মাদ্রিদ/রোম, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় টানা দশম জয়ের আনন্দে মেতে উঠতে পারেনি বার্সেলোনা। তার একটা কারণ কি লিওনেল মেসির অনুপস্থিতি? বাঁ উরুর পেশিতে টান পড়ায় রোববার গেটাফের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছে মেসিকে। আর্জেন্টাইন তারকাকে না পাওয়ার অভাব অনুভব করা 'বার্সা'ও জিততে পারেনি ম্যাচটা, ড্র করেছে ১-১ গোলে। যদিও লিগের শীর্ষস্থান হাতছাড়া হয়নি ক্যাটালান ক্লাবটির।
জিততে পারেনি এসি মিলানও। ইতালিয়ান সিরি 'আ'তে তোরিনোর সঙ্গে ২-২ গোলে ড্র করায় শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়েছে তারা। মিলানের হোঁচটে সবচেয়ে বেশি লাভ হয়েছে ইন্টার মিলানের। প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বীর চাইতে ৩ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থান সুসংহত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা ২০ মিনিটের সময় পিছিয়ে পড়েছিল মানু দেল মোরালের গোলে। স্যামুয়েল এ'তোর শট ক্রসবারে লেগে ফিরে না এলে বিরতির আগেই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। শেষ পর্যন্ত 'বার্সা' সমর্থকদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছেন সেইদু কেইতা। ৭১ মিনিটে গোলরক্ষক ভিক্টর ভালদেসের ভুলের সুযোগে গেটাফেকে ২-০তে প্রায় এগিয়েই দিয়েছিলেন হুয়ান আলবিন। সেটা হয়নি, বরং পরের মিনিটেই ড্যানিয়েল আলভেসের দারুণ এক ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতা নিয়ে এসেছেন মালির মিডফিল্ডার কেইতা।
গোল শোধের পর এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগও এসেছিল বার্সেলোনার সামনে। কিন্তু কর্নার থেকে স্বাগতিকদের ডিফেন্ডার জেরার্ড পিকিউর হেড ক্রসবারের ওপর দিয়ে উঠিয়ে সে যাত্রা গেটাফেকে রক্ষা করেন আর্জেন্টাইন গোলরক্ষক রবার্তো আবোনদেনজিয়েরি। আর তাই দুই পয়েন্ট নষ্ট করার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে 'লা লিগা'য় আগের ৯ ম্যাচে জয় পাওয়া বার্সেলোনাকে।
তারপরও ১২ রাউন্ডশেষে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ৩ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনে চিরপ্রতিদ্বন্দ্বী ও গত দু বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান। ২৫ পয়েন্ট নিয়ে বর্তমান রানার্সআপ ভিলারিয়াল আছে তৃতীয় স্থানে। ভ্যালেন্সিয়া ও সেভিয়া দু দলেরই সংগ্রহ ২৪ পয়েন্ট করে। যদিও ভালো গোলগড়ের সুবাদে ভ্যালেন্সিয়ার অবস্থান চতুর্থ।
সিরি 'আ'তে তোরিনোর মাঠ থেকে দুর্ভাগ্যজনকভাবে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি মিলান। ২৫ মিনিটে রবার্তো স্তেলোনি স্বাগতিকদের এগিয়ে দিলেও চার মিনিট পর মিলান সমতায় ফিরেছে আলেকজান্দ্রে পাতোর গোলে। এবং সেই আনন্দ উপভোগ করতে করতেই ৩৪ মিনিটে রোনালদিনিয়োর দুর্দান্ত এক ফ্রিকিক এগিয়ে দিয়েছে ইতালির অন্যতম সফল ক্লাবটিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে তোরিনোর ফ্রানসেস্কো প্রাতালির হ্যান্ডবলের কারণে মিলানের পেনাল্টির দাবী রেফারি বাতিল না করলে ব্যবধান আরো বাড়িয়েও নিতে পারতো তারা।
ভাগ্যের কী নির্মম পরিহাস, ৭৮ মিনিটে তোরিনোর সমতাসূচক গোলেরও জন্ম হ্যান্ডবলজাত পেনাল্টির মাধ্যমে! জর্জিয়ান ডিফেন্ডার কাখা কালাদজে বক্সের মধ্যে হ্যান্ডবল করলে এবার আর পেনাল্টির বাঁশি বাজাতে ভুল হয়নি রেফারির। সুযোগটার সদ্ব্যবহার করে স্বাগতিকদের মূল্যবান একটি পয়েন্ট এনে দিয়েছেন আলেসান্দ্রো রোসিনা।
আগের দিন জুভেন্টাসকে হারিয়ে দেয়া ইন্টার সেজন্য সবচেয়ে বেশি লাভবান। ১৩ ম্যাচ থেকে ইতালিয়ান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৩০ পয়েন্ট। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মিলান আছে দ্বিতীয় স্থানে। রোববারই ক্যালিয়ারির সঙ্গে ২-২ গোলে ড্র করা নাপোলি এবং জুভেন্টাসের সংগ্রহ ২৪ পয়েন্ট করে। তবে গোলগড়ে এগিয়ে থাকায় জুভেন্টাসের অবস্থান তৃতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৪ঘ.
bdnews24