২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেভিয়ার কাছে হেরে আরো পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ

ব্যর্থতার বৃত্ত থেকে আবারো বেরিয়ে আসতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় নিজেদের মাঠেই সেভিয়ার কাছে ৩-৪ গোলে হেরে যাওয়ায় শিরোপা লড়াই থেকেও অনেকখানি পিছিয়ে পড়েছে তারা। তবে রিয়ালের মতো ভুল করেনি ইতালির দুই শিরোপা প্রত্যাশী জুভেন্টাস ও এসি মিলান। জুভেন্টাস ২-১ গোলে লেচ্চেকে এবং মিলান ১-০ গোলে ক্যাটানিয়াকে হারিয়ে ইতালিয়ান সিরি 'আ'র শিরোপা পুনরূদ্ধারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

মাদ্রিদ/রোম, ৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যর্থতার বৃত্ত থেকে আবারো বেরিয়ে আসতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় নিজেদের মাঠেই সেভিয়ার কাছে ৩-৪ গোলে হেরে যাওয়ায় শিরোপা লড়াই থেকেও অনেকখানি পিছিয়ে পড়েছে তারা। তবে রিয়ালের মতো ভুল করেনি ইতালির দুই শিরোপা প্রত্যাশী জুভেন্টাস ও এসি মিলান। জুভেন্টাস ২-১ গোলে লেচ্চেকে এবং মিলান ১-০ গোলে ক্যাটানিয়াকে হারিয়ে ইতালিয়ান সিরি 'আ'র শিরোপা পুনরূদ্ধারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। সান্টিয়াগো বার্নাব্যুতে তৃতীয় মিনিটেই গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। ডানদিক থেকে উড়ে আসা জেসাস নেভাসের ক্রস ক্যাসিয়াস ফিস্ট না করে আলতো স্পর্শ করায় বল চলে আসে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আদ্রিয়ানো কোরেইয়ার পায়ে। সুযোগটা কাজে লাগিয়ে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে সেভিয়াকে এগিয়ে দেন আদ্রিয়ানো। অবশ্য ১৯ মিনিটে দারুণ এক ডাইভিং হেডে ম্যাচে সমতা ফিরিয়ে নিয়ে আসেন রিয়ালের বহু সাফল্যের রূপকার অধিনায়ক রাউল। কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৩ মিনিট পরই ফ্রিকিকে মাথা ছুঁইয়ে সফরকারীদের আবার এগিয়ে দেন আইভরি কোস্ট মিডফিল্ডার রোমারিক। এবং ৩৮ মিনিটে রিয়াল ডিফেন্ডারদের ভুলের সুযোগে ব্যবধানটা ৩-১ করেন মালির স্ট্রাইকার ফ্রেডেরিক ক্যানুটে। বিরতির সময় রিয়ালের খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমে ফিরছিল তখন দর্শকদের দুয়োধ্বনি আর রিয়াল প্রেসিডেন্ট রেমন ক্যালদেরনের পদত্যাগের দাবীতে বার্নাব্যুর গ্যালারি রীতিমতো মুখর! এটাই বোধহয় জাগিয়ে তুলেছে স্পেনের সফলতম ক্লাবটিকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষের ডিফেন্সে একেবারে আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে তারা। তার সুফল পেতেও দেরি হয়নি। ৬৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড গনজালো হিগুইয়েনের প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া জোরালো শট খুঁজে পেয়েছে সেভিয়ার জাল (৩-২)। এবং তার দু মিনিট পর ফ্রিকিক থেকে হিগুইয়েনের স্বদেশী ফার্নান্দো গ্যাগোর হেড ম্যাচে সমতা নিয়ে এসেছে আবার। কিন্তু ম্যাচটা ড্র করতে পারেনি স্বাগতিকরা। সেজন্য তাদের দুর্ভাগ্য যেমন দায়ী তেমনি সেভিয়ার গোলরক্ষক আন্দ্রেস প্যালপের কৃতিত্বও কম নয়। রিয়ালের দুটো প্রচেষ্টা সেভিয়ার পোস্টে লেগে বাধাপ্রাপ্ত হওয়ার পাশাপাশি প্যালপ কয়েকটা দুর্দান্ত সেভ করে হতাশ করেছেন স্বাগতিক দর্শকদের। এরই মাঝে রেফারির সঙ্গে অহেতুক তর্ক করে পুরো ম্যাচে দুর্দান্ত খেলা আরিয়েন রোবেন লালকার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেই ধাক্কা তারা আর সামলে উঠতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট ছয়েক আগে রেনাটোর হেড সেভিয়ার জয়ের পাশাপাশি নিশ্চিত করে দেয়া রিয়ালের পরাজয়। যে পরাজয়ে তারা এখন শিরোপা-দৌড় থেকে অনেকখানি পিছিয়ে। ১৪ রাউন্ডশেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পেছনে থাকায় তাদের অবস্থান পঞ্চম। দ্বিতীয় স্থানে আছে ভিলারিয়াল (২৯ পয়েন্ট)। ভ্যালেন্সিয়া ও সেভিয়া দু দলেরই পয়েন্ট ২৭। তবে গোলগড়ে পিছিয়ে থাকায় সেভিয়া আছে চতুর্থ স্থানে। আগামী শনিবার ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে দলের এমন দুরবস্থায় স্বাভাবিকভাবেই মর্মাহত রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর প্রেদ্রাগ মিয়াতোভিচ, "(বার্সার বিপক্ষে ম্যাচের আগে) এমন অবস্থার কথা আমরা কল্পনাও করতে পারিনি। রোবেনকে ছাড়া এবং বেশ কয়েক জন খেলোয়াড়ের ইনজুরির কারণে ম্যাচটা ভীষণ কঠিন হবে আমাদের জন্য।" এসি মিলান শিবিরও এখন ইনজুরির আঘাতে জর্জরিত। দুই ফরোয়ার্ড রোনালদিনিয়ো ও মার্কো বোরিয়েল্লো এবং তিন মিডফিল্ডার ক্ল্যারেন্স সিডর্ফ, আন্দ্রিয়া পির্লো ও মাসিমো আমব্রোসিনি মাঠে নামতে পারেনি রোববার। তারপরও ঘরের মাঠ সানসিরোতে ৬৫ মিনিটে কাকার গোলে মিলান হারিয়ে দিয়েছে ক্যাটানিয়াকে। লেচ্চের মাঠে জয়ের জন্য জুভেন্টাসকে অবশ্য শেষ মুহূর্তের গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে। ইনজুরিতে পড়া অধিনায়ক আলেসান্দ্রো দেল পিয়েরোর অনুপস্থিতিতে সুযোগ পাওয়া ইতালির অনূর্ধ্ব-২১ দলের ফরোয়ার্ড জিওভিঙ্কোর গোল ৫৬ মিনিটের সময় এগিয়ে দিয়েছিল জুভেন্টাসকে। ৮৪ মিনিটে দুর্দান্ত এক ভলিতে ম্যাচে সমতা নিয়ে আসেন ক্যাসিয়া। তবে ৮৯ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আমাউরির লক্ষ্যভেদ তিন পয়েন্ট এনে দিয়েছে 'জুভ'দের। যে জয়ের ফলে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সিরি 'আ'র দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। পয়েন্ট সমান হলেও গোলগড়ে পিছিয়ে থাকায় মিলানের অবস্থান তৃতীয়। আগামী সপ্তাহেই তুরিনে মুখোমুখি হবে জুভেন্টাস ও মিলান। সিয়েনাকে ২-০ গোলে হারানো নাপোলি আছে চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩০ঘ.