২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ

দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে টুর্নামেন্টের ১৯তম বাছাই নরওয়ের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে টুর্নামেন্টের ১৯তম বাছাই নরওয়ের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে বাংলাদেশ দল। জার্মানির ড্রেসডেনে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টের উন্মুক্ত বিভাগে বৃহস্পতিবারের এই ম্যাচে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ড্র করেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের চার নম্বরে থাকা নরওয়েজিয়ান গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করেছেন। আরেক গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ড্র করেছেন গ্র্যান্ড মাস্টার লেইফ এরলেন্ড-এর সঙ্গে আর এনামুল হোসেন রাজীব জিতেছেন জিএম লাই কিয়েটিলের বিপক্ষে। ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল তারচেয়ে কম রেটিংধারী আন্তর্জাতিক মাস্টার জন লুডভিগের কাছে হেরে না গেলে জিততেই পারতো বাংলাদেশ। মেয়েদের বিভাগে অবশ্য বৃহস্পতিবার আরেকটি খারাপ দিন গেছে বাংলাদেশের। সপ্তম রাউন্ডে মন্টিনিগ্রোর কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। কেবল তনিমা পারভীন ড্র করতে পেরেছেন তারচেয়ে কম রেটিংধারী সানিয়া মিসোভিচের সঙ্গে। হেরেছেন সৈয়দা শাবানা পারভীন নীপা, নাজরানা খান ইভা আর শামীমা আখতার লিজা। সাত রাউন্ড শেষে ৯ ম্যাচ পয়েন্ট ও ১৭ গেম পয়েন্ট নিয়ে উন্মুক্ত বিভাগের ১৫৪ দলের মধ্যে বাংলাদেশ আছে ৩৭তম স্থানে। শীর্ষে আছে আর্মেনিয়া। আর বাংলাদেশের মেয়েরা ৬ ম্যাচ পয়েন্ট ও ১২.৫ ম্যাচ পয়েন্ট নিয়ে ১১৪ দলের মধ্যে আছে ৬৯তম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৫২ ঘ.