২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরবাসীর শ্রদ্ধায় সিক্ত হয়ে বিদায় নিলেন অরুন নন্দী

অরুন কুমার নন্দী চাঁদপুরবাসীর বিনম্র শ্রদ্ধায় সিক্ত হলেন। ঢাকা থেকে সড়ক পথে মঙ্গলবার বিকেল ৪টার দিকে অরুন নন্দীর মৃতদেহ তাঁর নামে প্রতিষ্ঠিত 'অরুন নন্দী সুইমিং ক্লাব' চত্বরে এসে পৌঁছলে সেখানে হাজার হাজার লোক শেষবারের মতো এই সাঁতারুকে একনজর দেখার জন্য ভিড় জমায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চাঁদপুর, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অরুন কুমার নন্দী চাঁদপুরবাসীর বিনম্র শ্রদ্ধায় সিক্ত হলেন। ঢাকা থেকে সড়ক পথে মঙ্গলবার বিকেল ৪টার দিকে অরুন নন্দীর মৃতদেহ তাঁর নামে প্রতিষ্ঠিত 'অরুন নন্দী সুইমিং ক্লাব' চত্বরে এসে পৌঁছলে সেখানে হাজার হাজার লোক শেষবারের মতো এই সাঁতারুকে একনজর দেখার জন্য ভিড় জমায়। কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনগুলো তাদের এই প্রাণপ্রিয় সাঁতারুকে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করে। তাঁর মৃতদেহ নেয়ার সময় রাস্তার দু'ধারে থাকা হাজারো মানুষ তাকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে ছিল। এরপর তাকে 'অরুন নন্দী সুইমিং ক্লাব' প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসক আ ক ম শাহীদুর রহমান, পুলিশ সুপার কৃষ্ণপদ রায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান আরশাদ আলীসহ বিভিন্ন শ্রেণী, পেশা ও ক্রীড়া সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে অরুন নন্দীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, বাংলাদেশ সুইমিং ফেডারেশন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা, মালেক স্মৃতি সুইমিং একাডেমী, অরুন নন্দী সুইমিং ক্লাব, চাঁদপুর সুইমিং ক্লাব, চাঁদপুর পৌরসভা ও জেলা সাঁতার উপ-কমিটি, চাঁদপুর প্রেসক্লাব। এরপর চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম হয়ে তার মৃতদেহ আসে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে। এ সময় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে তাঁর কফিন কালীবাড়ি মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রাতে তাকে শহরের ইচলী ঘাট এলাকায় অবস্থিত চাঁদপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই দাহ করা হয় অরুন কুমার নন্দীকে। অরুন কুমার নন্দীকে দাহ করেন তার ভাগিনা পলাশ কুমার শিকদার। গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় কলকাতায় বোনের বাড়িতে মারা যান এই খ্যাতিমান সাঁতারু। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাগাদী গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/২১৫০ঘ.