২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এল ক্লাসিকো'-তেও সেই অপ্রতিরোধ্য চেহারার বার্সেলোনা

দু দলের শক্তিমত্তার ব্যবধান স্পষ্টভাবে ফুটে উঠেছিল মাঠে। বার্সেলোনার অজস্র আক্রমণ থেকে জন্ম নেয়া সুযোগের বিপরীতে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছে হাতে গোনা কয়েকটি। অথচ ম্যাচশেষের সংবাদ সম্মেলনে রিয়ালের নতুন কোচ হুয়ান্ডে র‌্যামোসের কণ্ঠে জয় না পাওয়ার আক্ষেপ! সম্পূর্ণ বিপরীত দৃশ্য বার্সেলোনা শিবিরে। শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র 'এল ক্লাসিকো' নামে পরিচিত ম্যাচটি ২-০ গোলে জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে তারা এখন ১২ পয়েন্টে এগিয়ে। কিন্তু সেই আনন্দ চেপে রেখে 'বার্সা' কোচ পেপ গার্দিওলা ভীষণ সতর্ক, লক্ষ্যের পথে ধীর-স্থির-স্থিতধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

মাদ্রিদ, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু দলের শক্তিমত্তার ব্যবধান স্পষ্টভাবে ফুটে উঠেছিল মাঠে। বার্সেলোনার অজস্র আক্রমণ থেকে জন্ম নেয়া সুযোগের বিপরীতে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছে হাতে গোনা কয়েকটি। অথচ ম্যাচশেষের সংবাদ সম্মেলনে রিয়ালের নতুন কোচ হুয়ান্ডে র‌্যামোসের কণ্ঠে জয় না পাওয়ার আক্ষেপ! সম্পূর্ণ বিপরীত দৃশ্য বার্সেলোনা শিবিরে। শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র 'এল ক্লাসিকো' নামে পরিচিত ম্যাচটি ২-০ গোলে জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে তারা এখন ১২ পয়েন্টে এগিয়ে। কিন্তু সেই আনন্দ চেপে রেখে 'বার্সা' কোচ পেপ গার্দিওলা ভীষণ সতর্ক, লক্ষ্যের পথে ধীর-স্থির-স্থিতধী। তার খেলোয়াড়ী-জীবনের সিংহভাগ সময় কেটেছে বার্সেলোনায়। গার্দিওলার হৃদয়ে তাই ক্যাটালান ক্লাবটিকে ঘিরে অনেক সুখ-দুঃখের স্মৃতি। 'এল ক্লাসিকো'ও তার জন্য নতুন কিছু নয়। ১৯৯০ থেকে ২০০১ পর্যন্ত 'বার্সা'য় কাটানোর সময়ে ১০ বার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছিল তার। তবে কোচ হিসাবে এটাই তার প্রথম 'এল ক্লাসিকো'। 'গুরু'র সেই প্রথম 'মিশন'কে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না মেসি-এ'তো-জাভি-অঁরিদের। গার্দিওলার অধীনে এ মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা দুর্বার, দুরন্ত, আক্রমণাত্মক এক দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপরে আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে 'বার্সা'। কিন্তু আর সব কিছু হলেও গোলটাই হচ্ছিল না কিছুতেই। সেজন্য মেসি, অঁরি ও ইয়াইয়া টুরের ব্যর্থতা যেমন দায়ী তেমনি রিয়ালের দুই ডিফেন্ডার ক্যানাভারো ও মেটজেল্ডারের কৃতিত্বও কম নয়। রিয়ালের সামনেও সুযোগ এসেছে। তবে ড্রেন্থের শট বার্সেলোনা গোলকিপার ভালদেস দুর্দান্তভাবে পা দিয়ে ঠেকিয়ে দেয়ার পর ইনজুরি থেকে ফেরা স্নাইডারের প্রচেষ্টা ক্রসবার উঁিচয়ে চলে গেলে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। বিরতির পরও গোলের আশায় মরিয়া স্বাগতিকদের আক্রমণের ঢেউয়ে ভাটা পড়েনি। তেমনই এক আক্রমণ থেকে ৬৮ মিনিটে ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচানোর দ্বারপ্রান্তে পৌঁছে যায় বার্সেলোনা। সার্জিও বাসকুয়েটকে মিচেল সালগাদোর ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টিটা কিন্তু কাজে লাগাতে পারেননি এ'তো। বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে শটটা ঠেকিয়ে দিয়েছেন ক্যাসিয়াস। মিনিট খানেক পর বক্সের ঠিক ওপর থেকে নেয়া এ'তোরই জোরালো শট ফিরিয়ে আবারো দলকে রক্ষা করেছেন রিয়াল গোলকিপার। কিন্তু ৮৩ মিনিটে শেষ রক্ষা হয়নি স্প্যানিশ লিগের গত দু বারের চ্যাম্পিয়নদের। জাভির কর্নার থেকে অধিনায়ক পুয়োলের দারুণ এক হেড এসে পড়ে এ'তোর কাছে। এবার আর বল জালে পাঠাতে ভুল হয়নি ক্যামেরুনের তারকা স্ট্রাইকারের। পিছিয়ে পড়ার পর আক্রমণে উঠে কয়েকটা সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি রিয়াল। বরং ইনজুরি সময়ে আরো একটা গোল খেয়েছে তারা। পাল্টা আক্রমণ থেকে অঁরির বাড়িয়ে দেয়া বল রিয়ালের বক্সের বাঁপ্রান্তে খুঁজে পেয়েছে মেসিকে। দারুণ চাতুর্যের সঙ্গে ক্যাসিয়াসের মাথার ওপর দিয়ে ব্যবধান ২-০ করে ম্যাচের সব উত্তেজনা শেষ করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। যে পরাজয়ে রিয়ালের হ্যাটট্রিক শিরোপার সম্ভাবনাও এখন অনেকখানি ধূসর। 'লা লিগা'য় রিয়ালের কোচ হিসাবে অভিষিক্ত র‌্যামোস অবশ্য এখনই হাল ছেড়ে দিতে রাজি নন। তার দৃঢ় বিশ্বাস এই ম্যাচ রিয়াল যেমন জিততেও পারতো তেমনি এখনো তার দলের সম্ভাবনা শেষ হয়ে যায়নি, "মাঠে যা ঘটেছে সেই বিবেচনায় ফলাফলকে বাহুল্যই বলতে হবে। আমরা কঠোর পরিশ্রম করে দারুণ লড়াই করেছি। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। অবশ্য ফুটবলে তো এমনটা হয়ই। তবে এখনো অনেকগুলো ম্যাচ বাকি। এখন পর্যন্ত বার্সেলোনা অনেক উঁচু মানের ফুটবল খেলেছে। কিন্তু মৌসুমটা অনেকখানি লম্বা। আর আমাদের সামনে ঘরের মাঠের অনেকগুলো ম্যাচও আছে।" র‌্যামোসের কণ্ঠে স্পষ্টতই আশাবাদের সুর। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করা গার্দিওলা অবশ্য এখন আশাবাদী-নৈরাশ্যবাদী কোনোটাই নয়, ভীষণ সতর্ক, "আমরা আরো একটা ম্যাচ জিতলাম। আমাদের সবাই খুব ভালো করেই জানে রিয়াল মাদ্রিদকে হারানোর কী মাহাত্ম্য। তবে এটা শুধুই আরেকটা ম্যাচ। এখনো অনেকগুলো ম্যাচ খেলতে হবে। এবং আমাদের সব প্রতিপক্ষই বিপজ্জনক। (রিয়ালে চেয়ে) লিডটা সুখকর। তবে আমরা তো শুধু ওদের বিপক্ষে খেলছি না।" শনিবারের আরেক ম্যাচে এসপানিওলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া (৩০ পয়েন্ট)। তবে রোববার রাতে সেভিয়াকে (২৭) হারাতে পারলে দ্বিতীয় স্থান ফিরে পাবে ভিলারিয়াল (২৯)। আর রিয়াল মাদ্রিদ? ২৬ পয়েন্ট নিয়ে পড়ে আছে পঞ্চম স্থানেই! র‌্যামোস যতই আশাবাদী হোন, বার্সেলোনার সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান ঘোচানো শুধু কঠিনই নয়, ইনজুরি সমস্যায় জর্জরিত তার দলের জন্য ভীষণ দুরূহ হওয়ারই কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮২০ঘ.