ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- 'কমিটমেন্ট আর ডিসিপ্লিনের' ঝান্ডা উড়িয়ে বাংলাদেশ দল দুটো টুর্নামেন্ট খেললেও নিট ফল শূন্য। আর সেখান থেকেই ফুটবল ফেডারেশনের নতুন উপলব্ধি হয়েছে, এই ন্যূনতম শক্তির দল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ কিছু করা যাবে না।
মঙ্গলবার বাফুফে ভবনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "মিয়ানমারে আমাদের দলের কমিটমেন্ট, ডিসিপ্লিন সবই ছিল। আসলে যেটা বুঝলাম, এরকম শক্তির দল নিয়ে আমাদের ভাল করার সুযোগ নেই।" তিনি বাংলাদেশ দলের সঙ্গে গিয়েছিলেন ম্যানেজার হয়ে। নিজের চোখে দেখেছেন মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ড্র এবং ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচ দুটো। প্রস্তুতি ছাড়া গিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের এই ফলকে তার মেনে নিতেই হচ্ছে। কারণ বাদল রায় নিজের চোখেই দেখেছেন, অন্যান্য দল আমাদের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং প্রস্তুতি নিয়ে খেলতে গেছে।
বাংলাদেশের সম্বল ছিল 'কমিটমেন্টে ও ডিসিপ্লিন'। গত মারদেকা কাপের আগে থেকেই শব্দ দুটো শোনা যাচ্ছে বাফুফে কর্তাদের মুখে। তাতে দলে অনৈক্যের সুর কেটে গেছে, মাঠে নেমে খেলোয়াড়রা সাধ্যমতো ঝাঁপাচ্ছেন কিন্তু ৫টি ম্যাচের একটিও জিততে পারেনি বাংলাদেশ। বাদল রায় বলেছেন, "খেলোয়াড়রা চেষ্টা করেছে। তবে মারদেকা কাপের চেয়ে মিয়ানমারে আমরা খারাপ খেলেছি।" কারণ আমাদের ফুটবলের সার্বিক অধঃপতন। বাফুফে সহ-সভাপতি ম্যাচের উদাহরণ টেনে বলেছেন, "মিয়ানমারের খেলোয়াড়দের সঙ্গে দৌড়েও আমরা পারছি না। আসলে আমরা লড়াইয়ের জন্য শারীরিকভাবেও যথেষ্ট তৈরি নই। আমাদের স্থানীয় লিগ দুর্বল বলে, ক্লাবগুলোতে ভাল মানের কোচ-ট্রেনার না থাকায় খেলোয়াড়রা কঠিন লড়াইয়ের জন্য তৈরি হতে পারছে না। খেলোয়াড়দের সামর্থ্য বাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে আমাদের জিমনেসিয়াম ও ট্রেনারের ব্যবস্থা করতে হবে।"
ইতিমধ্যে বাফুফের নতুন কমিটি একটি জিমনেসিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে। পাশপাশি ক্লাবগুলোকেও পুরনো মানসিকতা ঝেড়ে পেশাদার হয়ে উঠার তাগিদ দিয়েছেন বাদল রায়। কারণ ক্লাবগুলোই খেলোয়াড় তৈরি করে।
দুটো টুর্নামেন্টে দেখে শফিকুল ইসলাম মানিকের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছিল। নতুন কোচের দৃষ্টিভঙ্গি এবং কী দিতে পেরেছেন বা দিতে পারেননি, এর বিশদ বিশ্লেষণে না গিয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়াম্যান বলেছেন, "তার পারফরম্যান্সে আমরা অখুশি নই। তিনি দলকে তৈরি করারও সুযোগ পাননি, এরপরও যা করেছেন তা খারাপ নয়। তাই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আমরা সুপারিশ করবো বাফুফের কাছে।" মানে নভেম্বরে মানিকের প্রাথমিক মেয়াদ শেষ হলেও তার সঙ্গেই চুক্তি নবায়ন হচ্ছে এবং তিনিই থাকছেন বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.
bdnews24