২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মৌসুমের ৫৮ টি ট্রফি বিতরণ করেছে বিসিবি

গত সাত মৌসুমে খেলার মাঠে সেরা হলেও তার স্বীকৃতি-স্মারক পায়নি ক্লাবগুলো। জমে থাকা ট্রফিগুলো অবশেষে বিজয়ীদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাত ক্রিকেট মৌসুমের মোট ৫৮টা ট্রফি বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গত সাত মৌসুমে খেলার মাঠে সেরা হলেও তার স্বীকৃতি-স্মারক পায়নি ক্লাবগুলো। জমে থাকা ট্রফিগুলো অবশেষে বিজয়ীদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাত ক্রিকেট মৌসুমের মোট ৫৮টা ট্রফি বিতরণ করা হয়েছে। ২০০০ সাল থেকে ২০০৭-- আট ক্যালেন্ডার ইয়ারের সাতটি ঘরোয়া ক্রিকেট মৌসুমের ৫৮টা ট্রফি বিতরণের অপেক্ষায় ছিল। এসবের মধ্যে আছে প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ বাছাইয়ের ট্রফি। এসব বিতরণ করতে গিয়ে সিসিডিএম চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুর উপলব্ধি , "খেলোয়াড়ী জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আজ একসঙ্গে এত পুরস্কার.... অবিশ্বাস্য!" ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগ হয়নি। সর্বশেষ ২০০৬-০৭ মৌসুমে প্রিমিয়ার লিগজয়ী আবাহনী শিরোপাটা উৎসর্গ করেছে প্রয়াত ক্রিকেটার মাঞ্জারুল রানার উদ্দেশ্যে। ওই মৌসুমে আবাহনীর হয়েই লিগে খেলেছেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। পুরস্কার বিতরণশেষে বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনহা ইবনে জামালীর সঙ্গে ট্রফিজয়ীদের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১৩২ ঘ.