মিলান/লন্ডন/মাদ্রিদ, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের রাউন্ডশেষেও দু দলের পয়েন্ট ছিল সমান। জুভেন্টাস ও এসি মিলানের সামনে তাই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ায় সুযোগ এসেছিল রোববার রাতে। সেই লড়াইয়ে জিতেছে জুভেন্টাস। নাটকীয়, উত্তেজনায় ভরা এক ম্যাচে এসি মিলানকে ৪-২ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি 'আ'তে এখন তারা এককভাবে দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানে যথারীতি ইন্টার মিলান। শিয়েভোকে ৪-২ গোলেই হারিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
তুরিনে তুমুল বৃষ্টির মধ্যে মুখোমুখি হয়েছিল গত ২০ বছরে ইতালির সবচেয়ে সফল দুই দল। যে লড়াইয়ে ইনজুরির কারণে গতবারের ফিফা বর্ষসেরা ফুটবলার কাকাকে পায়নি মিলান। এই ক্ষতিকে সঙ্গী করে খেলতে নেমে তারা পিছিয়ে পড়েছে ১৬ মিনিটের সময়। মারেক জানকুলোভস্কি আলেসান্দ্রো দেল পিয়েরোকে ফাউল করলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগিয়ে জুভেন্টাসকে এগিয়ে দেন তাদের দীর্ঘ দিনের সঙ্গী অধিনায়ক দেল পিয়েরো। তবে ১৫ মিনিট পর রোনালদিনিয়োর বাড়িয়ে দেয়া বল ধরে মিলানকে সমতায় ফিরিয়েছেন আরেক ব্রাজিলিয়ান আলেক্সান্দ্রে পাতো। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি তারা। মাত্র চার মিনিট পরই কর্নার থেকে ডিফেন্ডার জিওর্জিও চিয়েলিনির হেড আবার এগিয়ে দেয় স্বাগতিকদের। এবং বিরতির মিনিট চারেক আগে ব্রাজিলিয়ান আমাউরি ৩-১ করেন ব্যবধান।
বিরতির পর ম্যাচে ফিরতে মরীয়া মিলান আন্দ্রেই শেভচেঙ্কোকে নামিয়েছে মাঠে। তার সুফলও পেয়েছে ৫৬ মিনিটে মাসিমো আমব্রোসিনির গোলের মাধ্যমে। কিন্তু সমতায় আর ফিরতে পারেনি তারা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোত্তা বেরিয়ে যাওয়ায় দশ জনে পরিণত হওয়া মিলানের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন আমাউরি, ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং ম্যাচের শেষ গোল করে। যে গোলের ফলে জয় নিশ্চিত হওয়ায় ১৬ রাউন্ড শেষে জুভেন্টাসের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩ পয়েন্ট। শনিবার লেচ্চের বিপক্ষে জয় পাওয়া নাপোলি ও এসি মিলান দু দলেরই পয়েন্ট ৩০, তবে গোলগড়ে এগিয়ে থাকায় নাপোলির অবস্থান তৃতীয়। অন্যদিকে ইব্রাহিমোভিচের দুটো এবং ম্যাক্সওয়েল ও স্ট্যানকোভিচের একটি করে গোলে পাওয়া জয়ে ইন্টার মিলানের সংগ্রহ বেড়ে হয়েছে ৩৯ পয়েন্ট।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখল করার সুযোগ হাতছাড়া করেছে চেলসি। রোববার স্ট্যামফোর্ড ব্রিজে তারা ১-১ গোলে ড্র করে ওয়েস্টহ্যামের সঙ্গে। ৩৩ মিনিটে ক্রেইগ বেলামির গোলে পিছিয়ে পড়া স্বাগতিকদের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সমতায় ফিরিয়েছেন নিকোলাস আনেলকা। লিগে প্রতিপক্ষের মাঠে টানা ১১টা জয় পেলেও ঘরের মাঠে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র তিনটিতে জিততে পেরেছে 'ব্লুজ'। আর তাই ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে চেলসিকে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমান চ্যাম্পিয়নরা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে।
bdnews24