লন্ডন/মিলান, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেশ কিছু দিন ধরেই তার পারফরম্যান্স বেশ অনুজ্জ্বল। তবে দুঃসময়কে পেছনে ফেলে বুধবার রাতে চার-চারটি গোল করেছেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদেই ব্ল্যাকবার্ন রোভার্সকে ৫-৩ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য সাফল্যে ভাস্বর হয়ে উঠলেও রাতটা ভালো কাটেনি এসি মিলানের। রোববার ইতালিয়ান সিরি 'আ'তে পালেরমোর কাছে ১-৩ গোলে হেরে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই তারা আবার পরাজিত! তাদেরকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লাৎসিও।
অথচ এই ম্যাচেই এ মৌসুমের ইতালিয়ান কাপে প্রথম বারের মতো দুই ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিয়ো ও কাকাকে প্রথম একাদশে রেখে মাঠে নেমেছিল মিলান। কিন্তু ম্যাচের শুরু থেকে বর্তমান ও সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের উপস্থিতিও জয় এনে দিতে পারেনি ইতালির অন্যতম সফল ক্লাবটিকে।
অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই। ৬৬ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এমারসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও তার ১১ মিনিট পর আন্দ্রেই শেভচেঙ্কোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় মিলান। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট তিনেক আগে মাউরো জারাটে পেনাল্টি থেকে গোলটা শোধ করে দিলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মেসিডোনিয়ান স্ট্রাইকার গোরান পান্দেভের লক্ষ্যভেদেই জয় নিশ্চিত হয়ে যায় লাৎসিওর।
ওল্ড ট্র্যাফোর্ডে বেশ কয়েক জন তারকাকে বিশ্রামে রেখে ব্ল্যাকবার্নের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তেভেজের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের। একটি পেনাল্টি থেকে করলেও আর্জেন্টাইন তারকার বাকি তিন গোলেই ছিল নৈপুণ্যের ছোঁয়া। বিশেষ করে শেষ মুহূর্তে একক প্রচেষ্টায় করা ম্যাচের শেষ গোলটা ছিল এক কথায় অসাধারণ। 'রেড ডেভিল'দের পক্ষে অন্য গোলটা করেছেন ন্যানি।
বুধবার ম্যানইউ ছাড়াও ইংলিশ লিগ কাপের শেষ চার নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন টটেনহাম হটস্পার। পিছিয়ে পড়েও তারা ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নশিপ বা দ্বিতীয় বিভাগের দল ওয়াটফোর্ডকে। টমাস প্রিসকিনের গোলে ওয়াটফোর্ড এগিয়ে গেলেও বিরতির ঠিক আগে রোমান পাভলিউচেঙ্কোর পেনাল্টি সমতা নিয়ে আসে ম্যাচে। দ্বিতীয়ার্ধে ড্যারেন বেন্টের গোলে জয়ের পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত হয়ে যায় 'স্পার্স' নামে পরিচিত টটেনহামের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৯ঘ.
bdnews24