বেলগ্রেড, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন দিনের ব্যবধানে আবার পরাজিত রিয়াল মাদ্রিদ! গত শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল বেটিসের কাছে ১-২ গোলে হেরে যাওয়া 'গ্যালাকটিকো'রা এবার হার মেনেছে রোমার কাছে। রোমের অলিম্পিক স্টেডিয়ামে এই হারও কাকতালীয়ভাবে ১-২ গোলে। প্রায় আড়াই মাস বিরতির পর মঙ্গলবার থেকে শুরু হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের শুরুটা তাই মোটেও ভালোও হয়নি রিয়ালের।
টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা হেরে গেলেও লিভারপুল পেয়েছে মধুর এক জয়। ঘরের মাঠ অ্যানফিল্ডে তারা ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। ৩০ মিনিটে মার্কো মাতেরাজ্জি দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ম্যাচের বাকি সময় দশ জন নিয়ে খেলতে হয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের অন্য দুই ম্যাচে এথেন্সে গ্রিসের অলিম্পিয়াকোসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। আর নিজেদের মাঠে জার্মানির শালকে ১-০ গোলে হারিয়েছে পোর্তোকে।
রোমে রিয়াল মাদ্রিদের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। অষ্টম মিনিটে তারা এগিয়ে যায় অধিনায়ক রাউলের গোলে। বাঁ দিক দিয়ে ঢুকে পড়া আরিয়েন রোবেনের ক্রস থেকে গুতির জোরালো শট রাউলের পায়ে লেগে দিক বদলে চলে যায় ইন্টারের জালে। তবে গোলটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২৪ মিনিটে ফ্রানসেস্কো টট্টির পাস খুঁজে পায় বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা মানচিনিকে। তার কাছ থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন ডেভিড পিজারো। সেটাই প্রতিপক্ষের এক জনের গায়ে লেগে বোকা বানিয়েছে রিয়ালের গোলকিপার ইকার ক্যাসিয়াসকে। রোমার জয়সূচক গোলেও অধিনায়ক টট্টির বড় ভূমিকা। মাঝ বৃত্তের কাছাকাছি বল ধরে দারুণ এক থ্রু ঠেলেছেন টট্টি। বলটা ধরে ঠান্ডা মাথায় ক্যাসিয়াসকে পরাস্ত করেছেন মানচিনি। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে এটাই রোমার প্রথম জয়। এর আগে অলিম্পিক স্টেডিয়ামে রিয়ালের কাছে টানা তিন ম্যাচ হেরেছিল তারা।
অ্যানফিল্ডে ইন্টারের ওপরে শুরু থেকেই আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে লিভারপুল। গত বিশ্বকাপের ফাইনালে জিদানকে প্ররোচিত করে খলনায়কে পরিণত হওয়া মাতেরাজ্জি এদিন আবারও খননায়ক, এবার অবশ্য নিজে লাল কার্ড দেখে। মাতেরাজ্জি মাঠ ছাড়ার পর তাদের আক্রমণের তীব্রতা বেড়েছে আরো। ফার্নান্দো তরেসের দুটো সুযোগ নষ্ট এবং একটা পেনাল্টির জোরালো আবেদন নাকচ হওয়ার পর অবশেষে ৮৫ মিনিটে ম্যাচের বন্ধ্যাত্ব ঘুচিয়েছেন ডার্ক কিউইট। আর শেষ মুহূর্তে প্রায় ২৫ মিটার দূর থেকে জোরালো শটে 'অলরেড' দের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক স্টিভেন জেরার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৩৫ঘ.
bdnews24