ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- যেন মৃত্যুকূপ থেকে প্রাণ নিয়ে ফিরেছেন তারা। ম্যাচ শেষে মোহামেডানের খেলোয়াড়-কর্মকর্তাদের গলাগলি আর কোলাকুলির আতিশয্যে ভেসে যাওয়া দেখে তাই মনে হয়েছে। অথচ প্রতিপক্ষের নাম ফরাশগঞ্জ, তাদের বিপক্ষে ২-১ গোলে জয় এমনকি। কিন্তু মোহামেডান জানে এই ম্যাচ হারলে তাদের বি. লিগ শিরোপার স্বপ্ন ফিকে হয়ে যেতো। আর দলটাকে তখন চাঙ্গা রাখাও কঠিন হতো। সবচেয়ে বড় কথা টানা দ্বিতীয় পরাজয়ের দুয়ার থেকে ফিরেছে মোহামেডান জয় নিয়ে। যা পঞ্চম স্থান থেকে তাদের তুলে দিয়েছে তৃতীয়স্থানে, ৮ ম্যাচে সংগ্রহ ১৫ পয়েন্ট।
অনেক আশংকা শেষে পাওয়া এই জয় হাসি ফিরিয়ে দিয়েছে মারুফুল হকের মুখে। ম্যাচ চলাকালীন মোহামেডানের কোচের মনেও ঘুরে ফিরে আসছিল আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হারের স্মৃতি, "বারবার যখন মিস হচ্ছে তখন আমারও মনে হয়েছিল আবার বোধহয় হারতে যাচ্ছি।" পাশপাশি তার বিস্ময় জাগছে এই ভেবে, "সহজ সুযোগগুলো কেন মিস করছে খেলোয়াড়রা আমি বুঝতে পারছি না। কোথায় তাদের সমস্যা হচ্ছে, কী কারণে তাদের পারফরম্যান্স উঠা-নামা করছে আমি জানি না।" এই অধঃপতন কী পারিশ্রমিক না পাওয়ার জ্বালা থেকে ? না, তাতেও সায় দিচ্ছেন না মোহামেডান কোচ।
৭৬ মিনিটে নাটকীয়ভাবে ম্যাচের মোড় না ঘুরলে এই প্রশ্নগুলিই বড় হয়ে উঠতো সাদাকালো শিবিরে। কর্মকর্তাদের মুখগুলোতে কালো ছায়া যখন প্রলম্বিত হচ্ছে তখনই দুভার্গ্য ঝেড়ে জোগে উঠেন বুকোলা ওলালিখন। ফরাশগঞ্জের দুই ডিফেন্ডারের ওপর দিয়ে রিপন খান তুলে দিয়েছিলেন বলটি। তাতে দারুন এক সাইড-ভলি মেরে এই নাইজেরিয়ান জাগিয়ে তুলেন মোহামেডান গ্যালারি। বুকোলার দুর্দান্ত সমতাসূচক গোলে ম্যাচে ফেরে পিছিয়ে পড়া মোহামেডান। অথচ ৫৫ মিনিটে তিনি কী দারুন সুযোগটাই না নষ্ট করেছেন। মিশরীয় মিডফিল্ডার হাজেম খালেদের লব আয়ত্তে নেন অফসাইড-ট্র্যাপ ভেঙ্গে, তারপর সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে তিনি বল প্লেস করেছেন ফরাশগঞ্জের পোস্টের বাইরে !
শুধু বুকোলার অবিশ্বাস্য মিস নয়, ওই সমতাসূচক গোলের আগ পর্যন্ত পুরো মোহামেডানই ভাগ্য-বিপর্যয়ের শিকার হয়েছিল। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফয়সাল মাহমুদের ফ্রি-কিকে রবিনের সাইড-ভলি গিয়ে লাগে ক্রসবারে। একইভাবে এই ক্রসবার বাধা হয়ে দাঁড়ায় ৭৩ মিনিটে ডি-বক্সের ওপর থেকে নেওয়া শরীফের শটে। ৪১ মিনিটে অবশ্য বল গোল-লাইন অতিক্রম করতে দেন ফরাশগঞ্জের অফ্রিকান ডিফেন্ডার এমেকা। সেটা ছিল নাসিরের সাইভলিতে রবিনের টোকা।
অন্যদিকে ফরাশগঞ্জ প্রথম সুযোগেই গোলের দেখা পেয়ে গেছে। সেটাকে সুযোগ বললেও বেশি বলা হয়। কারণ ২৮ মিনিটে জনসনের মাইনাসে বক্সের ওপর থেকে এনামুল আচমকা শটে গোল করে চমকে দিয়েছেন সবাইকে। চমকে গেছেন মোহামেডান গোলরক্ষক আমিনুলও তবে দায় এড়াতে পারেন না। এই গোলটাকে ধরে রাখার লড়াইয়ে নামে ফরাশগঞ্জ দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে যেভাবে খেলেছিল, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপারগুলো একেবারে তুচ্ছ হয়ে যায় তাদের কাছে।
সেখানেই হয়েছে তাদের ভুল। সুবাদে মোহামেডান ফাঁকা পেয়ে যায় মাঝমাঠ। যেখানে তারা প্রথমার্ধে একেবারে সুবিধা করতে পারেনি। এবার সাদাকালোরা বিনা বাধায় সেই ফাঁকা মাঠ পেরিয়ে ঝাঁপিয়ে পড়ে ফরাশগঞ্জের ওপর। আক্রমণের স্্েরাত বইয়ে দিয়ে অবশেষে তারা সফল হয়েছে ৭৬ মিনিটে। সেটা ড্র করার স্বস্তি। কিন্তু ওই আক্রমণের তোপ ধরে রেখে ৯০ মিনিটে নাটকীয়ভাবে পেয় যায় জয়সূচক গোলটিও ! কারণ ফরাশগঞ্জের ডিফেন্সের আর কোনো বাধ ছিল না। তার সঙ্গে যোগ হয়েছে বদলি গোলরক্ষক আল-আমিনের বোকামি, অনেকখানি বেরিয়ে এসে হাজেম খালেদের শটটি পাঞ্চ করলেও তা বেশি দূর যায়নি। নাসিরের পায়ে গিয়ে পড়ে এবং বুদ্ধিমত্তার সঙ্গে তিনি সবার মাথার ওপর দিয়ে বল ফরাশগঞ্জের জালে পাঠিয়ে দিয়ে দুর্দান্ত এক জয় উপহার দেন দলকে।
দলকে গোলরক্ষক আল আমিনের ভুলের মাশুল গুনতে হলেও ফরাশগঞ্জ কোচ কামাল বাবু অবশ্য হারের জন্য বাজে রেফারিংকে চিহ্নিত করেছেন। তার অভিযোগ অনুযায়ী অফসাইডে থেকে গোল করেছেন বুকোলা।
রেফারি আজাদ রহমানের চোখে অবশ্য ওই গোলে নির্দোষ। সেই গোলটিই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২৫ঘ.
bdnews24