২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ম্যাচ পর জয়ের মুখ দেখল রিয়াল

জয়ের ধারায় ফিরেছে টানা তিন ম্যাচ হেরে দিগভ্রান্ত-বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় তারা ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ম্যাচের একমাত্র গোলদাতা গঞ্জালো হিগুইয়েন। নতুন কোচ হুয়ান্ডে র‌্যামোসের অধীনে লিগে এটাই রিয়ালের প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মাদ্রিদ/রোম, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জয়ের ধারায় ফিরেছে টানা তিন ম্যাচ হেরে দিগভ্রান্ত-বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় তারা ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ম্যাচের একমাত্র গোলদাতা গঞ্জালো হিগুইয়েন। নতুন কোচ হুয়ান্ডে র‌্যামোসের অধীনে লিগে এটাই রিয়ালের প্রথম জয়। গেটাফে, সেভিয়া ও বার্সেলোনার কাছে টানা তিন ম্যাচে হেরে যাওয়ায় শিরোপা লড়াই থেকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা এখন অনেক পিছিয়ে। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে তারা যোগ্য দল হিসাবেই জিতেছে। ম্যাচের তৃতীয় মিনিটে ডাচ উইঙ্গার আরিয়ের রোবেন বিপজ্জনকভাবে প্রতিপক্ষের বক্সের মধ্যে ঢুকে পড়ে বল বাড়িয়েছেন হিগুয়েইনের উদ্দেশে। সেই পাস ধরে বাঁ পায়ের দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পুরো ম্যাচেই রোবেন ভীতি ছড়িয়েছেন ভ্যালেন্সিয়ার ডিফেন্সে। সুবাদে ব্যবধান বাড়িয়ে নেয়ার অনেক সুযোগও পেয়েছে রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের বিশেষ করে ম্যাচের একমাত্র গোলদাতা হিগুইয়েনের একাধিক অমার্জনীয় ব্যর্থতায় আর গোলের দেখা পায়নি। অবশ্য গোল হওয়ার কিছুক্ষণ পর রোবেনের স্বদেশী রাফায়েল ফন ডার ফার্টের বাঁক খাওয়া দারুণ এক শট বাধা পেয়েছে সাইডবারে। হিগুয়েইনের একটি প্রচেষ্টাও ফিরে এসেছে পোস্টে লেগে। তবে ভ্যালেন্সিয়ার সামনেও সুযোগ এসেছিল ম্যাচে ফেরার। বিরতির আগে-পরে ডেভিড ভিয়ার দু-দুটো শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন ইকার ক্যাসিয়াস। রিয়াল গোলকিপারের সেরা সেভ অবশ্য ঐ দুটোর একটিও নয়। দ্বিতীয়ার্ধে পোস্টের একেবারে সামনে থেকে নেয়া রুবেন বারাহার জোরালো হেড অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছেন তিনি। বলটা পোস্টে লেগে ফিরে এসেছে মাঠে। তারপরও গোল শোধ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল ভ্যালেন্সিয়া। কিন্তু ৬৭ মিনিটে কার্লোস মার্চেনা দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলে ভাটা পড়ে সেই চেষ্টায়। শেষ মুহূর্তে গুতি পোস্টের একেবারে সামনে থেকে অবিশ্বাস্যভাবে ওপর দিয়ে মারায় এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে। যে জয়ে ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৯ পয়েন্ট। শনিবার 'লা লিগা'র অন্য ম্যাচেও ছিল আর্জেন্টাইনদের জয়জয়কার। যে ম্যাচে রিয়ালের প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে এসপানিওলকে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। বিজয়ী দলের তিন গোলের দুটো করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাক্সি রড্রিগেজ। অন্য গোলটা তারই স্বদেশী সার্জিও অ্যাগুয়েরোর। ১৬ ম্যাচে অ্যাটলেটিকোর সংগ্রহ ৩০ পয়েন্ট। রিয়ালের কাছে হেরে যাওয়া ভ্যালেন্সিয়ারও তা-ই। সেভিয়ার পয়েন্টও ৩০, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রোববার শীর্ষে থাকা বার্সেলোনার (৩৮ পয়েন্ট) মুখোমুখি হতে যাওয়া ভিলারিয়ালের ২৯ পয়েন্ট। ইতালিয়ান সিরি 'আ'তে টানা অষ্টম জয় দিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করেছে ইন্টার মিলান। শনিবার ইতালিয়ান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে সিয়েনাকে। দুটো গোলই ব্রাজিলিয়ান রাইটব্যাক মাইকনের। ১৭ ম্যাচে ইন্টারের সংগ্রহ ৪২ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে লাৎসিও ১-০ গোলে জিতেছে পালেরমোর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.