মাদ্রিদ/লন্ডন/মিলান, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুটো ম্যাচের ফল একই, ২-১। কিন্তু একই ফলের দুই ম্যাচে সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হলো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল বেটিসের কাছে ১-২ গোলে হেরে গিয়ে বড় এক ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রিয়াল জারাগোজার মাঠে ২-১ গোলের জয় দিয়ে বার্সেলোনা এখন শিরোপা-পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর। ৮ পয়েন্ট থেকে কমে দু দলের মধ্যে এই মুহূর্তে ৫ পয়েন্টের ব্যবধান। ২৪টি করে ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৫৬ পয়েন্ট, আর বার্সেলোনার ৫১।
বার্সেলোনার জয়টা অবশ্য রেফারির আনুকূল্যে প্রাপ্ত। খেলার ধারার বিরুদ্ধে ৩৪ মিনিটে তারা এগিয়ে যায় থিয়েরি অঁরির গোলে। বিরতির দুই মিনিট আগে গোলটা শোধ করার সুযোগ এসেছিল জারাগোজার সামনে। কিন্তু পেনাল্টি থেকে ক্রসবার উঁচিয়ে মেরে সুযোগটা নষ্ট করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো। তবে ৫৩ মিনিটে স্বাগতিকদের হতাশা কাটিয়ে দিয়েছেন মিলিতোর স্ট্রাইকিং পার্টনার রিকার্ডো অলিভেইরা, গোলটা শোধ করে দিয়ে। ম্যাচটা যখন অমীমাংসিতভাবে শেষ হবে বলে মনে হচ্ছিল ঠিক তখনই রেফারির ভুলের সুবাদে পেনাল্টি পায় 'বার্সা'। বক্সের মধ্যে হুয়ানফ্রান কাঁধ দিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করলেও রেফারির কাছে তা মনে হয়েছে হ্যান্ডবল! ৮৩ মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি এ মৌসুমে ফর্মের সঙ্গে লড়াই করা রোনালদিনিয়ো।
বেটিসের মাঠে ষষ্ঠ মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার রয়স্টন ড্রেনথে। কিন্তু বিরতির আগেই এডু ও মার্ক গনজালেজের ল্যভেদ এগিয়ে দেয় বেটিসকে। স্বাগতিকরা দুটো গোলই পেয়েছে রিয়ালের দুই ডিফেন্ডার সার্জিও র্যামোস ও মার্সেলোর ব্যর্থতার সুযোগে। শেষ পর্যন্ত ২-১ গোলের লিড ধরে রেখেই জয় ছিনিয়ে নিয়েছে বেটিস।
ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনালকে দাঁড়াতেই দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা জিতেছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। 'রেড ডেভিল'দের পে দুটো গোল করেছেন ড্যারেন ফেচার। অন্য গোল দুটো ওয়েইন রুনি ও ন্যানির। আর্সেনালের পাশাপাশি এবারের মতো এফএ কাপকে বিদায় জানিয়েছে লিভারপুলও। ঘরের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয় বিভাগের দল বার্নসলির কাছে ১-২ গোলে হেরে বিস্ময়ের জন্ম দিয়েছে 'অলরেড'রা।
ইতালিয়ান সিরি 'এ'তে শীর্ষস্থান আরো সুসংহত করেছে ইন্টার মিলান। ডেভিড সুয়াজোর দুই গোলে লিভরনোকে ২-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের সবচেয়ে বড় ম্যাচে রোমা ০-১ গোলে হেরে গেছে জুভেন্টাসের কাছে। 'জুভ'দের জয়সূচক গোলদাতা আলেসান্দ্রো দেল পিয়েরো। ২৩ ম্যাচে ইন্টারের সংগ্রহ ৫৯ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রোমা ও জুভেন্টাসের পয়েন্ট যথাক্রমে ৪৮ ও ৪৭। পারমার সঙ্গে গোলশূন্য ড্র করা এসি মিলান ৩৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৭ঘ.
bdnews24