ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মুক্তিযোদ্ধা আবারো পরাজয়ের বৃত্তে ঢুকে পড়েছে। বুধবার তারা ২-০ গোলে হেরেছে ফরাশগঞ্জের কাছে। তাদের জয়ের নায়ক এনামুল হোসেন, দুটি গোলই করেছেন এই তরুণ স্ট্রাইকার। সুবাদে ফরাশঞ্জের সংগ্রহ বেড়ে হয়েছে ৯ খেলায় ১২ পয়েন্ট। আর মুক্তিযোদ্ধার ৯ ম্যাচে সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আরো বড় ব্যবধানে জিততে পারতো ফরাশগঞ্জ। শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলে তারা গোল পায় ৩০ মিনিটে। বাঁদিক থেকে বক্সে ঢুকে এনামুল বাঁ পায়ের তীব্র শটে পরাস্ত করেন মুক্তিযোদ্ধার দু নম্বর গোলরক্ষক হিমেলকে। আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়া গোলরক্ষক নিজাম মজুমদার এখনো মাঠে নামার মতো ফিট হননি। ৪৩ মিনিটে মুক্তিযোদ্ধার দ্বিতীয় গোলটিও করেছেন এনামুল। জনসনের বাড়ানো বলটি ডিফেন্ডারের পায়ে পড়ার আগেই তিনি বল প্লেসিং করে দেন মুক্তিযোদ্ধার পোস্টে।
এক তরফা এই ম্যাচে দ্বিতীয়ার্ধেও বেশ সুযোগ পায় ফরাশগঞ্জ। বিশেষ করে এনামুল তার হ্যাটট্রিকের জন্য বেশ দৌঁড়-ঝাপ করেছেন, কিন্তু সেটা শেষপর্যন্ত আর হয়ে ওঠেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম২১৩৫ঘ.
bdnews24