২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে আরেকবার বাঁচালেন জাভি

আগের রাউন্ডে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু সেই সুযোগ হেলায় হারিয়েছে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াই থেকে আরেকটু পিছিয়ে পড়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

মাদ্রিদ/রোম, ১০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের রাউন্ডে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু সেই সুযোগ হেলায় হারিয়েছে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াই থেকে আরেকটু পিছিয়ে পড়েছে তারা। অবশ্য সেভিয়ার মাঠে হেরেও যেতে পারতো 'বার্সা'। প্রথমার্ধে প্রতিপক্ষের মুহুর্মুহু আক্রমণের ঝড়ে গোলকিপার ভিক্টর ভালদেস বাধার প্রাচীর হয়ে না দাঁড়ালে একাধিক গোলও হজম করতে পারতো তারা। তারপরও ডিয়েগো ক্যাপেলের লক্ষ্যভেদ বিরতির আগে এগিয়ে দেয় সেভিয়াকে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার লক্ষ্যে মরিয়া বার্সেলোনা একের পর এক আক্রমণ করে তার সুফল পেয়েছে জাভির মাধ্যমে। গত সপ্তাহে ৩ মিনিট আগে গোল করে পূর্ণ পয়েন্ট এনে দেয়া জাভি এবার দলকে জেতাতে পারেননি, কিন্তু ৭৬ মিনিটে তার করা গোলই এক পয়েন্ট এনে দিয়েছে বার্সেলোনাকে। ফলে ৪৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থান ধরে রাখলো বার্সেলোনা। ৫৩ পয়েন্ট নিয়ে রিয়াল যথারীতি শীর্ষে। রোববার রাতে ভ্যালাদলিদকে হারাতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থাকবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। বার্সেলোনা ব্যর্থ হলেও রোমা কোনো ভুল করেনি। ইতালিয়ান সিরি 'এ' তে রেলিগেশনের আশঙ্কার সামনে থাকা রেজ্জিনাকে ক্রিস্টিয়ান পানুচ্চি ও মানুচ্চির গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। আর তাই শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে রোমার পয়েন্টের ব্যবধান ৫-ই রইলো। অবশ্য রোববার ক্যাটানিয়াকে হারাতে পারলে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার রোমার চেয়ে আবার ৮ পয়েন্টে এগিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.