ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রায় ১০ মাস পিছিয়ে গেছে বাংলাদেশের এসএ গেমস। ২০০৯ সালের শুরুতে আয়োজনের কথা থাকলেও শুক্রবার নভেম্বর-ডিসেম্বরে আয়োজনের সূচী চূড়ান্ত হয়েছে। এছাড়া একাদশ এস এ গেমসের ১৫ টি ডিসিপ্লিনও চূড়ান্ত হয়ে গেছে। ঝুলে আছে আরো দুটি, যেগুলো স্বাগতিক হিসেবে পছন্দ করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার দক্ষিণ এশীয় অলিম্পিক কাউন্সিলের কর্মকর্তারা সভায় বসেন হোটেল শেরাটনে। সভা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ জানান ঢাকায় অনুষ্ঠেয় এস এ গেমস পিছিয়ে যাচ্ছে, " ঢাকায় একাদশ এসএ গেমস হবে আগামী ২০০৯ সালের নভেম্বর-ডিসেম্বরে।"
এছাড়া সভায় ভোটাভুটির মাধ্যমে আগামী এস গেমসের ১৫ টি ডিসিপ্লিন চূড়ান্ত হয়। ডিসিপ্লিনগুলো হচ্ছে, অ্যাথলেটিকস (পুরুষ ও মহিলা), সাঁতার (পুরুষ ও মহিলা), বক্সিং (পুরুষ), ফুটবল (পুরুষ ও মহিলা), ভারোত্তোলন (পুরুষ), শ্যুটিং (পুরুষ ও মহিলা), তায়কোয়ান্দো (পুরুষ ও মহিলা), কারাতে (পুরুষ ও মহিলা), উশু (পুরুষ ও মহিলা), হ্যান্ডবল (পুরুষ), আর্চারি (পুরুষ ও মহিলা), টেবিল টেনিস (পুরুষ ও মহিলা), কাবাডি (পুরুষ ও মহিলা), হকি (পুরুষ) ও স্কোয়াশ (পুরুষ)।
কাবাডি নিয়মিত হলেও শেষের দুটি ডিসিপ্লিন এস এ গেমসে অনিয়মিত। এবার অন্তর্ভূক্তির কারণটা কুতুব উদ্দিন আহমেদ ব্যাখ্যা করেছেন এভাবে, "এগুলো এসএ গেমসে অন্তর্ভুক্ত না করলে এশিয়ান গেমস থেকেও বাদ পড়ে যাবে। তখন বেশ সমস্যায় পড়বো আমরা। তাই এশিয়ান গেমসের কথা মাথায় রেখেই এই তিনটি ডিসিপ্লিনকে রাখা হয়েছে একাদশ এসএ গেমসে।"
ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় স্বার্থে কাবাডি নিয়মিত। পাক-ভারত স্বার্থে হকিকে রাখতে হবে। আর স্কোয়াশকে রেখে দেয়ার আরেকটা কারণ ভারত-পাকিস্তানের চাহিদা পূরণ। পাকিস্তান স্কোয়াশে বিশ্বসেরা। এই তিনটির মধ্যে বাংলাদেশের তরফে কাবাডিরই পদকের সম্ভাবনা উজ্জ্বল। ১৫টি ডিসিপ্লিনের মধ্যে নুতন সংযোজন হিসেবে থাকছে হ্যান্ডবল ও উশু।
তিন মাসের মধ্যে আরো দুটো ডিসিপ্লিন যোগ হবে বাংলাদেশের পছন্দ অনুযায়ী। পছন্দের তালিকায় টোয়েন্টি- টোয়েন্টি ক্রিকেট ও দাবাই নাকি শীর্ষে আছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছেন না কুতুব উদ্দিন। তবে এ নিয়ে আপাতত কোনো সংশয় নেই যে ১৭ টি ডিসিপ্লিন নিয়েই হবে একাদশ এসএ গেমস। প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে ভলিবল, বাস্কেটবল, কুস্তি, সাইক্লিং ও রোইং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৬০৮ ঘ.
bdnews24