ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশের ফুটবলের গ্রাফ আবারো উর্ধ্বমুখী হয়েছে। এক মাসেই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন কমিটির অভিষেক হয়েছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে চরম ভরাডুবি দিয়ে। কিন্তু গত দুমাসে দুটো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার পর অবস্থার উন্নতি হয়েছে। থাইল্যান্ডে মারদেকা কাপ এবং মায়ানমারে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ গ্র"প পর্ব থেকেই বিদায় নিলেও পারফরম্যান্স ওরকম লজ্জাকর নয়। মারদেকায় ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ এবং চ্যালেঞ্জ কাপে স্বাগতিক মায়ানমারের সঙ্গে ড্র করার কারণেই হয়তো তারা সাত ধাপ এগিয়ে গেছে র্যাঙ্কিংয়ে। গত নভেম্বর ছিল বাংলাদেশ ছিল ১৮১ নম্বরে, সেখান থেকে ১৭৪-এ উঠে এসেছে এক মাসে।
এটা দারুণ এক সুখবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের জন্য। তার নেতৃত্বে গতি ফিরে পাওয়া ফুটবলের উন্নতির ধারা অব্যাহত রাখার তাগিদ দিয়ে তিনি বলেছেন, "উন্নতি সবসময়ই আনন্দের। আগামী চার বছর এই ধারা ধরে রাখটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।" কিন্তু আর্ন্তজাতিক টুর্নামেন্ট না খেললে তো আবারও একই অবস্থায় ফিরে যাওয়ার শংকা আছে। এই শংকা উড়িয়ে দিয়ে সভাপতি বলেছেন, "এখন ঘরোয়া লিগ শেষ করাই আমাদের প্রধান কাজ। জানুয়ারি থেকে আমি আবার বিভিন্ন দেশে টুর্নামেন্ট খেলার আমন্ত্রণগুলো বিবেচনা করতে শুরু করবো। কারণ আন্তর্জাতিক ম্যাচ খেলা ছাড়া উন্নতি সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24