ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্রই দুদিন আগে তারা হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল চেলসিকে। কিন্তু প্রিমিয়ার লিগের সেই দারুণ জয়টা ভালোমতো উদযাপন করার আগেই বড় একটা ধাক্কা খেয়েছে আর্সেনাল- ইংলিশ লিগ কাপ থেকে তাদের বিদায় করে দিয়েছে চ্যাম্পিয়নশিপ বা দ্বিতীয় বিভাগের দল বার্নলি।
মঙ্গলবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-০ গোলে জিতেছে এ মৌসুমে লন্ডনের বড় ক্লাবগুলোর আতঙ্ক হয়ে ওঠা বার্নলি। দুই অর্ধে দলের পক্ষে দুটি গোলই করেছেন কেভিন ম্যাকডোনাল্ড।
এর আগের রাউন্ডেই টাইব্রেকারে চেলসিকে হারিয়েছিল বার্নলি, তার আগে লন্ডনের আরেক ক্লাব ফুলহ্যামকেও বিদায় করে দিয়েছে তারা। ২৫ বছর অপেক্ষার পর বড় কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো দ্বিতীয় বিভাগের এই দলটি।
মঙ্গলবার এই টুর্নামেন্টের অন্য কোয়ার্টার ফাইনালেও দ্বিতীয় বিভাগের ক্লাব ডার্বি কাউন্টির কাছে ১-০ গোলে হেরে গেছে প্রিমিয়ার লিগের ক্লাব স্টোক সিটি।
বুধবার অন্য দুটি কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পার ওয়াটফোর্ডের আর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ব্ল্যাকবার্ন রোভার্সের মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫১৯ ঘ.
bdnews24