২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক প্রশ্ন আর বিতর্কের এক গেমস!

মশাল জ্বলবে না! আকর্ষনীয়তম ডিসিপ্লিন অ্যাথলেটিকস হবে জনবিচ্ছিন্ন এক ভেন্যুতে! এই উপায়েই খেলাধুলায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ২২ ফেব্র"য়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রায় সোয়া তিন কোটি টাকার ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের দ্বিতীয় আসর!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মশাল জ্বলবে না! আকর্ষনীয়তম ডিসিপ্লিন অ্যাথলেটিকস হবে জনবিচ্ছিন্ন এক ভেন্যুতে! এই উপায়েই খেলাধুলায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ২২ ফেব্র"য়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রায় সোয়া তিন কোটি টাকার ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের দ্বিতীয় আসর! সবই আশ্চর্য হওয়ার মতো। এবং ২২ ফেব্র"য়ারি থেকে ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত বিস্ময়কর এই গেমস উপহার দিচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। যার জন্মই হয়েছে বিতর্ক দিয়ে। একটি রাজ্যের সঙ্গে একটি দেশের প্রতিদ্বন্ধীতার গেমস এর আগে কখনো ক্রীড়াবিশ্ব দেখে নি। একটা রাজ্যের সঙ্গে দেশের লড়াই দিয়ে বিওএ'র উন্নয়নতত্ত্বও একেবারে বেমানান ও হাস্যকর দেখায়। এই হাস্যকর গেমসের প্রথম আসরে গতবছর বাংলাদেশ ৩০ টি সোনা, ৩৪ টি রূপা ও ১৮ টি ব্রোঞ্জ জিতে হেরে গেছে পশ্চিমবঙ্গের (৩৮ টি সোনা, ৩৪ টি রূপা ও ৩২ টি ব্রোঞ্জ) কাছে। যদিও এবার বাংলাদেশ দলের শেফ দ্য মিশন বিওএ উপ মহাসচিব দাবি করেছেন, "দীর্ঘ সাড়ে ৪ মাস ধরে ট্রেনিং হয়েছে। খুব ভাল ট্রেনিং হয়েছে। এবার ৪০টি সোনা জিততে পারবো বলে আমার বিশ্বাস।" কিন্তু এই সোনা জয়ের দৃশ্য দেখতে যাবে কজন, এ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। গেমসের সবচেয়ে আকর্ষনীয় ডিসিপ্লিন অ্যাথলেটিকস হবে জনবিচ্ছিন্ন ভেন্যু আর্মি স্টেডিয়ামে। ক্রীড়ার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক প্রস্তুত থাকার পরও ! যেখানে জনসাধারনের প্রবেশে নানা বিধিনিষেধ থাকে, বেশ জুটঝামেলা পেরিয়ে পৌঁছাতে হয় সেখানে কেন অ্যাথলেটিকস ? বিওএ-এর ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদের জবাব, "অতিথি অ্যথলেটিকস দল থাকবে বিকেএসপিতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসতে গেলে যানজটে পড়তে হবে। তাই আর্মি স্টেডিয়ামে অ্যাথলেটিকসের ভেন্যু করা হয়েছে।" তাহলে বিকেএসপিই হতে পারতো চমৎকার ভেন্যু, যেখানে যানজট নেই বরং ছায়াসুনিবিড় পরিবেশে অতিথিবৎসল হওয়ার দুর্দান্ত সুযোগ। আয়োজকরা এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থার মধ্যেই পড়েছিলেন সোমবার বিওএ আয়োজিত সংবাদ সম্মেলনে। আরেকটা বেখাপ্পা ব্যাপার হচ্ছে মশালহীন গেমস আয়োজন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিনের জবাবটি আরো বিস্ময়ের জন্ম দিয়েছে, "মশাল জ্বালালে নেভাতে পারবো না। কারণ সমাপনী অনুষ্ঠান হবে না।" আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে। তাতে প্যারাট্রুপার শো, লেজার শো, আতশবাজি, এমনকি ব্যান্ডশোর মতো নিয়মিত ব্যাপারটিও থাকবে। থাকবে না গেমসের চিরায়ত সৌন্দর্য্য মশাল প্রজ্জ্বলনের মুহুর্তটি। কারণ জ্বালালে যে নেবানো যাবে না! সামপনী অনুষ্ঠান যে হচ্ছে না! ৩ কোটি ১৭ লাখ টাকার এই আয়োজনে এটা কি একটা কলংক নয় ? সেটা বোধহয় আয়োজকরা মনে করছেন না। কারণ কুতুবউদ্দিন ওই বাজেটকে অনেক সাশ্রয়ী মনে করেন, "যতোটা কম খরচ ধরে এই আয়োজন করা হচ্ছে।" এরকম একটা অসম এবং বিস্ময়কর গেমস নামের আয়োজনের জন্য সোয়া ৩ কোটি টাকাও কম হয়ে গেছে! গত বছর কলকাতায় প্রথম আসরে প্রতিদ্বন্ধীতা হয়েছিল ৮টি ডিসিপ্লিনে-- অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, শ্যুটিং ও খো-খো। ওগুলোর সঙ্গে এবার যোগ হচ্ছে ক্রিকেট। অলিম্পিক ইভেন্ট না হলেও দুপক্ষই ক্রিকেটের ব্যাপারে রাজি। তাই ক্রিকেটের আধুনিকতম সংস্করণ টুয়েন্টি-টুয়েন্টি দিয়ে সোনার নিষ্পত্তি হবে। আগামী বুধবার ২৩১ সদস্যের পশ্চিবঙ্গ দল ঢাকায় এসে পৌঁছাবে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ক্রীড়াবিদরা একাকার হয়ে যাবেন। শুক্রবার থেকে আবার তারা পক্ষ-বিপক্ষ, যার শুরু হবে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.