ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- নিজেদের ভুলে যাওয়া সমৃদ্ধ অতীতের কথা অবশেষে মনে পড়েছে বাফুফের। স্বাধীন বাংলা ফুটবল দলের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অংশগ্রহনের স্মৃতি যেন এতদিন ভুলে থাকার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার নতুন কমিটি উদ্যোগ নিয়েছে সেই ৩৩ জন কীর্তিমানকে বিজয়ের মাসে বিশেষভাবে সম্মানিত করার। স্বাধীনতার ৩৭ বছর পর আগামী ২২ ডিসেম্বর বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে হবে তাদের সংবর্ধনা অনুষ্ঠান। স্মৃতিকে জাগরুক রাখতে মুক্তিকামী ফুটবল দলের ৩৩ সদস্যের নাম বাফুফে ভবনে খোদাই করে রাখারও ব্যবস্থাও করছে।
তারা অস্ত্র হাতে যুদ্ধ করেননি। কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলেছিল স্বাধীনবাংলা ফুটবল দল। স্বাধীন হওয়ার আগে তারাই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল বিদেশের মাটিতে। ফুটবলারদের এই গৌরবগাঁথার কোনো সংরক্ষণ নেই ফেডারেশনে! নেই সেই দলের সদস্যদের নাম-ধামও ! এখন অবশ্য বাফুফে আগ্রহী হয়েছে, হয়তো সভাপতি কাজী সালাউদ্দিন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বলে। সংবর্ধনা দেওয়ার জন্য তারা দলের পুরো তালিকা সংগ্রহ করেছে সরকারি গেজেট থেকে। ২০০৩ সালের এই গেজেটে আছে ৩১ জনের নাম। নেই দলের কোচ প্রয়াত ননী বসাক ও ম্যানেজার তানভীর মাজহার তান্নার নাম। এই দুটো নাম যোগ করেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৩ জনে।
তবে ২২ ডিসেম্বর আসতে আসতে সংখ্যাটা আরো বড়ও হতে পারে। কারণ সাবেক ফুটবলার সহীদুর রহমান সান্টু জানিয়েছেন, তালিকায় মরহুম লুৎফুর রহমানের নাম অনুপস্থিত। পুরনো ঢাকার এই ভদ্রলোকই নাকি স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম ম্যানেজার। বাফুফের বিগত কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আনোয়ারুল হক হেলাল স্বীকার করেছেন, "আমাদের কাছে স্বাধীন বাংলা দল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই। আমরা চেষ্টা করছি এসব সংগ্রহ করতে। কারণ বাংলাদেশের ফুটবলের জন্য এটা অসামান্য এক ইতিহাস।" এখন তা সমাদর না পেলেও ভবিষ্যতের জন্য হয়তো গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক সংগ্রহে পরিণত হবে। যখন ইতিহাসের সাক্ষীরা কেউ থাকবে না।
এখনই দলটি ছোট হয়ে গেছে ৫ জন এই ধরাধাম ছেড়ে যাওয়ায়, তারা হলেন আলী ইমাম, শেখ মনসুর আলী লালু, মনিরুজ্জামান পেয়ারা, মহমুদুর রশিদ ও ননী বসাক। বেঁচে থাকাদের মধ্যে অনেকেই হয়েছেন দেশান্তরী। যতটুকু জানা গেছে, আমেরিকায় আছেন প্রাণগোবিন্দ কুণ্ডু ও সাইদুর রহমান প্যাটেল, ভারতে আছেন অনিরুদ্ধ চ্যাটার্জি ও নিহার কান্তি দাস। এছাড়া জীবিকার তাগিদে অনেক আগে এনায়েতুর রহমান কানাডায় এবং ফজলে সাদনাইন খোকন জার্মানিতে চলে গেছেন। আসলে স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যসন্তানদের কদরও ফুরিয়ে গেছে এদেশে। নইলে অন্তত বাফুফে তো মনে রাখতো তাদের কথা। যখন মনে করছে তখন অনেকের অবস্থা বেশ করুণ, দিন-যাপন করাই নাকি কষ্টসাধ্য! মাসে মাসে কিছু অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথাও ভাবছে কাজী সালাউদ্দিনের বাফুফে। এসব ঘোষণা আকারে প্রচারিত হবে ২২ ডিসেম্বর সংর্ধনার দিনে। আনোয়রুল হক হেলাল বলেছেন, "সম্বর্ধনা উপলক্ষে কনসার্টও হবে। সিটিসেল এবং বাফুফের যৌথ উদ্যোগে হবে এই অনুষ্ঠান।"
স্বাধীন বাংলা ফুটবল দল :
ম্যানেজার : তানভীর মাজহার তান্না, কোচ : ননী বসাক, খেলোয়াড় : জাকারিয়া পিন্টু (অধিনায়ক), প্রতাপ শংকর হাজরা, আলী ইমাম, মোহাম্মদ কায়কোবাদ, অমলেশ সেন, আইনুল হক, শেখ আশরাফ আলী, বিমল কর, শাহজাহান আলম, মনসুর আলী লালু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, কে এন নওশেরুজ্জামান, সুভাষ সাহা, ফজলে হোসাইন খোকন, আবুল হাকিম, তসলিম উদ্দিন শেখ, আমিনুল ইসলাম, আব্দুল মমিন জোয়ারদার, মনিরুজ্জামান পেয়ারা, সাত্তার, প্রাণগোবিন্দ কুণ্ডু, মুজিবর রহমান, মেজর জেনারেল খন্দকার নুরুন্নবী (অব.) লুৎফর রহমান, অনিরুদ্ধ চ্যাটার্জি, সনজিত কুমার দে, মাহমুদুর রশিদ, সাইদুর রহমান প্যাটেল, দেওয়ান মোহাম্মদ সিরাজ উদ্দিন ও নিহার কান্তি দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24