ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আরামবাগের 'নীলনকশা' শতভাগ সফল। আগের ম্যাচে ন্যাক্কারজনক ফুটবলের প্রদর্শনী দেখিয়ে সেমিফাইনালে পাওয়া বাড্ডা জাগরনীকে ২-০ গোলে হারিয়ে বিজয় দিবস ক্লাব কাপের ফাইনালে ওঠেছে আরামবাগ।
কিন্তু বৃহস্পতিবারের এই সেমিফাইনাল দেখার জন্য মাঠে মাত্র শ'চারেক দর্শক উপস্থিত হয়েছিল। যারা মোহামেডানের বিপক্ষে আরামবাগকে দেখেছে তারা নিশ্চয় স্টেডিয়ামমুখো হয়নি। কারণ আগের ম্যাচে তারা প্রতারণার শিকার হয়েছে টিকেট কেটে মাঠে ঢুকে। যাদের কাছে খেলার সৌন্দর্যের চেয়ে পরাজয়ই পরম আরাধ্য হয়ে যায় সেই আরামবাগের পক্ষে দর্শকপ্রিয় হয়ে ওঠাও কঠিন।
তাদের সেদিনের ম্যাচ আর বৃহস্পতিবারের ম্যাচের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সেমিফাইনালে তারা শুরু থেকেই গোলের জন্য মরীয়া হয়েছে। অবশ্য এমন আহামারী কোনো কিছু খেলেনি গোল পাওয়ার মতো। বরং প্রথমার্ধে বাড্ডা জাগরনীকেই গোছানো মনে হয়েছে। নাসির অমন সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারলে হয়তো ফলাফল অন্যরকম হতো। ৪৩ মিনিটে কামালের পাসটি আনমার্কড অবস্থায় পায়ে পেয়েও এই স্ট্রাইকার মাত্র ১২ গজ দূর থেকে বিস্ময়করভাবে ক্রসবার উঁচিয়ে মেরেছেন। অথচ সামনে ছিলেন শুধুই গোলরক্ষক পিরু।
দ্বিতীয়ার্ধে বাড্ডা ওভাবে খেলতে না পারায় চেপে বসে আরামবাগ। এবং ৮০ মিনিটের মাথায় গোল বের করে নেয়। ডানদিক থেকে ইদি বাদাম্বুজের ক্রসে লিটনের হেড পোস্ট ঘেঁষে আরামবাগের জালে আশ্রয় নেয় (১-০)। প্রথম গোলটি তৈরি করে দেওয়া এই নাইজেরিয়ানই করেছেন দ্বিতীয় গোল। ইনজুরি টাইমে ডমিনিকের কাছ থেকে বলটা পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে তিনি পরাস্ত করেছেন বাড্ডার গোলরক্ষক নেহালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.
bdnews24