২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করে অনিশ্চয়তার মধ্যে চেলসি

হেরে গেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উঠতে সমস্যা হয়নি ইন্টার মিলানের। অথচ ড্র করেও অনিশ্চয়তার মধ্যে গতবারের রানার্সআপ চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 09:37 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

বেলগ্রেড, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হেরে গেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উঠতে সমস্যা হয়নি ইন্টার মিলানের। অথচ ড্র করেও অনিশ্চয়তার মধ্যে গতবারের রানার্সআপ চেলসি। গ্র"প পর্বের আর মাত্র এক রাউন্ড বাকি থাকলেও 'এ' গ্র"প থেকে এখনো কোনো দল পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে পারেনি। বুধবার নিকোলাস আনেলকার ৬০ মিনিটের গোলে এগিয়ে গিয়েও বোর্দোর মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি চেলসি। ৮৩ মিনিটে কর্নার থেকে অ্যালু দিয়ারার হেড এক পয়েন্ট এনে দিয়েছে ফরাসী ক্লাবটিকে। ম্যাচে সমতা আসার তিন মিনিট পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের লালকার্ড আরো বেশি লজ্জায় ফেলে দিয়েছে চেলসিকে। ৫ ম্যাচ থেকে 'ব্লুজ'-এর সংগ্রহ ৮ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে এই গ্র"পের শীর্ষে আছে রোমা। অন্য ম্যাচে তারা সিএফআর ক্লুজকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। প্রতিপক্ষের মাঠে ইতালিয়ান সিরি 'আ'র বর্তমান রানার্সআপদের হয়ে দুই গোল করেছেন ম্যাতেও ব্রিগি। অন্য গোলটা দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক ফ্রানসেস্কো টট্টির। তবে জয় পেলেও শেষ ষোল এখনো নিশ্চিত হয়নি রোমার। কারণ ৭ পয়েন্ট নিয়ে বোর্দো আছে তৃতীয় স্থানে। আগামী ৯ ডিসেম্বর শেষ রাউন্ডে চেলসি-ক্লুজ এবং রোমা-বোর্দোর লড়াইয়ের পরই জানা যাবে গ্র"প 'এ' থেকে কোন্ দুটো দল নকআউট পর্বে উঠবে। 'বি' গ্র"পে নিজেদের মাঠে গ্রিক ক্লাব প্যানাথিনাইকোসের কাছে বিস্ময়করভাবে ০-১ গোলে হেরে গেছে ইন্টার মিলান। তবে তারপরও ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে সাইপ্রাসের অ্যানোর্থোসিস ফার্মাগুস্তার মাঠে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ওয়ার্ডার ব্রেমেন ২-২ গোলে ড্র করার জন্যই হেরে গিয়েও ইন্টার এখন নির্ভার। ৭ পয়েন্ট নিয়ে এই গ্র"পের দ্বিতীয় স্থানে আছে প্যানাথিনাইকোস। ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই অ্যানোর্থোসিসের অবস্থান। ড্র করে ব্রেমেনের অবশ্য কোনো লাভ হয়নি। কারণ তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। শেষ রাউন্ডে প্যানাথিনাইকোস অ্যানোর্থোসিসের এবং ইন্টার মুখোমুখি হবে ব্রেমেনের। ২০০৫-০৬ মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা 'সি' গ্র"প থেকে আগের রাউন্ডেই নিশ্চিত করে ফেলেছিল শেষ ষোল। সেই আনন্দের সুখস্মৃতি নিয়ে বুধবার তারা স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। লিসবনে 'বার্সা'র হয়ে গোলগুলো করেছেন থিয়েরি অঁরি, জেরার্ড পিকিউ, লিওনেল মেসি ও পেনাল্টি থেকে বোজান কিরকিচ। স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে থাকা ক্যাটালান ক্লাবটির অন্য গোলটি আত্মঘাতী। ৫ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ১৩ পয়েন্ট, আর স্পোর্টিংয়ের ৯। গ্র"পের অন্য ম্যাচে জ্যাডসনের হ্যাটট্রিকে শাখতার ডোনেৎসক (৬ পয়েন্ট) ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাসেলকে (১ পয়েন্ট)। 'ডি' গ্র"পে আগেই শেষ ষোল নিশ্চিত করে ফেলা লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেয়েছে নিজেদের ম্যাচে। অধিনায়ক স্টিভেন জেরার্ডের লক্ষ্যভেদে টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়ন লিভারপুল ১-০ গোলে হারিয়েছে অলিম্পিক মার্সেইকে। অন্য ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো। লিভারপুল ও অ্যাটলেটিকো দু দলেরই সংগ্রহ ১১ পয়েন্ট করে। ৫ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট করে সংগ্রহ করায় মার্সেই ও আইন্দহোভেনকে তাই একরাশ হতাশা নিয়ে বিদায় নিতে হচ্ছে ইউরোপের সেরা ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত টুর্নামেন্ট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২৩ঘ.