৯.৯৪ সে.)। আগেরদিনের দুটোসহ মোট ৫টি সোনা জিতে এই তরুণীই অনেকটা এগিয়ে নিয়েছেন পশ্চিমবঙ্গকে। এছাড়া তাদের আকবর আলী মীর দুটো সোনা জিতেছেন ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোক (১মি.১.৯৭সে.) ও ৪০০ মিটার ফ্রি স্টাইলে (৪মি. ২৮.৩৭সে.)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২৫ঘ.
bdnews24