ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারা আয়োজন করবে স্বাধীনতা কাপ ফুটবল ? বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্ট আয়োজন করে নিজেদের অকর্মন্যতাকে ঢাকতে চাইছে। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ চাইছে নিজেরাই আয়োজক হতে!
মোহামেডানের প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ টুর্নামেন্ট শেষ হওয়ার পর আলোচনায় আসে স্বাধীনতা কাপ ফুটবল। যা আয়োজন করতে চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাফুফের তৎপরতা দেখে এনএসসি সরে দাঁড়ানোর পর এখন প্রতিদ্বন্দ্বিতা বাফুফে ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দাবি অনুযায়ী স্বাধীনতা কাপ ফুটবল তাদের ক্যালেন্ডারে আছে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেছেন, "আমরা এক মাস ধরে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। এটা আমাদের ক্যালেন্ডারের মধ্যে আছে, কয়েক দিনের মধ্যে আমরা চূড়ান্ত ঘোষণা দেবো। তবে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সম্পাদক ঠিক করা হয়ে গেছে।" চেয়ারম্যান করা হয়েছে সাবেক বাফুফে সদস্য আখতার হোসেন খান এবং সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফে সদস্য মোজাম্মেল হক মুক্তাকে।
কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ চাইছে আগের মতো এবারো এই টুর্নামেন্টের আয়োজক হতে। তাদের ফুটবল দলের ম্যানেজার আব্দুস সাত্তার বলেছেন, "স্বাধীনতা কাপ আমাদের টুর্নামেন্ট, আমরাই করবো। ব্যাপারটা এখন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় দেখছে।" এর আগে ২০০৫ সালে প্রথম স্বাধীনতা কাপ আয়োজন করেছিল মুক্তিযোদ্ধা সংসদ, সঙ্গে বাফুফেও ছিল। এবার বাফুফেকে সঙ্গী না করে মুক্তিযোদ্ধা সংসদ এককভাবে আয়োজক হতে চাইছে।
শেষপর্যন্ত স্বাধীনতা কাপের আয়োজক হবে কারা, তা এখনো বলা যাচ্ছে না। তার নিষ্পত্তি করবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২০৯ঘ.
bdnews24