২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে নির্বাচন চাইছেন সালাউদ্দিন-চুন্নুরাও

ফুটবলের নির্বাচন নিয়ে বিতর্কটা ছিল দ্বিপাক্ষিক। বুধবার দাঁড়িয়ে গেছে নতুন একটা পক্ষ এবং মজার ব্যাপার হচ্ছে, তারাও বাফুফে কর্তাদের সুরেই নির্বাচনের গান ধরেছে। ফিফার গাইড-লাইন মেনে শিগগিরই বাফুফে নির্বাচনের দাবি জানিয়েছে নব আবিস্কৃত সালাউদ্দিন-চুন্নুর নেতৃত্বাধীন পক্ষটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফুটবলের নির্বাচন নিয়ে বিতর্কটা ছিল দ্বিপাক্ষিক। বুধবার দাঁড়িয়ে গেছে নতুন একটা পক্ষ এবং মজার ব্যাপার হচ্ছে, তারাও বাফুফে কর্তাদের সুরেই নির্বাচনের গান ধরেছে। ফিফার গাইড-লাইন মেনে শিগগিরই বাফুফে নির্বাচনের দাবি জানিয়েছে নব আবিস্কৃত সালাউদ্দিন-চুন্নুর নেতৃত্বাধীন পক্ষটি। আপাতভাবে তাদের দাবি আর বাফুফে কর্মকর্তাদের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও বুধবার এই পক্ষটি জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলনকক্ষে আলাদাভাবে সংবাদ সম্মেলন করে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন করেই বাফুফে নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তাতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তিনি বলেছেন, "ফুটবল আজ চরম অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কতিপয় প্রাক্তন খেলোয়াড় ও কিছু সংগঠকের মধ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন নিয়ে মতবিরোধ পরিস্থিতিকে আরো ত্বরান্বিত করেছে।" এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের ফুটবলের ওপর ফিফার নিষেধাজ্ঞার আশংকাও করেছেন। বাফুফের বর্তমান কমিটির সাবেক সহ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "আমি চাই ১০ মাস মাঠে খেলা হোক। সেজন্য শিগগির নির্বাচন দিয়ে একটা কমিটির হাতে দায়িত্ব ছেড়ে দিতে হবে।" কিন্তু নির্বাচনের পথে বড় বাঁধা সরকার বিচ্যুত ডিএফএ, যার প্রতিবাদ করে আসছে একটি পক্ষ দীর্ঘদিন ধরে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও সাবেক সহকারী সম্পাদক বাদল রায়ের নেতৃত্বাধীন ওই পক্ষটি ডিএফএ-র গঠনতন্ত্র পাল্টে তাতে সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়ে আসছে। অবশেষে এই দাবি গুরুত্ব পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়রম্যান জেনারেল মইন উ আহমেদও ডিএফএ-তে সরকারের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার কথা বলার পর। কিন্তু বাফুফের বর্তমান কমিটির পদত্যাগী যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেছেন, "নির্বাচনের পর ওই কমিটিকে দিয়ে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী ও সংযোজন করা সম্ভব। তখন ডিএফএ-তে সরকারের লোকজনের অন্তর্ভুক্তির ব্যাপারটি ঠিক করা যেতে পারে।" বাফুফে কর্তারা চাইছেন এই ডিএফএ দিয়ে নির্বাচন করে নিজেদের পুনরায় আসার পথ সুগম করতে। সালাউদ্দিন-চুন্নুরাও চাইছেন নির্বাচন। সুতরাং এক ও অভিন্ন দাবি নিয়ে মূলত এক পক্ষই বিভিন্নভাবে নিজেদের প্রদর্শনী করছেন। একটি অংশ বাফুফের ভেতরে, অন্যরা বাইরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৯ঘ.