ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বয়স চুরির অপরাধে বাংলাদেশকে ৪ হাজার ডলার জরিমানা করেছে এএফসি। গত অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ দল বেশি বয়সী ফুটবলার খেলিয়েছে। যা মেডিকেল টেস্টে প্রমাণিত হওয়ায় দুদিন আগে এএফসি ডিসিপ্লিনারি কমিটি বাংলাদেশকে জরিমানা করেছে।
এএফসি সূত্রে জানা গেছে, গত সোমবার এই শাস্তির ঘোষণা দিয়েছে তারা। এএফসির এই টুর্নামেন্টের বাছাইপর্বে ১৬ বছরের বেশি বয়সী ফুটবলার খেলানোর অপরাধে ৮ টি দেশকে শাস্তি দেওয়া হয়েছে। তুলনামুলক কঠিন শাস্তি দিয়েছে উত্তর কোরিয়া, তাজিকস্তান ও ইরাককে; মূল পর্বে উঠা এই দলগুলোকে বহিস্কার করা হয়েছে টুর্নামেন্ট থেকে। শুধু তাই নয়, ৪ হাজার ডলার করে জরিমানাও গুনতে হবে তাদের।
বাছাই পর্ব উতরাতে পারলে বাংলাদেশের ভাগ্যেও তাই ঘটতো। সেখানে অবশ্য চারটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। লজ্জাকর এই ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে নতুন কলঙ্ক, বয়স চুরি। এএফসি সূত্র জানিয়েছে, বাছ্পাইপর্ব চলাকালীন খেলোয়াড়দের হাড়ের এম আর আই (মেগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করানো হয়েছিল। তাতেই ধরা পড়ে বয়স চুরি এবং ওই রিপোর্টের ওপর ভিত্তি করে ডিসিপ্লিনারি কোডের ২৬ (এফ) ধারা অনুযায়ী বাংলাদেশকে ৪ হাজার ডলার জরিমানা করা হয়েছে। একই অপরাধে অপরাধী বাছাইপর্ব উতরাতে না পারা কম্বোডিয়া, ভুটান, কিরঘিজস্তান ও ম্যাকাও।
শাস্তির ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো কিছু জানে না। বাফুফে মিডিয়া ম্যানেজার সাইদ আল ফাতাহ জানিয়েছেন, "আমি এখনো কিছু জানি না।" কোন কোন খেলোয়াড়কে মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল তাও জানাতে পারেননি মিডিয়া ম্যানেজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.
bdnews24