লন্ডন, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি জয় পেলেও ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শিরোপা প্রত্যাশী আর্সেনাল। শুক্রবার দু গোলে এগিয়ে থেকেও অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করে দুটো মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে 'গানার'রা।
বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের ৩-০ গোলের জয়ের নায়ক রোবি কিন। তিন গোলের দুটোই করেছেন তিনি। 'অলরেড'দের অন্য গোলটা অ্যালবার্ট রিয়েরার। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। শুক্রবার দিদিয়ের দ্রগবা ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের লক্ষ্যভেদে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে 'ব্লুজ' ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে।
প্রতিপক্ষের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য এত সহজে জিততে পারেনি। ৮৩ মিনিটে কার্লোস তেভেজের গোলে সদ্য ক্লাব বিশ্বকাপের শিরোপাজয়ীরা অতি কষ্টে ১-০ ব্যবধানে জিতেছে স্টোক সিটির বিপক্ষে। যে জয়ের ফলে অন্য সবার চেয়ে দুটো কম অর্থাৎ ১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা উঠে গেছে তৃতীয় স্থানে।
'রেড ডেভিল'রা তা-ও জিতেছে। আর্সেনাল সেটাও পারেনি। প্রতিপক্ষের মাঠ ভিলা পার্কে ডেনিলসন ও আবু দিয়াবি এক সময় ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন 'গানার'দের। কিন্তু গ্যারেথ ব্যারির পেনাল্টি এবং শেষ মুহূর্তে জ্যাট নাইটের গোলে আর্সেনালের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যানইউ'র মতো অ্যাস্টন ভিলারও ১৯ ম্যাচ থেকে সংগ্রহ ৩৫ পয়েন্ট। তবে ভালো গোলগড়ের সুবাদে তাদের চেয়ে এগিয়ে আছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান পঞ্চম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫৫ঘ.
bdnews24