২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের জয়, আর্সেনালের হার

ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারের গোলে কোনো রকমে দু:সময় কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার দুর্বলতম দলগুলোর একটি, রিক্রিয়েটিভো হেলভাকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

মাদ্রিদ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারের গোলে কোনো রকমে দু:সময় কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার দুর্বলতম দলগুলোর একটি, রিক্রিয়েটিভো হেলভাকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। কিন্তু ইংলিশ লিগে আর্সেনালের দু:সময় কাটছেই না। শনিবার প্রিমিয়ার লিগের 'নতুন শক্তি' ম্যানচেস্টার সিটির কাছে ০-৩ গোলে হেরে শিরোপা লড়াই থেকে আরো পিছিয়ে পড়েছে গানাররা। শনিবারের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অবশ্য হয়েছে ইতালিয়ান লিগে। সিরি-আ'র দুই বড় দলের লড়াইয়ে ঘানার মিডফিল্ডার সুলে মুন্তারির দেওয়া একমাত্র গোলে শীর্ষে থাকা ইন্টার মিলান হারিয়েছে জুভেন্টাসকে। প্রিমিয়ার লিগে শনিবারের দিনটা অবশ্য সব বড় দলের জন্যই কেটেছে খারাপ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসি আর লিভারপুল আর গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডও গোলের দেখা পায়নি এদিন। নিজের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ড্র করে চেলসি হারিয়েছে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ। স্ট্যামফোর্ড ব্রিজে এই ম্যাচটি শুরু হওয়ার আগেই লিভারপুল ফুলহ্যামের সঙ্গে ড্র করায় সুযোগটা এসেছিল তাদের সামনে। আর ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে অ্যাস্টন ভিলা। দলের লড়াকু মানসিকতা নিয়ে প্রশ্ন তোলায় আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার এদিন মাঠেই নামাননি অধিনায়ক উইলিয়াম গ্যালাসকে। কিন্তু তার সতীর্থরা এই ম্যাচেও ভুল প্রমাণ করতে পারেননি গ্যালাসের সংশয়। স্টিফেন আয়ারল্যান্ড, রবিনিয়ো আর ড্যানিয়েল স্টারিজের তিন গোলে হেরে শীর্ষে থ্কাা চেলসি ও লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছে গানাররা। ১৪ ম্যাচে চেলসি ও লিভারপুলের সংগ্রহ ৩৩ পয়েন্ট করে, আর্সেনালের ২৩ আর এক ম্যাচ কম খেলে ম্যান ইউর পয়েন্ট ২৫। শনিবারের জয় রিয়ালকে আপাতত নিয়ে গেছে প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তবে সেটা সম্ভব হয়েছে দারুণ ফর্মে থাকা ভিলারিয়ালের অপ্রত্যাশিত হারে। ঠিক আগের ম্যাচেই রিয়ালকে হারিয়ে দেওয়া রিয়াল ভ্যালাদোলিদের কাছে ০-৩ গোলে হেরে শেষ হয়েছে ভিলারিয়ালের ১৭ ম্যাচের অপরাজেয় অভিযাত্রা। কাকতালীয়ভাবে এই অভিযাত্রার শুরুটা হয়েছিল মে মাসে ভ্যালাদোলিদকেই হারিয়ে! ১২ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৬, আর ভিলারিয়ালের ২৫। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৭ ঘ.