২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকেও পার পেতে দেয়নি রহমতগঞ্জ

লিগের বাকি দলগুলো আবাহনী মোহামেডানের মতো নামি-দামী হলে এখন রহতগঞ্জই শীর্ষে থাকতো পয়েন্ট তালিকায়! বি. লিগের প্রথম লেগের শেষ ম্যাচে তারা ২-২ গোলে শেখ রাসেলের সঙ্গে ড্রয়ের পর এমন বললে খুব দোষ খুঁজে পাওয়া যাবে না। কারণ আবাহনী মোহামেডান দুদলই হার মেনেছে এই রহমতগঞ্জের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- লিগের বাকি দলগুলো আবাহনী মোহামেডানের মতো নামি-দামী হলে এখন রহতগঞ্জই শীর্ষে থাকতো পয়েন্ট তালিকায়! বি. লিগের প্রথম লেগের শেষ ম্যাচে তারা ২-২ গোলে শেখ রাসেলের সঙ্গে ড্রয়ের পর এমন বললে খুব দোষ খুঁজে পাওয়া যাবে না। কারণ আবাহনী মোহামেডান দুদলই হার মেনেছে এই রহমতগঞ্জের কাছে। পার পেয়েছে কেবল ব্রাদার্স ইউনিয়ন। বড় দলের বিপক্ষে এমন তেঁড়েফুঁড়ে ওঠার পেছনে কোনো রহস্য খুঁজে পান না রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানী। বরাবরের মতোই তার সাদামাটা বক্তব্য, "আমার দলের মূল শক্তি হচ্ছে টিম স্পিরিট এবং গতি। সেটা যেদিন কাজে লেগে যায় সেদিন অন্যরা আর দাঁড়াতে পারে না আমাদের সামনে।" শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামেও পুরনো ঢাকার দলটির গতির সঙ্গে পেরে ওঠেনি শেখ রাসেল ক্রীড়াচক্র। পারেনি ১৮ মিনিটের মধ্যে দু'গোলে এগিয়ে গিয়েও! কোনো কিছু বুঝে ওঠার আগে দু'গোল হজম করেও হতোদ্যম হয়নি রহমতগঞ্জ। বরং জেগেছে। আর জেগে ওঠা এই দলের সতীর্থদের ছাপিয়ে ম্যাচের নায়ক হয়ে গেছেন ইদ্রিস কাসিরি। দুর্দান্ত দুটো গোল করে এই উগান্ডান রহমতগঞ্জকে এক পয়েন্ট উপহার দিয়েছেন। প্রথম লেগ শেষে ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে। আর শেখ রাসেল থেমেছে তৃতীয় স্থানে, সংগ্রহ ১৮ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষে। যুগ্মভাবে দ্বিতীয়স্থানে থাকা মোহামেডান ও ব্রাদার্সের আছে ১৯ পয়েন্ট করে। ম্যাচের শুরুতে দু'দলই খেলাটা ধরতে চেষ্টা করেছে। তাতে রহমতগঞ্জই এগিয়ে ছিল, কিন্তু ফল হয়েছে উল্টো। ৯ মিনিটের মাথায় শেখ রাসেল প্রথমবার বল নিয়ে ওপরে ওঠে এবং গোল করে ফিরে! ওরকম কোনো আক্রমণও নয়, বাঁদিক থেকে মাহমুদুল হাসান ওপরে উঠে বলটা ফেলেনে রহমতগঞ্জের ডি-বক্সে। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে তা মোবারক হোসেনের পায়ে পড়তেই তিনি প্রথম গোল করে বসেন লিগে। রহমতগঞ্জের জন্য একেবারে অপ্রত্যাশিত এক গোল। ১৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে আরো ভ্যাবাচাকা খায় তারা। এবার মাঝমাঠ থেকে মনোয়ারের নির্বিষ এক লব। তার ওপর চোখ না রেখে অফসাইডের ফাঁদে ফেলতে গিয়ে রহমতগঞ্জের ডিফেন্ডাররা একযোগে ডিফেন্স ছেড়ে ওপরে উঠে পড়েন। কিন্তু ফাঁদ পাততে গিয়ে নিজেরাই পড়েছেন ফাঁদে, মিশরীয় স্ট্রাইকার তোয়াতি ইউনেসের অনায়াস হেড ২-০ গোলে এগিয়ে দেন শেখ রাসেলকে। কিন্তু এ গোল মানতে পারেনি রহমতগঞ্জ। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেন না কেন, এ নিয়ে কিছুক্ষণ চোটপাট করে আবার খেলায় মনযোগী হয় রহমতগঞ্জ। তবে এতটা পেছন থেকে ম্যাচে ফিরতে পারবে, এমনটা কেউ ভাবেনি। সবার ভাবনাকে ভুল প্রমাণ করতে তারা মাত্র ৬ মিনিট সময় নিয়েছে। একটা কাউন্টার অ্যাটাক থেকে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে ইদ্রিস কাসিরি গোল করে ব্যবধান কমান। রাসেলের বুরদ্বীপ মোহাম্মদ উগান্ডান এই স্ট্রাইকারের গায়ে গায়ে লেগে থেকেও তাকে আটকাতে পারেননি। এই মিশরীয় ডিফেন্ডারকে পরাস্ত করে তিনি গোলরক্ষক তিতুমীর চৌধুরীকে সামনে টেনে এনে বল প্লেসিং করেন। তিতুমীর অবশ্য ২৭ মিনিটে এই স্ট্রাইকারের দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেন। কিন্তু ৫৬ মিনিটে তিনি ইদ্রিসের হঠাৎ নেওয়া বাঁ-পায়ের ৩০ গজী শটটি বুঝতেই পারেননি। ওরকম জায়গা থেকে বুলেট গতির শট নেবেন, এটা আসলে গোলরক্ষকের ধারনারই বাইরে ছিল। এভাবে ম্যাচে ফেরার পর তাদের আধিপত্যই প্রতিষ্ঠা পায় মাঠজুড়ে। আক্রমণের তোপের মুখে আরো ব্যাকফুটে চলে যায় শেখ রাসেল। তাতে করে ইদ্রিস তৃতীয় গোলও পেয়ে যেতে পারতেন। দু-দুবার সুযোগ পেয়ে ব্যর্থ হওয়ায় রহমতগঞ্জ জেতেনি। এবং তিনিও ছাড়িয়ে যেতে পারেননি এমিলি, আলফাজকে (৬ গোল); এই দুজনের সঙ্গে যৌথভাবে ইদ্রিস গোলদাতার তালিকায় শীর্ষে। চট্টগ্রাম স্টেডিয়ামে অন্য ম্যাচে স্থানীয় মোহামেডান ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। ৩৯ মিনিটে আকবর হোসেন রিদন ও ৮৯ মিনিটে রাফায়েল গোল করেছেন। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম মোহামেডান চতুর্থ স্থানে। আর মুক্তিযোদ্ধা ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে দশম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.