২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর পর মোহামেডানকেও হারিয়ে দিল রহমতগঞ্জ

আবাহনীর পর এবার মোহামেডানের ঐতিহ্যে একটা ঘা দিয়েছে রহমতগঞ্জ। বি. লিগ শুরু করেছিল তারা ঢাকা আবাহনীকে হারিয়ে, এরপর একে একে চট্টগ্রাম ও খুলনা আবাহনীকে হারায় তারা। শুধু আবাহনীকে হারিয়েই থেমে থাকতে যে তারা রাজি নয় সেটা জানিয়ে বৃহস্পতিবার হারিয়ে দিল মোহামেডানকেও। আর দুর্দান্ত এই জয়ে ৮ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এল রহমতগঞ্জ। ঢাকা মোহামেডান ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবাহনীর পর এবার মোহামেডানের ঐতিহ্যে একটা ঘা দিয়েছে রহমতগঞ্জ। বি. লিগ শুরু করেছিল তারা ঢাকা আবাহনীকে হারিয়ে, এরপর একে একে চট্টগ্রাম ও খুলনা আবাহনীকে হারায় তারা। শুধু আবাহনীকে হারিয়েই থেমে থাকতে যে তারা রাজি নয় সেটা জানিয়ে বৃহস্পতিবার হারিয়ে দিল মোহামেডানকেও। আর দুর্দান্ত এই জয়ে ৮ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এল রহমতগঞ্জ। ঢাকা মোহামেডান ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে। রহমতগঞ্জ জিতেছে চারটি ম্যাচে, আর সবগুলো জয়ই আবাহনী-মোহামেডানের বিপক্ষে। বড় দলকে সামনে পেলেই যেন উজ্জিবীত হয়ে উঠেন রহমতগঞ্জের খেলোয়াড়রা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও তারা শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করে খেলেছে মোহামেডানের ওপর। তাই ম্যাচ শেষে মোহামেডানের কোচ মারূফুল হকও স্বীকার করে নিলেন, "ওরা আমাদের চেয়ে ভাল ফুটবল খেলেছে। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ওদের পায়ে।" কোনো বিভাগেই সেরাটা খেলতে পারেনি মোহামেডান। একটু চাপেই হা হয়ে গেছে ডিফেন্স। সেই সুযোগে ২৩ মিনিটের মাথায় তারা গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। ২৩ মিনিটে জাহাঙ্গীরের মাইনাসে বক্সের ওপর থেকে হীরক জোয়ার্দারের দুর্দান্ত শটটি গোলরক্ষক আমিনুল হক নৈপুন্যের সঙ্গে ঠেকাতে না পারলে তখনই পিছিয়ে পড়ে মোহামেডান। কিন্তু মিনিট তিনেক পরে সেই আমিনুলও হতবাক ইদ্রিস কাসিরির তীব্র গতির কোনাকুনি হেড দেখে। ডানদিক থেকে জাহাঙ্গীর পাটোয়ারীর কর্নারটি আনমার্কড থাকা এই উগান্ডান স্ট্রাইকারের মাথায় এসে পড়লে গোলরক্ষের অসহায় আত্মসমর্পন করা ছাড়া কোনো উপায় ছিল না। ১-০ গোলে এগিয়ে থাকায় পুরনো ঢাকার এই দলটি দ্বিতীয়ার্ধে মাঠে নামে খানিকটা রক্ষনাত্মক হয়ে। মোহামেডানের আক্রমন ঠেকিয়ে দ্রুত পাল্টা আক্রমণে উঠবে। এই কৌশলেও তারা ভয়ংকর হয়ে ওঠে ইদ্রিস ও ফ্রান্সিসের মতো দুজন দ্রুত গতির ফরোয়ার্ড থাকায়। ৫১ মিনিটে মাঝমাঠ থেকে ইদ্রিস যে বলটি বানিয়ে দেন তাতে ফ্রান্সিসের নেওয়া দুর্দান্ত ভলিটি সেভ করেন আমিনুল। ৬৪ মিনিটেও ত্রাতা এই গোলরক্ষক। ডিফেন্ডার জুয়েল রানাকে দৌড়ে পেছনে ফেলে ইদ্রিস কাসিরি বল নিয়ে ঢুকে গেলেও গোলরক্ষক আমিনুল ছোঁ মেরে বল তুলে নেন। আর এসব দেখে রহমতগঞ্জের কোচ গোলাম আজিজ জিলানীর মনে হয়েছে, "দিনটি আসলে আমাদেরই ছিল। আমরা সাধারণত যে গতিতে খেলি তার সঙ্গে আজ তারা মেলাতে পারেনি মোহামেডান। তারা আমাদের চেয়ে ভাল দল কিন্তু খারাপ দিন গেছে তাদের।" দিন খারাপ যাওয়ার পেছনে বড় কারণ নিয়মিত একাদশের তিনজনের অনুপস্থিতি। সৈকত, আরমান আজিজ ও শরীফ না থাকায় মোহামেডানের মাঝমাঠ একেবারে ফাঁকা হয়ে যায়। কিন্তু ম্যাচ শেষে কোচ মারূফুল হক বলেছেন, "এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলতে হবে ভেবে আমি তাদের বিশ্রাম দিয়েছি।" সেটাই কাল হয়েছে। দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার শরীফ যখন বদলি হয়ে নামেন তখন রহমতগঞ্জের ডিফেন্স প্রাচীর হয়ে গেছে। তার মধ্যেও একটি সুযোগ পেয়েছিল মোহামেডান। ৬৮ মিনিটে তাদের রবিনকে রহমতগঞ্জের আশরাফ ফাউল করলে রেফারি তৈয়ব হাসান পেনাল্টির বাঁশি বাজান। কিন্ত ফাউল ডি বক্সের ভেতরে না বাইরে এ নিয়ে তর্ক শুরু হয়। রহমতগঞ্জের খেলোয়াড়রা বক্সের বাইরে হয়েছে দাবি করে প্রায় ৮ মিনিট খেলা বন্ধ রেখে প্রতিবাদ জানায়। পরে দলের কর্তারা বুঝিয়ে-শুনিয়ে বললে তারা খেলায় ফেরেন। ফিরে লাভই হয়েছে। কারণ অবিশ্বাস্যভাবে বুকোলার পেনাল্টি শটটি ক্রসবার উঁচিয়ে যায় এবং তাতেই আসলে মোহামেডানের হার নিশ্চিত হয়ে যায়। লিগের সপ্তম ম্যাচে মোহামেডানের প্রথম হারের পর নানা গুঞ্জন ডালাপালা মেলতে শুরু করেছে। কোচ-খেলোয়াড়দের পারিশ্রমিক বাকি পড়ে যাওয়ায় শতভাগ দেয়নি বলেও অভিযোগ উঠেছে। কোচ মারূফুল হক অবশ্য বলেছেন, "সেরকম কিছু হয়নি, আমরা ভাল খেলতে পারিনি।" তিনি গত তিনদিন দলকে প্র্যাকটিস না করানোর প্রসঙ্গও উঠেছে। তার কারণ কী পারিশ্রমিক না পাওয়া? মারূফুলের জবাব, "না, আমার শরীর খারাপ হয়েছিল।" সত্য-মিথ্যা যাই হোক, এই ম্যাচ হেরে মোহামেডান লিগ শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.