২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি স্টেফানোর প্রতি রিয়াল মাদ্রিদের শ্রদ্ধার্ঘ্য

বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। তবু পেলে-ম্যারাডোনা-ক্রুইফ-ইউসেবিওদের মতো 'গ্রেট'দের সঙ্গে এক পঙক্তিতে তাকে রাখতে মোটেও দ্বিধা করে না ফুটবল অনুসারীরা। অনেকের মতেই ফুটবল-ইতিহাসের সবচেয়ে সম্পূর্ণ ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানোর কাছে রিয়াল মাদ্রিদের অনেক ঋণ। সেই ঋণ শোধ করার একটা প্রচেষ্টা হিসাবেই সম্ভবত ডি স্টেফানোকে এক বিশেষ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফার বিবেচনায় গত শতাব্দীর সেরা ফুটবল ক্লাবটি। আগামী রোববার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মান জানাবে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

মাদ্রিদ, ১৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। তবু পেলে-ম্যারাডোনা-ক্রুইফ-ইউসেবিওদের মতো 'গ্রেট'দের সঙ্গে এক পঙক্তিতে তাকে রাখতে মোটেও দ্বিধা করে না ফুটবল অনুসারীরা। অনেকের মতেই ফুটবল-ইতিহাসের সবচেয়ে সম্পূর্ণ ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানোর কাছে রিয়াল মাদ্রিদের অনেক ঋণ। সেই ঋণ শোধ করার একটা প্রচেষ্টা হিসাবেই সম্ভবত ডি স্টেফানোকে এক বিশেষ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফার বিবেচনায় গত শতাব্দীর সেরা ফুটবল ক্লাবটি। আগামী রোববার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মান জানাবে রিয়াল মাদ্রিদ। শুধু রিয়াল একাই নয়, বিশ্ব ও ইওরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও উয়েফাও শ্রদ্ধাঞ্জলি দেবে আধুনিক ফুটবলের এক বর্ণিল চরিত্র ডি স্টেফানোকে। রিয়ালের বর্তমান দলটির সব খেলোয়াড়-কর্মকর্তা তো থাকবেনই, ফিফা ও উয়েফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনিও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। প্লাতিনির সঙ্গে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইউসেবিও এবং ববি চার্লটনের মতো 'গ্রেট'দেরও সেদিন দেখা যাবে বার্নাব্যুতে। এই শ্রদ্ধার্ঘ্যর অন্যতম আকর্ষণ রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে ডি স্টেফানোর একটি মূর্তি উন্মোচন। সত্তরের দশকে নেদারল্যান্ডস 'টোটাল' ফুটবলের মাধ্যমে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিলেও ইতিহাসের প্রথম 'টোটাল' ফুটবলার নিঃসন্দেহে 'লা সায়েতা রুবিয়া' বা 'সোনালী তীর' নামে পরিচিত ডি স্টেফানো। ডিফেন্সে নেমে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, মিডফিল্ডে কার্যকর ভূমিকা পালন, ওপরে উঠে সতীর্থ ফরোয়ার্ডদের জন্য গোল তৈরি করা এবং জোরালো শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেয়া --- গোলকিপার বাদে ফুটবল মাঠের প্রত্যেকটি ভূমিকায় তিনি ছিলেন অনন্য। তারই স্বীকৃতি হিসাবে দু বার (১৯৫৭ ও '৫৯) জিতেছিলেন ইওরোপিয়ান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। রিয়ালের পক্ষে ৫১০ ম্যাচে ৪১৮ গোলের অসাধারণ রেকর্ডের অধিকারী ডি স্টেফানোর ক্যারিয়ারের সেরা সময় নিঃসন্দেহে ১৯৫৬ থেকে '৬০ পর্যন্ত। '৫৬তে ইওরোপিয়ান ক্লাব কাপ (বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) প্রবর্তন হওয়ার পর প্রথম ৫টি আসরের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবং সেই ৫ আসরের ফাইনালেই গোল করে নিজেকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ডি স্টেফানো। তার মধ্যে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে অনুষ্ঠিত '৬০ সালের ফাইনালটার উল্লেখ করতেই হবে। ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের জন্ম দিয়ে সেই ফাইনালে জার্মানির এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৭-৩ গোলে উড়িয়ে টানা পঞ্চম বারের মতো ইওরোপ-সেরার মুকুট পরেছিল রিয়াল। ডি স্টেফানো করেছিলেন হ্যাটট্রিক, আর ফেরেঙ্ক পুসকাস চার গোল। পুসকাস, রেমন্ড কোপা, প্যাকো জেন্তোদের সঙ্গে মিলে তিনি গড়েছিলেন দুর্র্ধষ এক আক্রমণভাগ। আর তারই ফসল হিসাবে টানা ৫টি ইওরোপিয়ান ক্লাব কাপ, ৮টি লিগ শিরোপা এবং ১৯৬০এ বিশ্ব ক্লাব কাপের শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। ক্লাবের আজীবন 'অনারারি প্রেসিডেন্ট' বা সম্মানসূচক সভাপতির পদ দিয়ে আগেই সম্মান জানিয়েছিল। এবার ডি স্টেফানোকে আরেক বার সম্মানিত করে নিজেরাই গৌরবান্বিত হবে রিয়াল। প্রায় ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৯৩ গোল করা 'সোনালী তীর'-এর কাছে যে তাদের অনেক ঋণ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৭ঘ.