লন্ডন, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- পয়েন্ট তালিকার শীর্ষ দলের সঙ্গে ব্যবধান ১০, তারপরও আর্সেন ওয়েঙ্গার বলেই যাচ্ছিলেন এখনো শেষ হয়ে যায়নি তার দলের ইংলিশ লিগ জয়ের সম্ভাবনা। রোববার কোচের সেই কথা সত্যি প্রমাণ করার একটা আভাস দিয়েছে আর্সেনাল, শীর্ষে থাকা চেলসি ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে খানিকটা হলেও ফিরেছে তারা।
রোববারই 'ম্যানচেস্টার ডার্বি'তে সিটিকে ১-০ গোলে হারিয়ে লড়াই জমিয়ে তুলেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডও।
স্প্যানিশ আর ইতালিয়ান লিগের শীর্ষে থাকা বার্সেলোনা আর ইন্টার মিলানকে অবশ্য তেমন কোনো অঘটনের শিকার হতে হয়নি। নিজেদের ম্যাচে জিতে বার্সেলোনা শনিবারই নিশ্চিত করেছে লা লিগায় নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অন্তত ৪ পয়েন্টে এগিয়ে থাকা, রোববার ইন্টারের জয় আর প্রতিবেশি এসি মিলানের হার তারচেয়েও বেশি সংহত করেছে সিরি-আ'র শীর্ষে ইন্টারের অবস্থানকে। ন্যাপোলিকে ২-১ গোলে হারানোর পর হোসে মরিনিয়োর দল এখন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩, এদিনই পালের্মোর কাছে ১-৩ গোলে হেরে যাওয়া এসি মিলান আর জুভেন্টাস দুদলেরই ২৭।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনালের জয়ের নায়ক ছিলেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। ইয়োহান ডিয়োরুর আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে থাকা গানারদের পক্ষে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করেছেন তিনি। যদিও প্রথম গোলটি নিয়ে আপত্তি আছে চেলসির কোচ লুই ফেলিপ স্কলারির। তাঁর দাবি, ওই সময় অফসাইডে ছিলেন পার্সি।
ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছে রেড ডেভিলদের হয়ে ওয়েইন রুনির শততম গোল। তবে এই ম্যাচেই একটা ধাক্কাও খেয়েছে অ্যালেক্স ফার্গুসনের দল, কারণ তাদের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছে লালকার্ড দেখে।
এই জয়ের পর ১৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ২৬, এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৮। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চেলসি এখনো শীর্ষে আছে বটে, কিন্তু সোমবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারালেই তাদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে যাবে লিভারপুল।
সিরি-আ'তে ইন্টারকে জয় এনে দিয়েছে আইভান কর্দোবা আর সুলে মুনতারির গোল। কিন্তু তাদের সুবিধা করে দিয়েছে আসলে এসি মিলানের ব্যর্থতা। ইনজুরি আক্রান্ত কাকাকে ছাড়া খেলতে নামা মিলানের এই ব্যর্থতার দায় অনেকটাই নিতে হবে কাকার ব্রাজিলিয়ান সতীর্থ রোনালদিনিয়োকে। ম্যাচে কোনো গোল হওয়ার আগে মিলানকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু পেনাল্টি থেকে তার দুর্বল শট ঠেকিয়ে দিয়েছেন পালের্মোর গোলরক্ষক। তিন গোলে পিছিয়ে পড়ার পর আরেকটি পেনাল্টি পেয়ে দলের পক্ষে একমাত্র গোলটা অবশ্য করেছেন তিনিই।
বার্সেলোনাকে সে রকম কোনো সুযোগ দেয়নি ভিলারিয়াল আর ভ্যালেন্সিয়া। প্রিমেরা লিগার শিরোপা নিয়ে চতুর্মুখী লড়াইয়ে থাকা এই দুদলই রোববার জিতেছে নিজেদের ম্যাচে, জিতে টপকে গেছে শনিবার হেরে যাওয়া গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। রিক্রিয়েটিভো হেলভাকে ২-১ গোলে হারানো ভিলা রিয়াল ২৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে, রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়ে ভ্যালেন্সিয়া তাদের ১ পয়েন্ট পেছনে। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৩২, আর ২৬ পয়েন্ট নিয়ে রিয়াল আছে চতুর্থ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এসএইচ/১৫৩৮ ঘ.
bdnews24