ঢাকা, ফেব্র"য়ারি ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দর্শকরা পয়সা দিয়ে মাঠে ঢুকেছে মোহামেডান-আরামবাগের ফুটবল ম্যাচ দেখতে। কিন্তু দেখেছে সিনেমা। যার নাম দেওয়া যেতে পারে "ফুটবলের ফাঁদে"। দু'দলের যৌথ পরিচালনা, কিন্তু অভিনয় নিম্নমানের বলে দর্শকরা দুয়োধ্বনি দিয়েছে দুদলের ফুটবলারদের। কারণ অবিশ্বাস্যভাবে দুদলই হারতে চায় ! বোধহয় প্রথমবারের মতো দর্শকরা উপলব্ধি করেছে যন্ত্রণার নামও ফুটবল হতে পারে।
যাই হোক একসঙ্গে দু'দল হারতে পারে না বলেই আরামবাগ হেরেছে ৩-১ গোলে। এবং হেরেও যেন বিজয়ের আনন্দ পেয়েছে। আবাহনীকে সেমিফাইনালে এড়ানোর বিজয়। এই লক্ষ্যেই মাঠে নেমেছিল দুদল এবং লক্ষ্যপূরণ করতে গিয়েই পঁচা বাংলা সিনেমা হয়ে গেছে পুরো ম্যাচটাই। তাই মোহামেডানের জয়েও কোনো গৌরব নেই। অনাকাঙ্খিত এই জয়ের আগে যে তারা ন্যাক্কারজনক ফুটবল উপহার দিয়েছে! যা টুর্নামেন্টের আয়োজক মোহামেডানের ফুটবল-প্রীতি ও ফুটবল-উন্নয়নের কথাগুলোকে হাস্যকর করে তুলেছে।
দিনের প্রথম খেলায় "ক" গ্র"পের ভিক্টোরিয়া ৩-০ গোলে ইয়ংমেন্সের কাছে হেরে যাওয়ায় মোহামেডান-আরামবাগ ম্যাচটার আকর্ষন অনেকটাই কমে গিয়েছিল। কারণ ওই হারে ভিক্টোরিয়া ও ইয়ংমেন্সের সেমিফাইনাল-স্বপ্নের মৃত্যু ঘটে। আর তখনই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় মোহামেডান ও আরামবাগের। তাই দুদলের লড়াইটা হয়েছে কাঙ্খিত হারের জন্য। "খ" গ্র"পের রানার্স-আপ আবাহনীকে এড়ানোর জন্য। হেরে তা এড়াতে পেরেছে ৪ পয়েন্ট পাওয়া আরামবাগ, "ক" গ্র"প রানার্স আপ হিসেব তারা আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে খেলবে "খ" গ্র"পের চ্যাম্পিয়ন বাড্ডা জাগরনীর সঙ্গে। শুক্রবার হবে আবাহনী-মোহামেডানের দ্বিতীয় সেমিফাইনাল।
মানে আরামবাগকে হারিয়ে মোহামেডান সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ আবাহনীকে বরণ করে নিয়েছে। সেটা অনন্যোপায় হয়েই। শুরুতে মোহামেডানের একাদশেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। নিয়মিত একাদশের মাত্র ৩ জন খেলোয়াড় খেলেছেন। প্রতিপক্ষ আরামবাগ মোটামুটি নিয়মিত একাদশই নামিয়েছে। এবং ২০ মিনিটে ডমিনিকের গোলে তারা এগিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় মোহামেডানের নাটক। তারা খেলছে, পাস দিচ্ছে কিন্তু গোল শোধের কোনো চেষ্টা নেই। আরামবাগের ডিফেন্স যেন তাদের জন্য নিষিদ্ধ এলাকা হয়ে গেছে। কোনো সময় ভুলে চলে গেলেও আরামবাগের খেলেয়াড়দের পায়ে বল জমা দিয়ে ফিরে এসেছেন নিজেদের সীমানায়। অন্যদিকে গোল দিয়েই যেন ফেঁসে গেছে আরামবাগ। গোল করাটাও পড়ে গেছে অপরাধের পর্যায়ে ! নইলে দ্বিতীয়ার্ধের শুরুতে তুলে গোলদাতা ডমিনিককে তুলে নেবে কেন আরামবাগ!
মোহামেডানের গোলে অনীহা দেখেই দ্বিতীয়ার্ধে মোহামেডান গ্যালারি থেকে দুয়োধ্বনি উঠতে শুরু করে। দেখাদেখি প্যাভিলিয়নের দিকও তা ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের প্রশ্নের মুখে একটু রাখডাক করে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকারিয়া পিন্টু বললেন, "গোল খেয়ে মাহামেডানের যেভাবে খেলা উচিত সেভাবে খেলছে না, আমি শুধু এটুকু বলতে পারি।"
প্রশ্নবান এড়াতে তিনি বলেন, "আপনারা কমিটির অন্যদের গিয়ে প্রশ্ন করুন, মোহামেডান এরকম খেলছে কেন?" অন্য কর্মকর্তাদের খোঁজে যাওয়ার সময় দেখা গেল ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও মোহামেডানের সদস্য জহিরুল হক মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় শুধু বলে গেছেন, "ঢাকা শহরে আমাদের কিছু লোকে অন্তত চেনে, তারা তো আমাদের দেখে থুথু ফেলবে।"
কিন্তু মোহামেডান যখন হারার আনন্দে আছে তখনই আরামবাগ শুরু করেছে নাটক। ৬৮ মিনিটে মনু আত্মঘাতী গোল করে খেলায় সমতা নিয়ে এসেছেন। আর সমতা মানে গোলগড়ে মোহামেডানই গ্র"প চ্যাম্পিয়ন। সেটা দেখেই মোহামেডান একটু গা লাগিয়ে খেলে এবং ৭০ মিনিটে আরাফাত রনি ও ৮৯ মিনিটে মেঞ্জামিন আরো দুটো গোল করেছেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের অনাকাঙ্খিত জয় নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। তার আগেই নিজেদের গায়ে কালি মেখে নিয়েছে। অমোচনীয় সেই কালির দাগ পড়ে গেছে মোহামেডানের বিজয় দিবস ক্লাব কাপ টুর্নামেন্টেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.
bdnews24