লন্ডন, ২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদ্বন্দ্বীর তালিকায় ছিলেন বছর খানেক ধরে দুর্দান্ত খেলা লিওনেল মেসি। ছিলেন তিন স্প্যানিয়ার্ড গত মৌসুমে লিভারপুলের হয়ে দারুণ পারফর্ম করা ফার্নান্দো তরেস, 'ইউরো ২০০৮' এর সেরা ফুটবলার নির্বাচিত জাভি এবং স্পেনের ইউরো জয়ের অন্যতম নায়ক ইকার ক্যাসিয়াস। কিন্তু সবাইকে পেছনে ফেলে ব্যালন ডি' অর-এর সোনালী বলের ট্রফিটা উঠলো ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। মাত্র ২৩ বছর বয়সে যে পুরস্কারটা জিতে নিয়ে পর্তুগিজ তারকা একেবারে আনন্দে আত্মহারা।
উচ্ছ্বাসে ভেসে যাওয়ারই কথা। ফরাসী ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' আয়োজিত এক জরীপে সারা দুনিয়ার ৯৬ জন সাংবাদিকের ভোটে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ায় ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হিসাবে বিবেচিত ব্যালন ডি' অর এখন রোনালদোর দখলে। ইদানিং মাঠের পারফরম্যান্সে মেসি তার চেয়ে অনেক বেশি ঔজ্জ্বল্য ছড়ালেও রোনালদো তার আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকখানি এগিয়েই ছিলেন এই লড়াইয়ে। রোনালদোর ৪৪৬ পয়েন্টের বিপরীতে মেসির পয়েন্ট ২৮১। ১৭৯ পয়েন্ট পেয়ে দু জনের চেয়ে বেশ পেছনে থেকেই তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তরেসকে।
১৯৬৮তে জর্জ বেস্টের পর প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় হিসাবে এই পুরস্কার জিতে রোনালদোর তাই আহ্লাদে আটখানা হওয়ার দশা! পুরস্কারটা জেতার পর দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে স্বাভাবিকভাবে উচ্ছ্বাসের তীব্রতাই সবার আগে ফুটে উঠলো তার কণ্ঠে, "মাত্র ২৩ বছর বয়সে এই পুরস্কার জয় সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। কারণ মাত্র কয়েক বছর আগে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি।" মেসি-তরেসদের মতো প্রতিভাবানদের হারাতে পেরেও তিনি দারুণ আনন্দিত, "এ বছর এই লড়াইয়ে (লিওনেল) মেসি, (ফার্নান্দো) তরেস আর জাভির মতো বড় বড় নাম ছিল বলে এটা একটা দুর্দান্ত অর্জন। এদের যে কেউ পুরস্কারটা জিততে পারতো। যাহোক, সবচেয়ে বড় কথা হলো এটা পেয়ে আমি দারুণ খুশি।"
গত মৌসুমে ৪২ গোল করে ম্যানইউ'র ইংলিশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বিশাল ভূমিকা রাখা রোনালদো কিন্তু এমন আনন্দঘন মুহূর্তে প্রিয় বন্ধুদের কথা ভুলে যাননি। সবাইকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি জানিয়েছেন এই পুরস্কার জয়ে আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না তার মনে, "আমাকে সেরা হতে যারা সাহায্য করেছে সেই সতীর্থদের ধন্যবাদ জানাতেই হবে। আমি এটা জিততে পারবো কি না সে সম্পর্কে মোটেও শঙ্কিত ছিলাম না, কারণ গত মৌসুমটা দুর্দান্ত কাটানোর ব্যাপারে সবসময়ই অবগত ছিলাম আমি।"
তবে ইউসেবিও ও লুই ফিগোর পর তৃতীয় পর্তুগিজ হিসাবে ব্যালন ডি' অর জিতলেও মাটিতেই পা আছে রোনালদোর। জীবনের অন্যতম খুশির দিনেও সে কথা জানাতে ভুললেন না তিনি, "এটা আমার জীবনের অন্যতম সুখময় দিন। যারা আমাকে চেনে কিংবা যারা আমার সঙ্গে থাকে তারা ভালোভাবে বুঝতে পারবে যে এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। তবে আগামীকাল সকালে যখন প্র্যাকটিসে নামবো তখন আমি সেই একই ব্যক্তিই থাকবো।"
গত মৌসুমে দুর্দান্ত খেললেও এবার রোনালদোর খেলায় আগের সেই ঝলক অনেকটাই অনুপস্থিত। তার তুলনায় মেসির পারফরম্যান্স অনেক বেশি উজ্জ্বল। তাই মেসির বদলে রোনালদো ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় বহু ফুটবলপ্রেমীই বিস্মিত। তবে মেসি নিজে কিন্তু অন্য ইি ঙ্গত দিয়েছিলেন। সোমবার এবারের ব্যালন ডি' অর ঘোষিত হওয়ার আগেই বার্সেলোনা-তারকা জানিয়ে দিয়েছিলেন রোনালদোর জোরালো সম্ভাবনার কথা, "আমি মনে করি ব্যালন ডি' অর খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। সে (রোনালদো) চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। (ইংলিশ) প্রিমিয়ার লিগও সে জিতেছে। তাই আমার মনে হয় তার হাতেই পুরস্কারটা উঠবে।"
মেসির অনুমানই ঠিক। কয়েক দিন আগে ফিফপ্রো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। এবার তার সঙ্গে যোগ হলো ব্যালন ডি' অর বা ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। তবে এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ। ফুটবলারদের জন্য সবচেয়ে মর্যাদাজনক ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার আর সপ্তাহ দুয়েক পর ঘোষিত হবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। এই লড়াইয়েও তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসি। রোনালদো, মেসি না অন্য কেউ --- এ বছরের সেরা ফুটবলারের জন্যই এখন ফুটবল দুনিয়ার স্নায়ুছেঁড়া অপেক্ষা!
ব্যালন ডি' অর-এর সেরা দশ :
১. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/ম্যানচেস্টার ইউইনাইটেড) ৪৪৬ পয়েন্ট
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা) ২৮১ পয়েন্ট
৩. ফার্নান্দো তরেস (স্পেন/লিভারপুল) ১৭৯ পয়েন্ট
৪. ইকার ক্যাসিয়াস (স্পেন/রিয়াল মাদ্রিদ) ১৩৩পয়েন্ট
৫. জাভি (স্পেন/বার্সেলোনা) ৯৭ পয়েন্ট
৬. আন্দ্রেই আরশাভিন (রাশিয়া/জেনিত সেন্ট পিটার্সবার্গ) ৬৪ পয়েন্ট
৭. ডেভিড ভিয়া (স্পেন/ভ্যালেন্সিয়া) ৫৫ পয়েন্ট
৮. কাকা (ব্রাজিল/এসি মিলান) ৩১ পয়েন্ট
৯. জ
bdnews24