ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পর্দা উঠলো
দুই বাংলার ক্রীড়া প্রতিযোগিতা ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে খেলাধুলাসহ সব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ আর পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কমলেশ চট্টোপাধ্যায়।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, "বিশ্বায়নের এ যুগে আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে খেলাধুলাতেও।"
অতিথিদের কর্মকর্তা কমলেশ চট্টোপাধ্যায় তার বক্তৃতায় এখানকার আপ্যায়ন, অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করলেন। তিনি বলেছেন, "কলকাতায় আয়োজিত গত আসরে আমাদের কিছু ভুল-ত্র"টি হয়েছিল। আশা করি এ আসর নির্ভুল ও সার্থক হবে।"
প্রতিযোগিতাটিকে ঘিরে অনেক প্রত্যাশা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানটিকে একরকম সাদামাটা বললে বাড়িয়ে বলা হবে না। নানা অসঙ্গতি আর ভুলচুকের মধ্যে এক শেষের আতশবাজির প্রদর্শনীটাই যা নজর কাড়ে। এর আগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়াবিদদের শপথবাক্য পাঠ করান সাবেক জাতীয় ক্রীড়াবিদ কামরুন্নাহার ডানা। তারপর হয় মার্চপাস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/এমএম/এসকে/১৯৫৬ঘ.
bdnews24