ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এক রুমে কান্নার রোল। পাশের রুমে তখন চলছে নান্নুর ফটোসেশন। কিছুক্ষণ আগে মানুষটি পৃথিবীর মায়া ত্যাগ করলেও ফটোসাংবাদিকরা এই বিখ্যাত ফুটবলারের ছবিগুলোকে মায়ার বাঁধনে ধরে রাখতে চাইছেন। আবারো ক্যামেরার ফ্লাশে উদ্ভাসিত মধ্য তিরিশের ফ্যাশনদুরস্ত যুবকটি। লম্বা চুল আর মারকাটারি ফিগারের মধ্যে চোখ দুটো উঁকি মারছে ধ্র"বতারা হয়ে। আর পায়ে নাচাচ্ছেন ফুটবল। ছবিটাই বলে দিচ্ছে, যৌবনটা কীভাবে ফুটবল-প্রেমে কেটেছিল মনোয়ার হোসেন নান্নুর।
সেই মানুষটি আজ কফিনে শুয়ে আছেন নিথর শরীর নিয়ে। দীর্ঘ ৯ বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে ক্লান্ত এই শরীর। শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার পারিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে নান্নুর মৃত্যু হয়। সেই ১৯৯৮ সালে তার ক্যান্সার ধরে পড়ে, তারপর দেশে-বিদেশে চিকিৎসা করিয়েও ৫৯ বছরের বেশি বাঁচতে পারেননি। নান্নু স্ত্রী, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন নান্নু। জাতীয় দলের হয়ে তিনি দেশ-বিদেশে মনে রাখার মতো অসংখ্য ম্যাচ খেলেছেন। আগা খান গোল্ডকাপ, মারদেকা কাপসহ দেশ ও দেশের বাইরের বহু ফুটবল টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন নান্নু। ঘরোয়া ফুটবলে তাকে সবাই "আবাহনীর নান্নু" নামেই চিনতো। কারণ
১৯৭৪ থেকে '৮২ সাল পর্যন্ত তিনি ছিলেন আবাহনীর অপরিহার্য খেলোয়াড়। আবাহনীতে যোগ দেয়ার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবেও খেলেছেন নান্নু। আবাহনী ছেড়ে ১৯৮৩ সালে যোগ দিয়েছিলেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে। ঘরোয়া লিগে সেটাই ফুটবলার নান্নুর শেষ বছর। পরের বছর আবাহনীতে ফিরেছিলেন। তবে শনিবার আবাহনীর কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সাবেক সাংসদ হারুনুর রশিদ জানালেন," ফিরলেও নান্নু আর খেলেননি।"
প্রথম লিগ শিরোপা জয় থেকে শুরু করে আবাহনীর অনেক সাফল্যের নায়ক মনোয়ার হোসেন নান্নু। অনেকের মতে বাংলাদেশের ফুটবলের সেই স্বণর্যুগে দেশের ফুটবলের প্রাণ ছিল আবাহনী-মোহামেডান লড়াই। সে লড়াইয়ে এক সময় দ ুদলের নেতৃত্বে ছিলেন দু ভাই। একদিকে আবাহনীর নেতৃত্বে মনোয়ার হোসেন নান্নু, অন্যদিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে তারই ছোটভাই মঞ্জু। দুজনই ছিলেন রক্ষণভাগের খেলোয়াড়। নান্নু অবশ্য ক্যারিয়ার শুরু করেছিলেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। পরে রক্ষণভাগের খেলোয়াড় হয়ে দীর্ঘদেহী নান্নু গ্ল্যামার,পারফরম্যান্স আর নেতৃত্বগুণে পেয়েছিলেন তারকা মর্যাদা। প্রিয় বন্ধুকে স্মরণ করতে গিয়ে বাষ্পরুদ্ধ কন্ঠে কাজী সালাউদ্দিন বলেছেন, "আমার দেখা সেরা পাঁচ মিডফিল্ডারের একজন সে। তার মতো নিখুঁত পাস দিতে পারতো এমন খেলোয়াড় খুব কমই ছিল। আর ডিফেন্ডার হিসেবে অসাধারণ স্লাইডিং ট্যাক্ল করতো, যা তখন শুধু ইউরোপে দেখা যেতো।"
এত খ্যাতির পরও একটু আক্ষেপ হয়তো লুকিয়ে থাকতে পারে নান্নুর মনের কোনে। জাতীয় দলের অধিনায়কত্ব করতে না পারার আক্ষেপ। ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসগামী বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত হলেও শেষ পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলাদলিতে তার আর আর্মব্যান্ড পড়া হয়নি। নান্নুসহ আবাহনীর ৭ ফুটবলারই সেবার জাতীয় দলে খেলেননি। কেবল একবারই বাংলাদেশ দলের হয়ে বিদেশ সফর করেছেন তিনি, ১৯৭৩ সালে মারদেকা কাপে।
নান্নুর মৃত্যুর খবর শুনে শনিবার সকাল থেকে আবাহনীর খেলোয়াড়-কর্মকর্তাসহ দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ছুটে যান তার উত্তরার বাসায়। তার প্রথম নামাজে জানাজা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সোনালী অতীত ক্লাবে। দেশের ফুটবলের এই কৃতী সন্তানের প্রতি সবাইকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে বেশ কিছুক্ষণ মরদেহ সেখানে রাখা হয়। তারপর তার প্রিয় ক্লাব আবাহনীতে দ্বিতীয় নামাজে জানাজা হয় নান্নুর। জানাজা শেষে বিকেল চারটায় মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবি গোরস্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং মাগরেবের ঠিক আগে সেখানেই চিরনিদ্রায় শায়িত হন মনোয়ার হোসেন নান্নু।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে, আবাহনী লিমিটেড, মোহামেডান, সোনালী অতীতসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন। শোক প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক সাংসদ মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এই সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/আরএ/জিএনএ/এসি/১৭০৩ ঘ.
bdnews24