২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফেতে সুলতানের হঠাৎ উদয় এবং অস্ত

হঠাৎ করে আবার বিতর্কিত সুলতান উদয় হলেন ফুটবল ফেডারেশনে ! সোমবার বাফুফেতে এসে তিনি জানিয়ে দিয়েছেন "সভাপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।" স্বাভাবিকভাবে সুলতানের এই আবির্ভাব নতুন করে ভাবনায় ফেলেছে বাফুফের অন্যান্যদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হঠাৎ করে আবার বিতর্কিত সুলতান উদয় হলেন ফুটবল ফেডারেশনে ! সোমবার বাফুফেতে এসে তিনি জানিয়ে দিয়েছেন "সভাপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।" স্বাভাবিকভাবে সুলতানের এই আবির্ভাব নতুন করে ভাবনায় ফেলেছে বাফুফের অন্যান্যদের। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানেই ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। কারণ সরকার তাকে আর দায়িত্বে বসাতে চাইছে না। তার আগ্রহের ভিত্তিতে বলে দেয়া হয়েছে, আড়াল থেকেই ফুটবলের স্বার্থে কাজ করে তাকে সরকারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আগে। তাই উদয়ের পর সন্ধ্যা হতে না হতেই সুলতান অস্তমিত। দু'মাসের বেশি বাফুফের কর্মকান্ডের বাইরে থেকে হঠাৎ সোমবার সকালে বাফুফে সভাপতি এস এ সুলতান ফুটবল ফেডারেশনে এসে হাজির। তিনি সভা করেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু ও সহ সভাপতি আব্দুর রহিমের সঙ্গে। মালু বলেছেন, "তিনি আমাদের সঙ্গে বসেছেন এবং একটি চিঠি দিয়ে জানিয়ে গেছেন সভাপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।" বাফুফে সভাপতি হলেও গত ৩০ ডিসেম্বর থেকে সুলতান আকার্যকর; ভারপ্রাপ্ত হিসেবে সভাপতির দায়িত্ব পালন করছেন সহ সভাপতি মনির আহমেদ। তার আগে অবশ্য পদত্যাগের নাটক করেছেন। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাগযুদ্ধ করেছেন, তারপর উপদেষ্টার বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানকে চিঠি লিখে এবং মিডিয়া নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করে নিজেকে বিতর্কিত করে তুলেছেন সুলতান। তাই তার প্রত্যাবর্তনকে কারো ভাল চোখে দেখার কথা নয়। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সহ সভাপতি মনির আহমেদও বিস্মিত এই খবর শুনে, "সুলতান সাহেবের নৈতিকতা শক্ত হলে আর আসতেন না বাফুফেতে। শুনেছি সরকার ওনাকে দিয়ে ফিফা-এএফসির সঙ্গে যোগাযোগ করে ডিএফএ গঠনতন্ত্রের সংস্কার করবে।" একই খবর জানা গেছে সরকারের একটি বিশ্বস্ত সূত্র থেকেও। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী মনির আহমেদকে দিয়েই ডিএফএ গঠনতন্ত্র সংস্কার করতে চেয়েছিল সরকার। কিন্তু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে সংস্কার বিরোধী হয়ে গেছেন তিনি। তাই সুলতানকে বেছে নিয়েছে সরকার ফিফা-এএফসির সঙ্গে যোগাযোগ করে ডিএফএ গঠনতন্ত্র সংস্কার করার জন্য। তাতে সুলতানও সম্মতি দিয়েছেন বলে সূত্র জানিয়েছে। সেজন্যই বিতর্কিত সুলতান হঠাৎ বাফুফেতে উদয় হয়েছেন। কিন্তু এ খবর জানাজানি হওয়ার পরই সরকারের ওপর মহলের নির্দেশে সুলতানকে ফিরে আসতে হয়। সরকারের দেওয়া শর্ত অনুযায়ী বাফুফের বাইরে থেকে তাকে এই সংস্কার করতে হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই মঙ্গলবার থেকে সুলতানকে আবার আগের মতো বাফুফের বাইরেই থাকতে হবে। যে কারণে তার নির্দেশে আগামী বুধবার জরুরি বাফুফে সভার দিনক্ষণ ঠিক করলেও শেষপর্যন্ত তা বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.