ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ৫৮ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন হয়েছে এই বাজেট।
এবার বাজেটের বড় একটা অংশ যাবে এসএ গেমসের অবকাঠামো উন্নয়নে। আগামী ২০১০ সালের জানুয়ারিতে ঢাকায় হবে দক্ষিণ এশীয় গেমস, তার আয়োজন সফল করতে বিভিন্ন ভেন্যুর সংস্কার কাজের জন্য ২৩ কোটি টাকা উন্নয়ন বাজেট ধরা হয়েছে।
বাজেটের বাকি অর্থ ব্যয় হবে রাজস্ব খাতে। তাতে আছে ক্রীড়া পরিষদের কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা, ফেডারেশনের জন্য অনুদান, বিভিন্ন খেলায় প্রতিভা অন্বেষণ কর্মসূচীর জন্য বরাদ্দ ইত্যাদি। রোববার পরিষদ সভাপতি জেনারেল মইন উ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বাজেট অনুমোদন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২৫ঘ.
bdnews24