২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার অভিষেকের অপেক্ষায় ফুটবল বিশ্ব

খেলোয়াড়ী জীবনে তার সামনে নতজানু হয়ে পড়তো প্রতিপক্ষের ডিফেন্ডাররা। সারা দুনিয়া বিস্ময়ে তাকিয়ে থাকতো তার পায়ের জাদুর দিকে। এবার কোচ হিসাবে সেই বিস্ময় উপহার দেয়ার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ডিয়েগো ম্যারাডোনা। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা) গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে '৮৬ বিশ্বকাপে ফুটবল বিশ্বকে মোহিত করে আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়কের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

গ্লাসগো/রিও ডি জেনিরো, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খেলোয়াড়ী জীবনে তার সামনে নতজানু হয়ে পড়তো প্রতিপক্ষের ডিফেন্ডাররা। সারা দুনিয়া বিস্ময়ে তাকিয়ে থাকতো তার পায়ের জাদুর দিকে। এবার কোচ হিসাবে সেই বিস্ময় উপহার দেয়ার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ডিয়েগো ম্যারাডোনা। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা) গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে '৮৬ বিশ্বকাপে ফুটবল বিশ্বকে মোহিত করে আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়কের। বুধবারই আর্জেন্টিনার প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও নামতে হবে মাঠে। আরেকটি প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পর্তুগাল। ম্যাচটার ভেন্যু ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। তবে শুধু ব্রাজিল-আর্জেন্টিনাই নয়, বুধবার বিশ্বের বেশির ভাগ ফুটবল পরাশক্তিই নিজেদের শক্তিমত্তা-দুর্বলতা পরখ করে নিতে প্রীতি ম্যাচের আবহে মাঠে নামছে। সে সব ম্যাচের মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ড ও জার্মানি, ফ্রান্স ও উরুগুয়ে, নেদারল্যান্ডস ও সুইডেন, ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চিলি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও গ্রিসের লড়াই। কিন্তু সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক। তার একটাই কারণ --- সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের জাদুর স্পর্শে তার দল দুঃসময়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে কি-না তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা এখন রীতিমতো অধীর! বেইজিং অলিম্পিকে ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখলেও আর্জেন্টিনার মূল জাতীয় দল বেশ কিছু দিন ধরেই ব্যর্থতার বৃত্তে বন্দী। সর্বশেষ আট ম্যাচে মাত্র একবার জয়ের আনন্দে মেতে উঠতে পেরেছে তারা। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির কাছে হেরে যাওয়ার পর আর ধৈর্য্য ধরে রাখতে পারেননি আলফিও বাসিলে। ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বাসিলের উত্তরসূরী হিসাবেই আবার ফুটবল দুনিয়ার রঙ্গমঞ্চে ম্যারাডোনার আবির্ভাব। ফুটবলার হিসাবে তার কীর্তি আর অর্জনের কাছে সবাই নতজানু, অবিসংবাদিতভাবে তিনি একজন গ্রেট ফুটবলার। কিন্তু কোচিংয়ে অনভিজ্ঞতার কারণে নতুন ভূমিকায় ম্যারাডোনা কতটা সফল হতে পারবেন তা নিয়ে বুয়েনস এইরেস থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্বেই বিতর্কের ঝড় চলছে। ম্যারাডোনা নিজে অবশ্য সেই বিতর্ককে মোটেও পাত্তা দিতে রাজি নন। দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, "অবশ্যই এটা একটা নতুন সূচনা। কিন্তু আমি এটাকে কোনো কিছু দেখাতেই হবে এ ধরনের মনোভাব নিয়ে দেখছি না। জাতীয় দলকে আমার সমর্থন আর অভিজ্ঞতা দেয়ার জন্যই আমি এখানে এসেছি।" সেই সঙ্গে নতুন শিষ্যদের প্রতি তার উদাত্ত আহ্বান, "ছেলেদের কাছ থেকে আমি খুব বেশি কিছু চাইছি না। আমি শুধু তাদের ম্যারাডোনার জন্য খেলার আহ্বান জানাবো।" নতুন মিশনের শুরুতে দলের দু জন গুরুত্বপূর্ণ সদস্যকে অবশ্য পাচ্ছেন না তিনি। বার্সেলোনা ও বোকা জুনিয়র্স ছাড়তে রাজি না হওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি ও হুয়ান রিকুয়েলমে। তবে সেজন্য মোটেও দুশ্চিন্তায় আক্রান্ত নন আর্জেন্টাইন ফুটবলের 'প্রতীক', "তাদেরকে পেলে আমি খুশিই হতাম। তবে রিকুয়েলমে আর মেসিকে না পেলেও আর্জেন্টিনার পক্ষে তো হাত-পা গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। আমাদের বিকল্পের খোঁজ করতে হবে এবং আমাদের তা আছেও।" কয়েক বছর আগে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ম্যারাডোনা তার প্রথম মিশনের প্রথম একাদশ কিভাবে সাজান তা নিয়েও ভীষণ কৌতূহলী ফুটবল-অনুসারীরা। রিকুয়েলমের অনুপস্থিতিতে প্লেমেকারেরর দায়িত্ব পেতে পারেন আর্জেন্টাইন ক্লাব ইনডিপেনডিয়েন্টের ড্যানিয়েল মন্টেনেগ্রো। কার্লোস তেভেজের পজিশন, বাসিলের সময়ে উপেক্ষিত কিন্তু ম্যারাডোনার প্রথম দলে সুযোগ পাওয়া পোর্তো মিডফিল্ডার লুচো গনজালেজ কিংবা এ মৌসুমে নাপোলির জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া এজেকুইয়েল লাভেজ্জির প্রথম একাদশে থাকার বিষয়েও অনেকের মনে আগ্রহের ঢেউ। বুধবারের ম্যাচটা ম্যারাডোনাকে ফিরিয়ে নিতে পারে ২৯ বছর আগে তার জীবনের এক আনন্দঘন দিনেও। ১৯৭৯ সালের সেই দিনটিতে আর্জেন্টিনা-স্কটল্যান্ডের এক প্রীতি ম্যাচে ১৮ বছরের তরুণ ম্যারাডোনা ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন প্রতিপক্ষের ডিফেন্সকে, দলকে এনে দিয়েছিলেন ৩-১ গোলের জয়। স্কটল্যান্ডের সেই দলের ডিফেন্ডার জর্জ বারলি স্কটিশদের বর্তমান দলটির কোচ। সেদিনের তিক্ত অভিজ্ঞতা ভুলে তিনি বহু দিন ধরে ম্যারাডোনার গুণমুগ্ধ ভক্ত। তবে বারলির সহকারী টেরি বুচারকে বোধহয় এখনো তাড়া করে ফেরে ২২ বছর আগের সেই দুঃসহ যন্ত্রণা। '৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সর্বকালের সেরা এবং ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত বা 'হ্যান্ড অব গড' গোল করে ইংল্যান্ডকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছিলেন ম্যারাডোনা। সেদিন মাঠে থেকে বিখ্যাত ও কুখ্যাত গোল দুটো তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি বুচার। বুধবার ম্যারাডোনাকে সামনে পেয়ে তার প্রতিক্রিয়া কী হয় সেটাও এই ম্যাচের আরেকটি আগ্রহের বিষয়! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৪০ঘ.