২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালে যোগ দিতে পারতেন রোনালদো!

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়েই তার পাদপ্রদীপের আলোয় উঠে আসা, তারকাখ্যাতি। অথচ ম্যানইউ ছেড়ে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো! ফুটবল ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল'কে দেয়া এক সাক্ষাতকারে কোনো রাখ-ঢাক না করে সে কথাই জানালেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 09:38 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

প্যারিস, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়েই তার পাদপ্রদীপের আলোয় উঠে আসা, তারকাখ্যাতি। অথচ ম্যানইউ ছেড়ে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো! ফুটবল ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল'কে দেয়া এক সাক্ষাতকারে কোনো রাখ-ঢাক না করে সে কথাই জানালেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। গত সপ্তাহে এই 'ফ্রান্স ফুটবল' আয়োজিত এক জরীপেই এবারের ব্যালন ডি' অর বা ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন রোনালদো। ২০০৮ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়েরও তিনি অন্যতম দাবীদার। গত মৌসুমে ৪২ গোল করে ম্যানইউ'র ইংলিশ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বিশাল ভূমিকা রাখার জন্যই ব্যালন ডি' অরের পাশাপাশি ফুটবলারদের সবচেয়ে মর্যাদাজনক পুরস্কারের হাতছানি তার সামনে। অথচ সেই ম্যানইউ ছেড়ে তাদেরই অন্যতম প্রতিদ্বন্দ্বী দলে যোগ দেয়ার কথা ভাবছিলেন রোনালদো। তবে অ্যালেক্স ফার্গুসনের দল তাকে তিন গুণ বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। 'ফ্রান্স ফুটবল'-এর সঙ্গে কথা বলার সময় সেটাই জানালেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড, "(আর্সেনালে যোগ দেয়ার ব্যাপারে) মাত্র এক ইঞ্চি দূরে দাঁড়িয়ে ছিলাম আমি। (আর্সেনাল ম্যানেজার আর্সেন) ওয়েঙ্গারকে আমি দারুণ শ্রদ্ধা করি। তিনি খুবই বিচক্ষণ মানুষ।" অবশ্য শুধু টাকার কারণে নয়, নিজের তারকাখ্যাতির জন্যও ম্যানইউ তার কাছে এখন প্রিয় জায়গা। ৫ বছর আগে 'রেড ডেভিল'দের দলে যোগ দেয়া রোনালদোর কথাতেই তা সুস্পষ্ট, "ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকে প্রতি বছরই আমি উন্নতি করেছি। প্রত্যেক মৌসুমেই আমি কিছু না কিছু অর্জন করেছি। আমি চাই আরো শিরোপা, আরো পুরস্কার এবং আরেকটা ব্যালন ডি' অর।" তবে নিজের অর্জনে খুশি হলেও সেজন্য আত্মতৃপ্তিতে ভেসে যেতে রাজি নন ম্যানইউ'র হয়ে এ পর্যন্ত ৭৪ গোল করা এই তরুণ ফরোয়ার্ড, "আমার মনে হয় আমি ইতিহাসে জায়গা করে নিয়েছি। এবং আমার বয়স মাত্র ২৩। কিন্তু আমাকে আরো অনেক কাজ করতে হবে। আমি কখনোই আত্মতৃপ্তিতে ভুগি না। আগামী বছর আরো বেশি কিছু করতে চাই আমি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৭ঘ.