ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মাত্র ৪৫ মিনিটের এক 'বিগ ম্যাচে' আবাহনী ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে! আরও বিশেষভাবে বললে মাত্র এমেকা-এমিলির ১২ মিনিটের ভেল্কিতে তাদের শেখ রাসেল-বধ শেষ! বিস্ময়কর ঘটনাই বটে, ঠিক আগের ম্যাচে ব্রাদার্স যাদের নিয়ে ছেলেখেলা করেছে সেই ঢাকা আবাহনী শেখ রাসেলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে প্রথম লেগ শেষ করেছে। এবং ১০ খেলায় ২২ পয়েন্ট নিয়ে বি. লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানই ধরে রেখেছে। শেখ রাসেল দ্বিতীয়স্থানে আছে ৯ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে। নিজেদের শেষ ম্যাচটি জিতলেও তারা থাকবে দ্বিতীয়াস্থানে। এক ম্যাচ বাকি থাকা ঢাকা মোহামেডানের (১৬ পয়েন্ট) পক্ষেও আর প্রথম লেগে ঢাকা আবাহনীকে ছোঁয়া সম্ভব নয়।
অথচ চ্যাম্পিয়নদের নিয়ে আশংকা ক্রমেই দানা বাঁধছিল সমর্থকদের মনে। বিশেষ করে ব্রাদার্সের বিপক্ষে তাদের পারফরম্যান্স ও ২-০ গোলে হারের পর শেখ রাসেলের সঙ্গে ম্যাচটি নিয়ে বেশ ভাবিয়ে তুলেছিল। কিন্তু মাত্র ৪৫ মিনিট মানে দ্বিতীয়ার্ধে খেলেই হেসে-খেলে পার হয়ে গেল আবাহনী ! আসলে শেখ রাসেলের কৌশলেই তাদের ঘায়েল করেছে আবাহনী। কৌশলটা হচ্ছে, প্রথমার্ধ কোনোরকমে পার করে দিয়ে দ্বিতীয়ার্ধের জন্য শক্তি সঞ্চয় করা। দু'দল একই কৌশল অবলম্বন করায় এমন একটা বড় ম্যাচের ম্যাচের প্রথমার্ধ একেবারে উত্তেজনাহীন। উত্তেজনার সৃষ্টি হয়েছে কেবল শেখ রাসেলের ক্রমাগত ফাউলে। প্রতিপক্ষের আসল খেলোয়াড়দের মনে ভয় ধরিয়ে দেওয়াই হয়তো মূল উদ্দেশ্য ছিল। এছাড়া বলার মতো কোনো আক্রমণই ছিল না কোনো পক্ষের।
এরকম প্রথমার্ধ দেখার পর আবাহনী সমর্থকরা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন। তারা তো আর জানে না এটা ম্যাচ বের করার অন্য এক কৌশল। সেজন্য এই ম্যাচে শুরু থেকে আবাহনী একাদশে খেলেছেন দুই ডিফেন্সিভ মিডফিল্ডার, জয় ও প্রাণতোষ। ম্যাচ শেষে আবাহনীর কোচ অমলেশ সেনও খুলে বলেছেন কৌশলের কথা, "প্রথমার্ধে আমরা গোল না খাওয়ার দিকেই বেশি মনযোগী ছিলাম। পরিকল্পনা ছিল দ্বিতীয়ার্ধে আমরা গোলের জন্য ঝাঁপাবো এবং আক্রমণের গতি বাড়ানোর জন্য আমি জাহেদ পারভেজকেও ওয়ার্ম আপ করিয়ে রেখেছিলাম।"
কিন্তু কৌশলের এমনই গুন যে সেই জাহেদ নামার আগেই আবাহনী জয় নিশ্চিত করে ফেলে। ৪৯ মিনিটে আবুলের বানিয়ে দেওয়া বলে ঘানাইয়ান ইব্রাহিমের শট গিয়ে লাগে বুরদ্বীপ মোহাম্মদের বাঁ-হাতে। অবধারিত পেনাল্টি। গোললাইনের ৬/৭ গজ বাইরে দাঁড়ানো শেখ রাসেলের এই মিশরীয় ডিফেন্ডারও বুঝে যান এর প্রতিবাদ করাও অশোভন। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দলকে এগিয়ে নেন এমেকা ক্রিশ্চিয়ানো। তার ৮ মিনিট পরে আবাহনী দ্বিতীয় গোল পায় এই নাইজেরিয়ানের প্লেসিং শটে। তবে গোলটি জাহিদ হোসেন এমিলির ঘরে গেলেই ভাল মানাতো। আবুলের থ্রু-পাস আয়ত্তে নিয়ে তিনি ডি বক্সে ঢুকে শট নিলে তা ঠেকান শেখ রাসেলের গোলরক্ষক খালেদ আজম বিপ্লব। কিন্ত ফিরতি বলে এমেকা বি. লিগে নিজের সপ্তম গোল করে আলফাজ আহমেদের সঙ্গে যুগ্মভাবে এখন গোলদাতাদের তালিকার শীর্ষে।
দুই গোল খাওয়ার পর শেখ রাসেল পুরোপুরি এলোমেলো হয়ে যায়। গোলের জন্য ঝাঁপাতে গিয়ে উল্টো আরেক গোল হজম করে। ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দ্রুত আক্রমণে উঠে ইব্রাহিম বাঁদিক থেকে মাইনাস করেন, তা পোস্টে প্লেসিং করে এমিলি পেয়ে গেছেন নিজের ষষ্ঠ গোল। সুবাদে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয়স্থানে আছেন বুকোলার সঙ্গে। এরপর শেখ রাসেলের ছিন্নভিন্ন ডিফেন্সে এমেকা দুদুবার হ্যাটট্রিক পূরণের সুযোগ পেয়েও পারেননি।
কিন্তু এরকম একটি 'বিগ ম্যাচের' সঙ্গে বেমানান তথ্য হল, শেখ রাসেল গোল করার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। শেখ রাসেল কোচ ওয়াজেদ গাজী বলেছেন, "দ্বিতীয়ার্ধে আমরা আক্রমণে ওঠার আগেই দু-দুটি গোল হজম করায় পুরো দল দাঁড়িয়ে গেছে। আমাদের মাঝমাঠ পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। তাই একবারও আমরা গোল করার মতো সুযোগ তৈরি করতে পারিনি।" আসলে কৌশলেই মার খেয়ে গেছে তারা। এর আগের দুটো বিগ ম্যাচে শেখ রাসেল প্রথমার্ধে প্রতিপক্ষকে ক্লান্ত করে দ্বিতীয়ার্ধে নিজেরা আধিপত্য করেছে। এই কৌশল আবাহনী ধরে ফেলার পর তাদের নতুন কোনো কৌশল নেওয়া উচিত ছিল। তাৎক্ষণিকভাবে নিজেদের কৌশল পরিবর্তন করতে না পারায় জমলো না ম্যাচটি। হয়ে গেল একতরফা একটি ম্যাচ।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.
bdnews24