ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় জয় পেয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। ওয়ালিদ খানের গোলে তারা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। বি. লিগের প্রথম লেগে এই ওয়ালিদই এক গোল করে রহমতগঞ্জের বিপক্ষে প্রথম জয় উপহার দিয়েছিলেন দলকে। ১১ খেলায় মুক্তিযোদ্ধার সংগ্রহ এখন ৭ পয়েন্ট।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুক্তিযোদ্ধার চমক হাচ্ছে মাইকেল দুম্বা'র আবির্ভাব। ভীষণ অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও তারা উগান্ডা থেকে নিয়ে এসেছে এই ডিফেন্ডারকে। ডিফেন্ডার হলেও ওই একমাত্র গোলের কারিগর তিনি। যিনি তিনজনকে ডজ দিয়ে মাঝমাঠ অতিক্রম করে বলটি দারুন বানিয়ে দিয়েছেন। সেই বলে ওয়ালিদ খান গড়ানো শটে গোল করে ৪০ মিনিটে এগিয়ে নেন দলকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য গোল শোধের অনেকটা কাছাকাছি পৌঁছেও পারেনি চট্টগ্রাম আবাহনী। অন্তত তিন-তিনটা সুযোগ তারা তৈরি করেছিল যেখান থেকে গোল করে তারা এক পয়েন্ট ছিনিয়ে নিতে পারতো। না পারায় নিজেদের স্ট্রাইকারদের ব্যর্থতার পাশাপাশি মুক্তিযোদ্ধার দুম্বার কৃতিত্বও আছে খানিকটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৫৩ ঘ.
bdnews24