২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগ নিয়ে ফেডারেশনের ওপর ভরসা করতে পারছে না ক্লাবগুলো

বি. লিগকে ঘিরে ফুটবলারদের আগ্রহ-উৎসাহটা ব্যাপক হলেও ক্লাবগুলোর সংশয় লিগের আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে। ক্লাব কর্মকর্তাদের চোখে এই ফেডারেশন হচ্ছে একটি "প্রতিবন্ধী কমিটি", যারা বাংলাদেশের ফুটবলকে অরক্ষিত রেখে নিজেদের চেয়ার সুরক্ষার দিকে বেশি মনযোগী। তাদের দিয়ে বি. লিগ হবে এবং সর্বাঙ্গ সুন্দর হবে, এ ব্যাপারে দারুণ সন্দিহান ক্লাবগুলো। তাই লিগের দলবদলের সূচী নির্ধারিত হলেও ক্লাবগুলোর কোনো নড়চড় নেই; আস্থাহীনতা আর অবিশ্বাসে ভুগছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বি. লিগকে ঘিরে ফুটবলারদের আগ্রহ-উৎসাহটা ব্যাপক হলেও ক্লাবগুলোর সংশয় লিগের আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে। ক্লাব কর্মকর্তাদের চোখে এই ফেডারেশন হচ্ছে একটি "প্রতিবন্ধী কমিটি", যারা বাংলাদেশের ফুটবলকে অরক্ষিত রেখে নিজেদের চেয়ার সুরক্ষার দিকে বেশি মনযোগী। তাদের দিয়ে বি. লিগ হবে এবং সর্বাঙ্গ সুন্দর হবে, এ ব্যাপারে দারুণ সন্দিহান ক্লাবগুলো। তাই লিগের দলবদলের সূচী নির্ধারিত হলেও ক্লাবগুলোর কোনো নড়চড় নেই; আস্থাহীনতা আর অবিশ্বাসে ভুগছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত বুধবার বি. লিগের দলগুলোর বরাবরে চিঠি দিয়েছে। দলবদলের নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে দলবদলের প্রস্তুতি নেওয়ার জন্য। চিঠিতে ১৫ এপ্রিল থেকে দ্বিতীয়বারের মতো পেশাদার লিগ শুরুর কথাও উল্লেখ আছে। কিন্তু এই চিঠি ক্লাবগুলোকে খুব একটা তৎপর করতে পারেনি। উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, " বাফুফেতে এখন যে ভাঙ্গাচোরা প্রতিবন্ধী কমিটি আছে তাদের ওপর ভরসা করতে পারছি না আমরা। তারা আদৌ লিগ আয়োজন করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। প্রচুর টাকা-পয়সা দিয়ে দলগঠনের পর মাঝপথে গিয়ে আমাদের বিপদে ফেলবে না তার গ্যারান্টি কি।" একই ধরনের অবিশ্বাস কাজ করছে শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীর মধ্যেও। তিনি বাফুফে প্রেরিত ফুটবলের বর্ষপঞ্জীসহ চিঠিটি আমলে নেওয়ার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, "এমন একটা কমিটি বর্ষপঞ্জি পাঠিয়েছে যাদের দেহ নেই। আগে যেখানে পূর্ণাঙ্গ কমিটি ব্যর্থ হয়েছে সেখানে এদের বর্ষপঞ্জিকে আমলে নেওয়ার কোনো যুক্তি নেই। তাছাড়া যখন একমাস পর বাফুফে নির্বাচন তখন তো বি. লিগের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থেকেই যায়।" ফিফার প্রেসক্রিপশন মেনে আগামী এপ্রিলের মধ্যে বাফুফে নির্বাচন। এ নিয়েই যাবতীয় উত্তেজনা বাফুফের এই ক্ষয়িষ্ণু কমিটির লোকজনের। বিতর্কিত ডিএফএ গঠন ও তার পক্ষে সাফাই গাওয়া এবং নিজেদের পছন্দমতো কাউন্সিলর নিয়ে আসার ব্যবস্থা করছেন তারা। আসলে মাঠের ফুটবলের চেয়ে যখন নির্বাচন, বাফুফের চেয়ার মুখ্য হয়ে যায় তখন সংশয়-সন্দেহ দানা বাঁধে বৈকি। সঙ্গে যোগ হয়েছে নেতৃত্বহীন কমিটিকে নিয়ে সংশয়। যে কমিটির গুরুত্বপূর্ণ সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী সধারণ সম্পাদক পদত্যাগী। অবশিষ্ট ১৮ জনের কমিটির মধ্যে সভাপতি এস এ সুলতান থেকেও নেই। সহ সভাপতি দস্তগীর চৌধুরীর ঠিকানা এখন শ্রীঘর আর অকার্যকর হয়ে আছেন কোষাধ্যক্ষ শাহ আলম চৌধুরীসহ বেশ কয়েকজন সদস্য। সুতরাং মেয়াদোত্তীর্ণ এই বিকলাঙ্গ কমিটির ওপর ভরসা রাখবে কীসের জোরে ! ভরসার কথা উঠলে চলে আসে লিগ স্পনসরের ব্যাপারটি। এ নিয়ে আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, "ক্লাবগুলোর সঙ্গে লিগ কমিটির সভায় কিছু পয়েন্ট দিয়েছিলাম আমরা। যেমন ফুটবল দল গঠনের পৃষ্ঠপোষকতার অর্থ যেন ট্যাক্সমুক্ত হয় তার ব্যবস্থা করতে বলেছিলাম। এছাড়া বি. লিগের স্পনসরের নাম ঘোষণা করতে হবে আগেই, এটাও আমাদের দাবি ছিল।" প্রথম বি. লিগেও ক্লাবগুলোকে স্পনসর-মানির লোভ দেখিয়ে শেষপর্যন্ত স্পনসরই খুঁজে যোগাড় করতে পারেনি বাফুফে। তাই আর লোভে পড়তে চান না লোকমান হোসেন, "আগে স্পনসরের ঘোষণা, তারপর লিগ। কারণ ক্লাবগুলোর আর্থিক অবস্থাও মোটেও সুবিধার নয়।" ব্রাদার্স অবশ্য প্রশ্ন তুলেছে বি. লিগের যৌক্তিকতা নিয়ে। প্রথম পেশাদার লিগের অভিজ্ঞতা থেকে ব্রাদার্স ম্যানেজার আমের খানের প্রশ্ন, "যে লিগ দিয়ে দেশের ফুটবলারদের উপকার হয় না, ফুটবলের উপকারে আসে না সেই লিগের কোনো দরকার নেই। প্রথম কথা হলো বাফুফেরই পেশাদারিত্ব নেই। ক্লাবগুলো ঠিকমতো খেলোয়াড়দের টাকা দিতে পেরেছে কিনা সে খবর তো তারা রাখে না। কোনো কিছুই যেখানে পেশাদারী ঢঙে চলে না সেখানে পেশাদার লিগের মানে কী ?" আসলে তাই! প্রথম পেশাদার লিগের পেশাদারীত্ব নিয়ে হাজারো প্রশ্ন তোলা যায়। কিন্তু তার উত্তর দেবে কে? যিনি সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালও এখন বাফুফে-ছাড়া। নেই বি. লিগ কমিটির প্রথম সভাপতি কাজী সালাউদ্দিনও, যাকে দেখে ক্লাবগুলো বি. লিগে সায় দিয়েছিল শুরুতে। মানে যার যেখানে থাকার কথা তিনি সেখানে নেই। তাই আস্থাহীনতা প্রকট হয়েছে ক্লাবগুলোর মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৪৫ঘ.