মাদ্রিদ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিওনেল মেসির জোড়া গোলে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। কিন্তু রিয়াল মাদ্রিদের দুর্দিন কাটছেই না। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগের ম্যাচে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা, আর চির প্রতিদ্বন্দ্বী রিয়াল গেটাফের কাছে ১-৩ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনার অবস্থানটা আরো সংহত হয়েছে।
ইতালিয়ান সিরি-আ'র সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাসও জয়ের ধারায় ফিরেছে এদিন, রেজিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে তারা।
শনিবার রিয়াল আর বার্সেলোনা দুদলই খেলতে নেমেছিল প্রতিপক্ষের মাঠে। তবে দুদলকে দেখা গেছে একেবারেই ভিন্ন চেহারায়। ২০ মিনিটেই স্যামুয়েল এতো'র গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য ছিল পুরো ম্যাচে। সেভিয়ার রক্ষণভাগকে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়েছে মেসি, এতো'দের ঠেকাতে। ৭৯ মিনিট পর্যন্ত সেটা পেরেছেও তারা, তবে বাকি সময়ে দুটি গোল করে মেসি স্কোরলাইনটাকে ম্যাচের সত্যিকারের প্রতিফলন করে তুলেছেন। এই আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেছেন একেবারে শেষ মিনিটে, আর তার আগেই স্বাগতিকদের দুর্দশায় যোগ হয়েছে আরেকটি মাত্রা - ৮৬ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুই ফ্যাবিয়ানোকে।
অন্য দিকে ইনজুরির কারণে নিয়মিত একাদশের জনা-সাতেক খেলোয়াড়কে বাইরে রেখে মাঠে নামা রিয়ালকে দেখে মনেই হয়নি তারা গতবারের চ্যাম্পিয়ন। আগের ম্যাচেই বার্সেলোনার সঙ্গে ড্র করা গেটাফের উরুগুইয়ান ফরোয়ার্ড হুয়ান অ্যালবিনই সর্বনাশটা করেছেন তাদের। তৃতীয় মিনিটেই বাঁ দিক থেকে উড়ে আসা এক ক্রসে মাথা ছুঁইয়ে স্বাগতিকদের এগিয়ে নিয়েছেন তিনি, আর বিরতির পর খেলা শুরু হওয়ার দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন। সেটা অবশ্য আরো আগেই হতে পারতো যদি না বিরতির ঠিক আগে গেটাফের একটা পেনাল্টির দাবি উপেক্ষা করতেন রেফারি।
৫৫ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার হাভিয়ের স্যাভিয়োলার গোলে ক্ষণিকের জন্য ম্যাচে ফিরেছিল চ্যাম্পিয়নরা, কিন্তু ৮২ মিনিটে সেই অ্যালবিনেরই পাস থেকে তৃতীয় গোল করে সেই সম্ভাবনার কবর দিয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ইকেচুকু উচে।
১৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ৩২, নিকটতম প্রকিদ্বন্দ্বী রিয়াল তাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে। রোববার লা লিগার দুর্বলতম দল রিক্রিয়েটিভো হেলভাকে হারাতে পারলে অবশ্য রিয়ালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে যাবে ভিলারিয়াল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৫।
সিরি-আ'তে জুভেন্টাসের জয়ে দারুণ অবদান রেখেছেন মাউরো ক্যামেরোনেসি। ভাঙা হাত নিয়ে খেলতে নেমে এই মিডফিল্ডারই সূচনা করেছেন দলের গোল উৎসবের। ২৮ মিনিটের ওই গোলের পর বিরতির ঠিক আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আমাউরির করা দ্বিতীয় গোলটি গড়েও দিয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য আর মাঠে নামেননি ক্যামোরোনেসি, কিন্তু তাতে একটুও কমেনি জুভেন্টাসের আক্রমণের ধার। ৬০ মিনিটে ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনি করেছেন দলের পক্ষে দ্বিতীয় গোল আর ম্যাচের একেবারে শেষ দিকে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে আলেসান্দ্র দেল পিয়েরো করেছেন তুরিনের 'ওল্ড লেডি'দের হয়ে তার ২৫০তম গোলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৫২ ঘ.
bdnews24