২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি আবাহনী-মোহামেডান অথচ আলোচনায় অন্য ম্যাচ!

নিজেদের ভাবমূর্তি নিয়ে বিপাকে মোহামেডান ফুটবল দল। সেমিফাইনালকে যখন তারা ভাবমূর্তি পুনরুদ্ধারের ম্যাচ হিসেবে ভাবছে আবাহনী তখনো সেই "বিস্ময়কর ম্যাচ"-এর কাটাছেঁড়ায় ব্যস্ত। সেমিফাইনালের জন্য তারা মাঠে প্র্যাকটিস করছেন কিন্তু মুখে এই ম্যাচ নিয়ে কোনো কথা নেই। মুখে শুধুই প্রশ্ন মোহামেডানের সেমিফাইনালে ওঠা নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নিজেদের ভাবমূর্তি নিয়ে বিপাকে মোহামেডান ফুটবল দল। সেমিফাইনালকে যখন তারা ভাবমূর্তি পুনরুদ্ধারের ম্যাচ হিসেবে ভাবছে আবাহনী তখনো সেই "বিস্ময়কর ম্যাচ"-এর কাটাছেঁড়ায় ব্যস্ত। সেমিফাইনালের জন্য তারা মাঠে প্র্যাকটিস করছেন কিন্তু মুখে এই ম্যাচ নিয়ে কোনো কথা নেই। মুখে শুধুই প্রশ্ন মোহামেডানের সেমিফাইনালে ওঠা নিয়ে। এত নীতি-নৈতিকতার প্রশ্ন আবাহনী শিবিরে ঘুরপাক খেলেও তারা খেলার ব্যাপারে নেতিবাচক নয়। অর্থাৎ শুক্রবার সোয়া চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দেশের দুই ফুটবল পরাশক্তি। এটিএন বাংলা চ্যানেলেও যে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ আছে। মাঠে গিয়ে দেখলেও ঠকার সম্ভাবনা নেই। মোহামেডান-আরামবাগের মতো প্রহসনের ম্যাচ হবে না এটার গ্যারান্টি দেওয়া যায়। কারণ দুদলের বৈরিতা আর দেশের বড় দুটি রাজনৈতিক দলের বিরোধের মধ্যে খুব একটা তফাৎ নেই। তাই এখনো আবাহনী পড়ে আছে সেই প্রতারণার ম্যাচ নিয়ে। যে ম্যাচের জন্য আয়োজক মোহামেডানের মুখে চুনকালি পড়েছে সেই ম্যাচ নিয়ে এখনো তারা চিবোচ্ছে। আবাহনীর কোচ অমলেশ সেনের মত হচ্ছে, "টুর্নামেন্ট কমিটির উচিত ছিল তাদের পয়েন্ট কেটে নেওয়া কিন্তু তারা জরিমানা করেই দায়িত্ব সেরেছে। এটা তো কোনো শাস্তি হলো না।" শাস্তি কী হতে পারতো তা আরো ডালাপালা মেলেছে খেলোয়াড়দের মুখে। এ নিয়ে আবাহনী থেকে একটা আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে আয়োজকদের কাছে। তারা বেধাহয় ভুলে গেছেন বেশি চিবোলে একসময় বিস্বাদ হয়ে যায়। আয়োজক মোহামেডান যে ম্যাচটাকে "আনস্পোর্টিং ও স্বাভাবিক খেলার ধারাবিরোধী" বলে আখ্যা দিয়েছে সেটাও যেন আবাহনীর কাছে কিছুই নয়। ফি-বছর পাতানো খেলার হিড়িক দেখার পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে ঠুঁটো জগন্নাথ হয়ে থাকে সেখানে মোহামেডান নিজেদের ফুটবল দলকে নিন্দা জানিয়েছে, জরিমানা করেছে ! এখানকার বাস্তবতায় এটা মোটেও সামান্য নয়। একইভাবে আবাহনীর এখনো লেগে থাকাটাও অস্বাভাবিক নয় ! কারণ এখানকার রাজনৈতিক সংস্কৃতি যে ক্রীড়াঙ্গনেও ভর করেছে ! অবশ্য ফুটবল বিশেষজ্ঞরা আরেকটা ব্যখ্যার কথাও বলতে পারেন। মাইন্ড গেম। দূর্বলতার জায়গায় বার বার খোঁচা দিয়ে খেলার আগেই মোহামেডানকে ঘায়েল করতে চাইছে আবাহনী ! কিন্তু মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, "সেমিফাইনালে ওই ম্যাচের কোনো প্রভাব পড়বে না খেলোয়াড়দের ওপর। আগে কী হয়েছে সেটা নিয়ে অতো চিন্তা করছে না খেলোয়াড়রা। তাদের টার্গেট সেমিফাইনাল।" তবে তার দলের ঘাটতির বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন এভাবে, "এটা মোহামেডানের পুরনো দল নয়। সিডরের ম্যাচে আমরা এক দল নিয়ে খেলেছি, সেবার কয়েকজন অতিথি ফুটবলার ছিল। সেদিক থেকে এবারের দলটা ভিন্ন এবং সমন্বয়ের অভাবও আছে।" গত ডিসেম্বরে সিডর আক্রান্তদের জন্য আয়োজিত টেলিটক সিরিজে আবাহনী ২-১ ম্যাচে হেরেছিল। সেই সাফল্য ধরে রাখার জন্য খেলোয়াড়দের প্রতি মানিকের আহ্বান, "নিজের বোধ-বুদ্ধি যদি ঠিকমতো প্রয়োগ করতে পারে তাহলে এই ম্যাচেও আমরা ভাল করবো। যওি আবাহনী পুরনো দল নিয়ে আমাদের চেয়ে ভাল অবস্থানে আছে।" এই ম্যাচে নাইজেরিয়ান স্ট্রাইকার ফিগো ও ডিফেন্ডার কামাল হোসেন ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন। আগের ম্যাচে কার্ড সমস্যায় খেলতে না পারা জুয়েল রানা ও শরীফকে দেখা যাবে। কিন্তু কার্ড সমস্যায় বিপাকে আবাহনী। গত দুই ম্যাচে ৩ গোল করা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিডফিল্ডার আবুল হোসেন এ ম্যাচে খেলতে পারবেন না কার্ড খারায় পড়ে। দুজনের অনুপস্থিতি নীল-আকাশীদের ভাবিয়ে তুলেছে। কোচ অমলেশ সেন অবশ্য এমিলির জায়গায় রবিন অথবা তপুকে খেলানোর কথা বলেছেন নিয়মিত স্ট্রাইকার সাহাজ উদ্দিন টিপুর সঙ্গী হিসেবে। তবে আবুলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। এখন আবাহনীর শক্তি হচ্ছে টিম স্পিরিট। প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাড্ডা জাগরনীর কাছে হারার পর প্রত্যেকটি ম্যাচ জিতেই তারা সেমিফাইনালে। বিশেষ করে মুক্তিযোদ্ধার মতো পরাশক্তিকে হারিয়ে তারা অনেক বেশি উদ্দীপ্ত। মোহামেডানের কোচের কাছেও সেটার গুরুত্ব আছে। কিন্তু সবমিলিয়ে প্রাক সেমিফাইনাল আলোচনায় সবচেয়ে বড় আলোচন্য মোহামেডান-আরামবাগের সেই বিতর্কিত ম্যাচটি। যা আবাহনীর জন্য অস্ত্র আর মোহামেডানের জন্য চাপ হয়ে আবির্ভূত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.