ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডিএফএ বিতর্ক অবসানের জন্য বাফুফে সভাপতি এস এ সুলতান ও বিওএ'র প্রধান নির্বাহী গেছেন এএফসিতে। সোমবার রাতে যাবেন সাবেক ফুটবলার বাদল রায় ও সংগঠক মহিউদ্দন বুলবুল।
গত ৮/৯ মাস ধরে ডিএফএ নিয়ে এত সভা-সমিতি হয়েছে তাতে এর বিতর্কিত চরিত্র কারো অজানা থাকার কথা নয়। প্রথম বিতর্ক ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) তে সরকারী লোকজন না রাখার বিধান নিয়ে। এছাড়াও অবাস্তব আরও কিছু বিষয় আছে এতে। বিতর্কিত এই বিষয়গুলো শোধরাতেই এএফসি প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েছে বাংলাদেশের এই প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন বাফুফের বিতর্কিত সভাপতি এস এ সুলতান। বাফুফের বাইরে থাকা সংগঠকদের অভিযোগ, অনুযায়ী তিনিই ফিফাকে বাংলাদেশ সরকার সম্পর্কে ভুল বুঝিয়ে ডিএফএ-এর এই গঠনতন্ত্র তৈরি করেছেন। তাই তাকে দিয়েই সংশোধনের চেষ্টায় নেমেছে সরকার। সোমবার দুপুরে তার সঙ্গী হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহও গেছেন এএফসি সদর দপ্তর কুয়ালালামপুরে। রাতে যাবেন বাফুফের সাবেক সহকারী সম্পাদক বাদল রায় ও সংগঠক মহিউদ্দিন বুলবুল। তারা মঙ্গলবার দুপুরে এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সভায় বসবেন, তাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ডিএফএ-এর যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করবেন। মহিউদ্দিন বুলবুলের আশা, "আমরা হাম্মামকে বোঝাতে পারবো। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারকে বাদ দিয়ে ডিএফএ হলে খেলা চালানো কঠিন হয়ে যাবে, এটাই ওনার কাছে তুলে ধরবো আমি।" হাম্মান সন্তুষ্ট হলে তার সুপারিশ নিয়েই ফিফার কাছে যাবে ডিএফএ গঠনতন্ত্র সংশোধনের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.
bdnews24