২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে বড় বাধা পার করে দিলেন জাহিদ

ব্রাদার্সও নিশ্চয় ভয়ে ছিল রহমতগঞ্জকে নিয়ে। বিশেষ করে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে তাদের দুর্দান্ত জয়ের পর, তখন থেকেই তো তারা জায়ান্ট-কিলার। কিন্তু এবার জিতেছে জায়ান্টরা, জিতিয়েছেন জাহিদ হোসেন। ব্রাদার্স ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে প্রথম লেগের এক ম্যাচ হাতে রেখে ৯ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয়স্থানে মোহামেডানের সঙ্গে। রহমতগঞ্জ বসে আছে ১৩ পয়েন্টেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ব্রাদার্সও নিশ্চয় ভয়ে ছিল রহমতগঞ্জকে নিয়ে। বিশেষ করে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে তাদের দুর্দান্ত জয়ের পর, তখন থেকেই তো তারা জায়ান্ট-কিলার। কিন্তু এবার জিতেছে জায়ান্টরা, জিতিয়েছেন জাহিদ হোসেন। ব্রাদার্স ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে প্রথম লেগের এক ম্যাচ হাতে রেখে ৯ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয়স্থানে মোহামেডানের সঙ্গে। রহমতগঞ্জ বসে আছে ১৩ পয়েন্টেই। শনিবারের এই ম্যাচে জায়ান্ট ও জায়ান্ট-কিলারের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা প্রথমার্ধেই উবে গেছে। কারণ শুরু থেকে রহমতগঞ্জ অগোছালো। আর ব্রাদার্স খেলেছে নিজেদের প্রত্যাশিত মান বজায় রেখে। কিন্তু পুরনো রোগ মাথাছাড়া দেওয়ায় গোলের কাছাকাছি পৌঁছেও তারা গোল বঞ্চিত থেকেছে। রোগটা স্ট্রাইকারদের অহরহ গোল মিস। যা নিয়ে প্রায়শই আক্ষেপ করেন ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল। না জিতলে হয়তো এই ম্যাচের পরও সেই আক্ষেপ বড় হয়ে যেতো তার। কারণ ৭ মিনিটে রহমতগঞ্জ পোস্টের সামনে দাঁড়িয়ে তপুর মিসটা অমার্জনীয় অপরাধের পর্যায়ে নিয়ে গেলে কিছু বলার থাকে না। ডানদিক থেকে পাঠানো মতিউর মুন্নার ক্রসটি একেবারে মাথায় এসে পড়লেও আনমার্কড এই স্ট্রাইকার হেড করে বলটি বাইরে পাঠিয়ে দিলেন। রহমতগঞ্জের ডিফেন্ডার হলে যা করতেন ! এরপর ২১ মিনিটে ব্রাদার্স মিডফিল্ডার মতিউর মুন্নার শট ডিবক্সে রহমতগঞ্জের ডিফেন্ডার জাহাঙ্গীর পাটোয়ারীর হাতে লাগলেও পেনাল্টির দাবি উপেক্ষা করেছেন রেফারি আব্দুল হান্নান মিরন। একই অপরাধে এই রেফারি দ্বিতীয়ার্ধে আবার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন ! বাঁশির সুর হারহামেশা এরকম বেসুরো শোনায় বলে প্রশ্ন উঠে রেফারিঙের মান নিয়ে। দ্বিতীয়ার্ধে জাহিদ হোসেনের জেগে ওঠায় এসব ভুল-ভ্রান্তি শেষপর্যন্ত ঢাকা পড়ে গেছে। এই তরুণ মিডফিল্ডার এবার দুর্দান্ত খেলছেন। তার মাঝমাঠে কর্তৃত্ব করার ক্ষমতার সঙ্গে দু-পায়ের তীব্র গতির শট যোগ করলে অনাগত ভবিষ্যৎ তাকে রোমাঞ্চিত করবেই। এই ম্যাচে যেমন দু-দুটো গোল করে তিনি পার করে দিয়েছেন ব্রাদার্সকে। ৫৯ মিনিটে হেনরির কাছ থেকে বল পেয়ে এই মিডফিল্ডার রহমতগঞ্জ ডিফেন্সে হানা দিয়ে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। মিনিট তিনেক পরেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে জাহিদ রহমতগঞ্জকে অনেকখানি ছিটকে দেন লড়াই থেকে। পেনাল্টির উৎস রহমতগঞ্জের ডিফেন্ডার শিপনের হাত, ডিভাইনের শট লেগেছিল তার হাতে। কিন্তু রহমতগঞ্জও তো জায়ান্ট-কিলার, তাদের বিপক্ষে অতো সহজে জয় পেয়ে যাবে তা হয় না। ঠিকই শেষমুহুর্তে গোল করে দু'মিনিটের জন্য আতংক ছড়িয়েছিল ব্রাদার্স শিবিরে। ইনজুরি টাইমে খাওয়া এই গোলের জন্য দায়ী ব্রাদার্স গোলরক্ষক জিয়া। অকারণে তাকে ডিবক্সের মাথায় এসে দাঁড়িয়ে থাকতে দেখে রহমতগঞ্জের ফ্রান্সিস মাঝমাঠ থেকে পোস্টে বল তুলে দারুন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। প্রথমার্ধেও এরকম সুযোগ তৈরি করে দিয়েছিলেন জিয়া। সেবার অবশ্য বল ক্লিয়ার করতে তিনি ওপরে ওঠেন। কিন্তু বল ফ্রান্সিসের পায়ে পড়তেই পোস্ট লক্ষ্য করে শট নেন, পেছনে এক ডিফেন্ডার থাকায় রক্ষা পায় ব্রাদার্স। ব্রাদার্সকে ভাল খেলার অভিনন্দন জানিয়ে রহমতগঞ্জের কোচ গোলাম আজিজ জিলানী স্বীকার করে নিয়েছেন, "আমাদের পারফরম্যান্স ভাল হয়নি। ওরা সুযোগগুলো ভালভাবে কাজে লাগিয়েছে, আমরা পারিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.