ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- নতুন বিদেশী খেলিয়ে বি. লিগ শিরোপার পথে হাঁটতে চাইছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এজন্য মরক্কো থেকে তিনজন এবং সাইবেরিয়া থেকে এক ফুটবলার নিয়ে এসেছে তারা।
শেখ রাসেল ক্রীড়াচক্র ইতিমধ্যে মরক্কোর তিন ফুটবলারকে ফেরত পাঠিয়েছে দেশে। আসলে ঘরের ছেলে হয়ে যাওয়া তিন বিদেশীকে নিয়েও এবার ভাল করতে পারছিল না তারা। সেই ২০০৩ সালে এই দলের হয়ে ঢাকা লিগে অভিষেক হয় বুরদ্বীপ মোহাম্মদ, ইগির মোহাম্মদ ও তোয়াতি ইউনেসের। একই ঠিকানায় গত বি. লিগ শেষ করলেও এবার তাদের মাঝপথে ফিরে যেতে হয়েছে। ২১ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে তৃতীয়স্থানে থাকা শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেছেন, "তারা এবার প্রত্যাশা মতো পারফরম করতে পারছিল না। এজন্যই বিকল্প চিন্তা করতে হয়েছে আমাদের।"
সিটিসেল বি. লিগের প্রথম লেগ শেষে দলবদলে ফিরে যাওয়া বিদেশীদের জায়গা পূরণ করতে চলে এসেছেন অন্য চারজন। মরক্কোর তিনজন হলেন স্ট্রাইকার হামির ওমারি, দুই মিডফিল্ডার আহামেদ আল মোজাহিদ ও হিসাব আদমী। এছাড়া মারকো মারিক নামের এক সার্বিয়ান ডিফেন্ডারকেও আনা হয়েছে। শেখ রাসেল সভাপতি নুরুল আলম চৌধুরী বলেছেন, "আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের রেজিস্ট্রেশন করিয়ে রাখা হবে। তারপর দলবদলের ছাড়পত্রের জন্য আমরা অপেক্ষা করবো। আশাকরি পরবর্তী রাউন্ডের খেলার আগেই সেগুলো পেয়ে যাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.
bdnews24