ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পারেনি সেটা করে দেখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং নিজেদের দলের বিরুদ্ধে গিয়ে সবার ওপরে স্থান দিয়েছে মাঠের খেলার সৌন্দর্যকে। এটা করতে গিয়ে প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলের টুর্নামেন্ট কমিটি "অখোলোয়াড়ি আচরন ও স্বাভাবিক খেলার ধারা লংঘনের" জন্য দায়ী করেছে মোহামেডান ও আরামবাগ ফুটবল দলকে। এই অপরাধের জন্য দুদলকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং দু'দলের মধ্যকার ম্যাচটি বাতিল করা হয়েছে।
বুধবার বিকেলে টুর্নামেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান জাকারিয়া পিন্টু। গত মঙ্গলবার গ্র"পের শেষ ম্যাচে খেলেছে মোহামেডান ও আরামবাগ। যে ম্যাচের গতিপ্রকৃতি দেখে গ্যালারির দর্শকরা দুয়োধ্বনি দিয়েছে, আয়োজকদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। হারাকাঙ্খী দু'দলের যন্ত্রণাকর ফুটবল ম্যাচটি দারুণভাবে সমালোচিত হয়েছে মিডিয়াতেও। সেটাই আয়োজকদের জন্য ভীষণ চাপ হয়ে গেছে।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকারিয়া পিন্টু বলেছেন, "সুন্দর ফুটবলের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মনে হয়েছে, এই ম্যাচ মোহামেডানের টুর্নামেন্টকেও কলংকিত করেছে। ভবিষ্যতে যেন এরকম না হয় সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।" ওই ম্যাচ দেখে স্বাধীন বাংলা ফূটবল দলের অধিনায়কও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন। আরেক সাবেক কৃতী ফুটবলার জহিরুল হকও ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।
তার নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি কমিটি ও ম্যাচ কমিশনার আব্দুস সাদেকের রিপোর্ট দুটি হাতে নিয়ে মঙ্গলবার রাতেই সভায় বসে টুর্নামেন্ট কমিটি। রাতের সেই মূলতবী সভা শেষ হয় বুধবার বিকেলে। সভায় রিপোর্ট দুটি নিয়ে আলোচনা করা হয়। উভয় রিপোর্টেই ম্যাচটির চরিত্র তুলে ধরা হয়েছে "আনস্পোর্টিং ও স্বাভাবিক খেলার ধারাবিরোধী" বলে । এজন্য টুর্নামেন্ট কমিটি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। জবাবে মোহামেডান ও আরামবাগ দলের কর্মকর্তারা গভীর দুঃখ প্রকাশ করে কমিটির কাছে ক্ষমা চেয়েছে।
এই অপরাধের জন্য টুর্নামেন্ট কমিটি মঙ্গলবার অনুষ্ঠিত মোহামেডান-আরামবাগ ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে এবং দুদলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ম্যাচ বাতিল হলেও দুদলের সেমিফাইনালে ওঠতে কোনো সমস্যা হয়নি, যথারীতি মোহামেডান গ্র"প চ্যাম্পিয়ন ও আরামবাগ রানার্স আপ। সেমিফাইনাল শুরুর আগেই জরিমানার অর্থ জমা দিতে হবে এবং তা বাফুফের দুঃস্থ সংগঠক ও খেলোয়াড় তহবিলে জমা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.
bdnews24