২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের সামনে আবাহনী ছিল রেলিগেশন লিগের দল!

পুরো ম্যাচে একটি মুহূর্তের জন্যও চেনা যায়নি বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে। চ্যাম্পিয়ন তো নয়ই, যেন রেলিগেশন লিগের একটি দল আকাশী-হলুদ জার্সি পড়ে খেলেছে! তাদের বিস্ময়কর অধঃপতনের পাশপাশি ব্রাদার্স ইউনিয়ন সীমিত সামর্থ্যরে পুরো প্রদর্শনী দেখিয়েছে। তার ফল ২-০ গোলে ম্যাচ জিতে প্রথমবারের মতো বি. লিগে জয় পেয়েছে ঢাকা আবাহনীর বিপক্ষে। সুবাদে ৮ ম্যাচে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ১৩ পয়েন্ট। লিগের দ্বিতীয় পরাজয়ের পরও অবশ্য আবাহনী ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- পুরো ম্যাচে একটি মুহূর্তের জন্যও চেনা যায়নি বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে। চ্যাম্পিয়ন তো নয়ই, যেন রেলিগেশন লিগের একটি দল আকাশী-হলুদ জার্সি পড়ে খেলেছে! তাদের বিস্ময়কর অধঃপতনের পাশপাশি ব্রাদার্স ইউনিয়ন সীমিত সামর্থ্যরে পুরো প্রদর্শনী দেখিয়েছে। তার ফল ২-০ গোলে ম্যাচ জিতে প্রথমবারের মতো বি. লিগে জয় পেয়েছে ঢাকা আবাহনীর বিপক্ষে। সুবাদে ৮ ম্যাচে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ১৩ পয়েন্ট। লিগের দ্বিতীয় পরাজয়ের পরও অবশ্য আবাহনী ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সত্যি অচেনা এক আবাহনী। যে দলে এখনকার সেরা খেলোয়াড়দের সমন্বয় সেই দলের পরিকল্পিত কোনো আক্রমণ নেই! নেই ডিফেন্স, নেই মিডফিল্ড ! মাঝমাঠ থেকে ভাল কোনো আক্রমণ হয়েছে, এমনটা দেখা যায়নি। নিজেরা নিখুঁতভাবে টানা চারটা পাস খেলেছে, এমন নজিরও নেই। তাদের পা থেকে বল কেড়ে নিয়ে ব্রাদার্স হানা দিচ্ছে আর কেঁপে উঠছে আবাহনীর ডিফেন্স, এমন দৃশ্যই দেখা গেছে বারবার। তিন-চার গোল হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল, সে হিসেবে দু' গোলের হারটাই বরং আবাহনীর ভাগ্য। অথচ প্রথম বি. লিগে আবাহনীকে একবারও হারাতে পারেনি ব্রাদার্স। একটি ম্যাচ ড্র হয়েছিল, আর অন্যটি জিতেছিল আবাহনী। ব্রাদার্সের সেই শক্তিও নেই এবার, অথচ এই সীমিত শক্তির দলটিই দুর্বার আবাহনীর বিপক্ষে! তাদের এই দাপটের মূল কারিগর মিডফিল্ডার জাহিদ হোসেন। জয়-আবুলদের ম্লান করে পুরো মাঝমাঠ দখল করে রেখেছিলেন জাতীয় দলের এই মিডফিল্ডার। আর শুরুতে গোল পেয়ে যাওয়ায় আত্মবিশ্বাসটাও এমন বেড়ে গিয়েছিল পুরো ম্যাচে আবাহনী ছিল অসহায়। গত ম্যাচে শেখ রাসেলের কাছে হার মানা গোপীবাগের দলটি ১০ মিনিটেই এগিয়ে যায় ডিভাইনের গোলে। ডানদিক থেকে শাকিলের কর্ণারে চমৎকার হেড করেছেন এই নাইজেরিয়ান। ব্রাদার্সের কোচ ওয়াসিম ইকবালও মানছেন শুরুতে গোল পাওয়াটাই কাজ দিয়েছে, "প্রতি ম্যাচেই আমরা ভাল খেলছি, সুযোগ তৈরি করছি কিন্তু গোল করার অদক্ষতা আমাদের পিছিয়ে দিচ্ছিল। এই ম্যাচে আগেভাগে গোল পাওয়ায় পুরো ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল।" নিয়ন্ত্রণটা ভালোমতো প্রতিষ্ঠা পায় ৩৯ মিনিটের দ্বিতীয় গোলে। সেই গোল জাহিদ হোসেনের ডানের পায়ের বুলেট গতির এক শট, যা আবাহনী গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য চোখে দেখেছেন কি না তাই নিয়েই অনেকের সন্দেহ। শটটাতে তার করার কিছু ছিল না ঠিক, কিন্তু সেই শটটা জাহিদ তো মারতে পেরেছিলেন বিপ্লবের ভুলের জন্যই। একটা আক্রমণে প্রায় মাঝমাঠে এসে তিনি বল ক্লিয়ার করেছিলেন আর সেটা গিয়ে পড়ে নিজেদের সীমানায় থাকা জাহিদের পায়ে। তিনি এগুতে এগুতে বিপ্লব গোলপোস্টে পৌঁছুলেও ওই তীব্র গতির শটের মুখে নড়াচড়া করার সুযোগই পাননি। পরে অবশ্য জাহিদকে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত করেছেন তিনি। ৯০ মিনিটের মাথায় জাহিদ তাকে একা পেয়ে গেলেও বিপ্লব দারুণ দক্ষতায় সেটা সামাল দেন। কিন্তু প্রথমার্ধে দুই গোলেই যে ম্যাচের নিয়তি নির্ধারিত হয়ে গেছে! দ্বিতীয়ার্ধে তিনজনকে বদল করেও আবাহনী আর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। তাদের উল্লেখ করার মতো আক্রমণ হচ্ছে ৪০ মিনিটে এমিলির একটা শট আর ইনজুরি টাইমে পোস্টের সামনে থেকে শাহজউদ্দিন টিপুর হেড বাইরে যাওয়া। আবাহনীর কোচ অমলেশ সেনও স্বীকার করেছেন, "আমার সুযোগই তৈরি করতে পারিনি। খুব বাজে ম্যাচ খেলেছে আমার দল।" এজন্য তিনি জ্বর ও ইনজুরিকে দুষছেন, "এমিলি, জয় ও ্ইব্রাহিম খেলেছে জ্বর নিয়ে। আর মামুন ও প্রাণতোষ ইনজুরিতে, এ অবস্থায় আমরা ম্যাচ খেলতে হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.